২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যুষার আত্মহত্যা: প্রেমিকের বিরুদ্ধে মামলা

ভারতীয় টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির মৃত্যুর পর সন্দেহের আঙুল উঠেছিল তার প্রেমিক রাহুল রাজ সিং-এর দিকেই। যদিও তার মৃত্যুকে আত্মহত্যা বলছে পুলিশ, প্রত্যুষার মায়ের দাবী তাকে সে পথ বেছে নিতে প্ররোচিত করেছেন প্রেমিক রাহুল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 12:31 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

মেয়েকে আত্মহননে প্ররোচিত করার অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা করেছেন প্রত্যুষার মা সোমা ব্যানার্জি। সম্প্রতি বাঙ্গুর নগর থানায় এফআইআর দায়ের করেন সোমা। খবরটি নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ।

অভিযোগে বলা হয়,  প্রত্যুষাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন রাহুল।

বাঙালি প্রত্যুষা ২০১০ সাল থেকে মুম্বাইয়ে কাজ করছেন। তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধূ’র মাধ্যমে। ১ এপ্রিল নিজের ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ২৪ বছর বয়সী এই অভিনেত্রীর দেহ। তাকে ঐ অবস্থায় প্রথম দেখেন রাহুল।

ঘটনার দুদিন পর রাহুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তবে মানসিকভাবে ভেঙে পড়ার কারণ দেখিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

প্রত্যুষার মৃত্যুর পর তার সহকর্মী এবং ঘনিষ্ঠ বন্ধুদের বেশিরভাগই বলছেন, রাহুলের সঙ্গে সম্পর্কের টানাপড়েন তার আত্মহননের কারণ হতে পারে। এমনও শোনা যাচ্ছে, রাহুলের সাবেক প্রেমিকা সালোনি প্রত্যুষাকে নিয়মিত মানসিক নির্যাতন করতেন।

তরুণী এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে পুরো ভারতীয় বিনোদন জগত যেন থমকে গেছে। অবশ্য পরিচালক মহেশ ভাটের ভাষ্যে, খ্যাতির চূড়ায় পৌঁছানোর যাত্রায় অভিনেত্রীদেরকে নানা ধরনের নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়।

"বিনোদন জগতে আমি এমন অনেক নারী শিল্পী দেখেছি, যাদের অনেক পসার, নারী জাগরনের ক্ষেত্রে তাদের শক্তিশালী মতামত রয়েছে। কিন্তু চার দেয়ালের ভেতর তারা এমন সব নির্যাতন সহ্য করে যা হয়ত গৃহকর্মীরাও মেনে নিবে না।"