২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরজা’র জয়রথ চলছেই

মুক্তির প্রথম ১০ দিনেই অর্ধ শত কোটি রুপি আয়ের পর এবার শত কোটি আয়ের দিকে এগিয়ে চলেছে ‘নিরজা’। সোনাম কাপুর অভিনীত সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে টেনে আনছে দর্শকদের। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 07:46 PM

Updated : 25 Jul 2022, 09:23 PM

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারী মুক্তি পাওয়া সিনেমাটি এখনও বক্স-অফিসে আসন ধরে রেখেছে। নতুন নতুন সিনেমা মুক্তি পেলেও নারীকেন্দ্রিক সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানছে। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৭৫ কোটি ৩৪ লাখ রুপি।

২১ কোটি রুপি বাজেটে নিমর্িত সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করে মাত্র ৪ কোটি ৭০ লাখ রুপি। কিন্তু পরের দুদিনেই আয়ের অঙ্ক বাড়তে শুরু করে। ভারতের ৬৭১টি সিনেমাহলে মুক্তি পাওয়া ‘নিরজা’ ভালো কাহিনি এবং অভিনয়ের জোরে মন জয় করতে থাকে সকলের।

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করেন, “সিনেমাটির জন্য সকলের ভালবাসা বিস্ময়করভাবে ঝরে পড়ছে। ”

আন্তর্জাতিক বাজারেও বড় সাফল্যের মুখ দেখেছে সিনেমাটি। ভারতের বাইরে সিনেমাটির আয় ১০ কোটি ৭ লাখ রুপি। 

ভারতের ভেতরে এরই মধ্যে সবচেয়ে ব্যবসাসফল নারীকেন্দ্রিক সিনেমায় পরিণত হয়েছে ‘নিরজা’। আন্তর্জাতিক বাজারেও সেই রেকর্ড নিজের করেছে সিনেমাটি।  এখন পর্যন্ত যে কটি নারীকেন্দ্রিক হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে ভারতের বাইরে, সেগুলোর মধ্যে উদ্বোধনী সপ্তাহে 'নিরজা'র আয়ই সর্বোচ্চ।

‘নিরজা’র গল্প এগিয়েছে এক অসমসাহসী বিমান কর্মকর্তা নিরজা ভানোতকে ঘিরে, নিজের জীবন বিসর্জন দিয়ে যিনি ১৯৮৬ সালে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়েছিলেন প্যান অ্যামের যাত্রীদের। এই ২৩ বছর বয়সী নারীর ভূমিকায় সোনামের দূর্দান্ত অভিনয় মুগ্ধ করেছে সবাইকে।