২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম করছেন দুই 'গেইম অফ থ্রোন্স' তারকা?

বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল অনেকদিন ধরেই, প্রেম করছেন দুই 'গেইম অফ থ্রোনস' তারকা রোস লেইলি এবং কিট হ্যারিংটন। এবার রাখ ঢাক না করে অলিভিয়ের অ্যাওয়ার্ডসের লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। ইয়েগ্রিট আর জন স্নোর করুণ মৃত্যুতে তাদের পর্দা রসায়নের সমাপ্তি ঘটলেও তাদের বাস্তব জীবনে যে প্রেমের সুবাতাস বইছে তার প্রমাণ দিলেন হাতেনাতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 08:52 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

২০১২ সালে 'গেইম অফ থ্রোন্স’- এর সেটেই কিট এবং রোসের পরিচয় হয়। ঘনিষ্ঠতা ক্রমশ প্রেমে রূপ নিলেও বেশি দিন টেকেনি সম্পর্ক। তবে দুজনের বন্ধুত্ব ছিল অটুট। হাফিংটন পোস্ট বলছে, এ বছর দুজনের পুরোনো প্রেম চাঙা হয়েছে।

কিট এবং রোসের বন্ধু এমিলিয়া ক্লার্ক আগেই বিষয়টি নিশ্চিত করেছিলেন। এন্টারটেইনমেইন্ট টুনাইটকে দেয়া এক সাক্ষাৎকারে এ দুজনকে ইঙ্গিত করে তিনি বলেন, "হে ঈশ্বর! বুঝতেই পারছেন, আমরা আমাদের টিভি সিরিজটির মাধ্যমে ভালবাসা বিলাচ্ছি। এটা খুবই দারুণ একটি ব্যাপার।"

'গেইম অফ থ্রোনস' এর চতুর্থ সিজনের শেষেই অবশ্য সমাপ্তি ঘটেছে রোস লেইলির চরিত্র ইয়েগ্রিটের। আর জন স্নোকে দর্শক বিদায় জানিয়েছে পঞ্চম সিজনে। এইচবিওতে প্রচারিত জনপ্রিয় সিরিজটির ষষ্ঠ সিজন শুরু হচ্ছে এপ্রিলের ২৬ তারিখে।