ফিরছেন না জন স্নো
'গেইম অফ থ্রোনস' এর নতুন সিজন শুরু হচ্ছে অল্প ক’দিন পরেই। সিরিজটির সবচেয়ে জনপ্রিয় চরিত্র জন স্নো মৃতই থাকবেন, না পুনরুজ্জীবিত হবেন- তা নিয়ে চলছে এখনও জল্পনা-কল্পনা। তবে এখনও পর্যন্ত ভক্তদের জন্য নেই কোন সুখবর। কেননা এইচবিও তাদের এই সিরিজের ষষ্ঠ সিজনের প্রথম পর্বের বর্ণনায় বলছে, জন স্নো এখন মৃত।
পঞ্চম সিজনের শেষ পর্বে কিট হ্যারিংটন অভিনীত স্নো চরিত্রটির আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়ে সিরিজটির ভক্তমহল। জন স্নো ফিরছে কিনা- এ নিয়ে বিস্তর বিতর্ক চলেছে বছর জুড়েই। কেউ বলছেন জীবিত অবস্থায় জন স্নো'র ফেরার কোন সম্ভাবনা নেই। আবার এর তীব্র বিরোধিতা করে আত্মবিশ্বাস নিয়ে অনেক ভক্তই প্রত্যাশায় রয়েছেন স্নো'র রাজসিক প্রত্যাবর্তনের।
অবশ্য পর্বের শিরোনামটি নিয়ে অনেকেই আশা প্রকাশ করছন, কেননা সিরিজটির পূর্বের গল্পানুসারে এই 'রেড উওম্যান' ই পারেন মৃতকে পুনরায় জীবিত করতে। অনেক ভক্তই তাই ধরে নিয়েছেন, রক্তবর্ণ চুলের মেলিসান্দ্রেই আবার ফিরিয়ে আনবেন জন স্নো'কে।
'দ্য রেড উওম্যান' শিরোনামের এই পর্বটিতে আরও দেখা যাবে বন্দী ড্যানেরিস টারগেরিয়ানকে, যে দেখা পায় এক ‘শক্তিশালী পুরুষের’। আর নির্বাসিত সার্সেই দেখা পাবে তার মেয়ের।
নতুন সিজনে দর্শকদের জন্য নাটকীয় যে চমকগুলো অপেক্ষা করছে, সেটারও কিছুটা আভাস পাওয়া গেছে সিরিজটির বর্ণনা থেকে।
এইচবিও’র তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, "ক্যাসল ব্ল্যাক বিদ্রোহীদের হাতে জন স্নো'র মর্মান্তিক মৃত্যু, মিরিন যুদ্ধের ময়দানে ড্যানেরিসের মৃত্যুর হাত থেকে ফিরে আসা এবং কিংস ল্যান্ডিং এর রাজপথে সার্সেইকে জনসম্মুখে অপমান- পঞ্চম সিজনের শেষে হতবাক করে দেওয়া এমন কিছু ঘটনার পর ওয়েস্ট্রোস এবং এসোস-এর বেঁচে যাওয়া প্রত্যেকেই একত্রিত হবে যার যার অনিশ্চিত পরিণতি'র পথে।"
আগের চেনামুখগুলো ছাড়াও এবারের সিজনেও আবির্ভাব ঘটবে আরও কিছু নতুন চরিত্রের।
এব্যাপারে বলা হয়,"পরিচিত মুখগুলো হাতে হাত মেলাবে কৌশলী এই বেঁচে থাকার লড়াইয়ে, আর ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথের ক্ষমতা'র ভারসাম্যকে চ্যালেঞ্জ জানাতে উত্থান ঘটবে নতুন কিছু চরিত্রের"
সিরিজটির ষষ্ঠ সিজন এইচবিও তে প্রচারিত হবে এপ্রিলের ২৬ তারিখ থেকে।
