নতুন মোড়কে 'স্টার ওয়ার্স'
‘স্টার ওয়ার্স’ ভক্তদের কাছে ‘এপিসোড সেভেন: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এর রেশ এখনও কাটেনি। এর মধ্যেই নতুন মোড়কে 'স্টার ওয়ার্স' আসছে একেবারে ভিন্ন এক গল্প নিয়ে। সিরিজটির স্পিন অফ প্রিকুয়েল গল্প 'রৌগ ওয়ান: এ স্টার ওয়ার্স স্টোরি'-এর ট্রেইলার মুক্তি পেয়েছে সম্প্রতি।
'স্টার ওয়ার্স' এর মূল গল্প থেকে একেবারেই আলাদা এই নতুন সিনেমাটির গল্প। সিরিজের বাইরে তিনটি নতুন সিনেমার মধ্যে প্রথমটিই হতে যাচ্ছে ‘রৌগ ওয়ানঃ এ স্টার ওয়ার্স স্টোরি’। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া সর্বপ্রথম স্টার ওয়ার্স সিনেমা 'এ নিউ হোপ'-এর কাহিনীরও আগের সময় এবং চরিত্র নিয়ে এগোবে সিনেমাটির গল্প।
প্রায় দু মিনিটের দীর্ঘ ট্রেইলারটিতে প্রথমেই দেখা মিলবে স্পিন অফ সিরিজের মূল চরিত্র জিন এরসো'র, যার চরিত্রে অভিনয় করেছেন 'দ্য থিওরি অফ এভরিথিং' খ্যাত তারকা ফেলিসিটি জোন্স। তরুণ, বিদ্রোহী জিনকে দ্য রেসিস্টেন্স' প্রথমে আটক করলেও পরে তাকে নিজেদের দলেরই অংশ করে নেয় তারা। এদিকে গ্যালাকটিক এম্পায়ার নির্মাণ করছে ভয়ঙ্কর এক মারণাস্ত্র 'ডেথ স্টার’। এম্পায়ারকে ঠেকাতে জিনকে দেওয়া হয় এক অভিযানের দায়িত্ব। এখান থেকেই শুরু হয় বিপ্লবী জিনের এম্পায়ারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়াস।
যেহেতু 'এ নিউ হোপ' গল্পের পটভূমি থেকে কিছুটা পেছনের কাহিনী নিয়ে সিনেমাটি এগোবে, সেক্ষেত্রে ভক্তরা বেশ কিছু চেনা চরিত্রগুলোকে সিনেমায় খুঁজে পাবেন নতুন করে। ফিরছেন মন মথমা; 'রেসিস্ট্যান্স' এর এই অন্যতম দলপতিকে শেষ বার দেখা গিয়েছিল 'রিটার্ন অফ দ্য জেডাই' সিনেমাতে। এদিকে ট্রেইলারটিতে জেইনের চরিত্রটিতে দেখে অনেকেই ধারণা করছেন, 'দ্য ফোর্স অ্যাওইকেন্স' এর কেন্দ্রীয় চরিত্র রেই-এর মা হতে পারেন তিনি।
ফেলিসিটি জোন্স ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন ম্যাডস মিকেলসেন, ডিয়েগো লুনা, রিজ আহমেদ, ডনি ইয়েন এবং ফরেস্ট হুইটেকার। গ্যারেথ এডওয়ার্ডস-এর পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে ডিসেম্বরের ১৬ তারিখে।
