২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াকু এক নির্মাতার প্রয়াণ

বাংলাদেশে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন একদল নারী। তারা বিভিন্ন ভাবে কর্তৃপক্ষের নির্যাতন ও বৈষম্যের শিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 06:50 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

বিশেষভাবে তারা যৌন হয়রানির শিকার। এক সময় প্রতিবাদী হয়ে ওঠেন তারা। বাঁশ হাতে ঘিরে ধরেন নির্যাতনকারীকে। নারীদের সম্মিলিত প্রতিরোধের মুখে পালাতে পথ পায় না অপরাধী। এমনি প্রতিবাদী বক্তব্য নিযে ‘পালাবি কোথায়’ ছবিটি নির্মাণ করেছিলেন সদ্য প্রয়াত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন।

বাংলাদেশের চলচ্চিত্রে মার্শাল আর্ট এবং মারদাঙ্গা ধারার পথিকৃৎ হিসেবে গণ্য হলেও তার পরিচালিত ছবিগুলোর মধ্যে অন্যরকম একটি চেতনাও ছিল। সেগুলো নিছকই মারদাঙ্গা নয়, এর মধ্যে ছিল স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টা রুখে দাড়ানোর কথা, ছিল শুভের জয় ও অশুভের পরাজয়ের কথা। শহীদুল ইসলাম খোকন প্রকৃত অর্থেই ছিলেন শুভ চেতনার ধারক।

সদ্য প্রয়াত শহীদুল ইসলাম খোকন পরিচালনা করেছিলেন ‘পালাবি কোথায়’, ‘লালসবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ঘাতক’- এর মতো শুভ চেতনাবাহী চলচ্চিত্র।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয় করে নবাগত শিমলা শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন। শুধু শিমলা নয়, আরো অনেক নতুন মুখকে রূপালি ভুবনে নিয়ে আসেন শহীদুল ইসলাম খোকন, যারা পরবর্তীতে প্রতিষ্ঠা পেয়েছিলেন।

শিমলা, তামান্না, ড্যানি সিডাক, ইলিয়াস কোবরা, সিরাজ পান্না, মিশেলার মতো অনেক শিল্পী চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তার হাত ধরে। হুমায়ূন ফরিদীর মতো প্রতিভাবান অভিনেতারও বাণিজ্যিক চলচ্চিত্রে যাত্রা শুরু হয় শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ চলচ্চিত্রের মাধ্যমে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক রুবেলের রূপালি ভুবনে অভিষেক ঘটে শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’র মাধ্যমেই। তার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবিগুলোও এসেছে শহীদুল ইসলাম খোকনের পরিচালনাতেই।

শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় রূপালি জগতে এসেছিলেন নায়িকা তামান্না। সুইডেন প্রবাসী এই নায়িকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“শহীদুল ইসলাম খোকন ছিলেন একজন অত্যন্ত গুণী পরিচালক। তার পরিচালিত ‘ভণ্ড’ ছবির মাধ্যমে আমি অভিনয় শুরু করি। সে ছবিতে কাজ করতে গিয়ে দেখেছি নিজের কাজের প্রতি কতো গভীর নিষ্ঠা ছিল তার। প্রতিটি দৃশ্য যেন নিখুঁত হয়, অভিনয় যেন সাবলীল হয়, সেজন্য বারে বারে দৃশ্য ধারণে তার কোনো ক্লান্তি ছিল না। তার মৃত্যুতে চলচ্চিত্র জগতের বড় ক্ষতি হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। কারণ তিনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন।”

চিত্র পরিচালক মাসুদ পারভেজের (সোহেল রানা) সহকারী হিসেবে দীর্ঘ দশ বছর কাজ করেছিলেন শহীদুল ইসলাম খোকন। পরবর্তীতে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় পাঁচটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন সোহেল রানা। ১৯৮৭ সালে প্রথমবারের মতো শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘বীরপুরুষ’ ছবিতে অভিনয় করেন তিনি।

আশির দশকে শহীদুল ইসলাম খোকন ছবি পরিচালনা শুরু করেন। তার পরিচালিত প্রথম ছবি ‘রক্তের বন্দী’ বাণিজ্যিক সাফল্য পায়নি। কিন্তু তিনি হতাশ হননি। আশির দশকে সারা বিশ্বেই মার্শাল আর্ট চলচ্চিত্রে জনপ্রিয়তা পায়। চলচ্চিত্র সম্পর্কে দুরদর্শী শহীদুল ইসলাম খোকন বুঝতে পেরেছিলেন বাংলাদেশের চলচ্চিত্রেও মার্শাল আর্ট একদিন তার নিজস্ব জায়গা করে নেবে।

তাই প্রথমবারের ব্যর্থতা সত্ত্বেও মার্শাল আর্টভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করতে থাকেন তিনি। সাফল্য পেলেন তৃতীয় ছবি ‘লড়াকু’র মাধ্যমে। রুবেল-খোকন জুটি সফল হয়। ‘লড়াকু’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। রুবেল-খোকন জুটি আরো অনেক সফল ছবি উপহার দেন দর্শককে।

আশির দশকের শেষে এবং নব্বইয়ের দশকে মার্শাল আর্টভিত্তিক ছবির সুবাদে এদেশের চলচ্চিত্র জগতে প্রথম সারির পরিচালক হয়ে ওঠেন শহীদুল ইসলাম খোকন।

শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘বজ্রমুষ্ঠি’(১৯৮৯), ‘কমান্ডার’, ‘বিশ্বপ্রেমিক’(১৯৮৫), ‘টাকা’(২০০৫),‘ঘাতক’, ‘রাক্ষস’, ‘ভণ্ড’, ইত্যাদি ছবি বাণিজ্যিক সফলতার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পায়।

তার অনেক চলচ্চিত্রে তিনি স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টা ও সন্ত্রাসীদের অশুভ তৎপরতা দেখিয়েছেন। সে কারণে মৌলবাদীদের রোষানলেও পড়তে হয় তাকে।

‘পালবি কোথায়’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি নারী অধিকারের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। হুমায়ূন ফরিদী প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছিলেন শাবানা, চম্পা, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন ও হুমায়ূন ফরিদী। বাণিজ্যিক ধারার এ ছবিটি ছিল কমেডি ঘরানার। কিন্তু এর মধ্য দিয়েই শহীদুল ইসলাম খোকন তুলে ধরেছিলেন কর্মক্ষেত্রে নারীর প্রতি বিভিন্ন বৈষম্য ও যৌন হয়রানির বিষয়টি। নারী নির্যাতনের বিপক্ষে প্রতিবাদী বক্তব্যও ছিল এ ছবিতে। এ ছবিটি নির্মাণের সময় তিনি অর্থ সংকটে পড়ে উত্তরার বাড়ি বিক্রি করে দেন।

তিনি ভালো অভিনেতাও ছিলেন। বিভিন্ন টিভি নাটকে ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিফিল্মও তৈরি করেছেন।

এই মেধাবী পরিচালকের মৃত্যুতে এদেশের চলচ্চিত্র অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়। তবে দর্শকদের স্মৃতিতে চিরদিন বেঁচে থাকবেন বাংলা চলচ্চিত্রের গুণী পরিচালক শহীদুল ইসলাম খোকন।