'পুরুষ যৌনতার প্রতীক নয় কেন?'
বলিউডে অভিনেত্রী নেহা ধুপিয়ার অভিষেক হয়েছিল যৌনাবেদনময়ী নায়িকা হিসেবেই। জানালেন, তখন থেকেই তার মনে প্রশ্ন জাগতো, শুধু নারীরাই কেন যৌনতার প্রতীক?
নেহা বলেন, “এক সময় সবাই আমাকে নিয়ে আলোচনা করতো যৌনাবেদনময়ী অভিনেত্রী হিসেবে। তখন আমি ভাবতাম অভিনেতারা কেন যৌনাবেদনময় বলে আখ্যায়িত হন না। কিন্তু এখন যুগ পাল্টেছে ‘দোস্তানা’তে জন অ্যাব্রাহাম তার পশ্চাদ্দেশ কিছুটা উন্মুক্ত করেছেন। এরপর শাহরুখ খান ‘দারদ-এ-ডিস্কো’তে সিক্স প্যাক দেখিয়েছেন। এভাবে অভিনেতারাও এখন যৌনতার প্রতীক হয়ে দাড়িয়েছেন, এখন সব কিছু অনেক বদলেছে।‘
সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে নিয়মিত কাজ না করলেও টিভিতে দেখা যাচ্ছে ‘জুলি’ খ্যাত এই অভিনেত্রীকে। পাশাপাশি একটি গুঁড়ো সাবানের ব্র্যান্ডের সঙ্গে মিলে ‘শেয়ার দ্য লোড’ নামের কর্মসূচি শুরু করেছেন নেহা, সঙ্গে আছেন তার বাবা অবসরপ্রাপ্ত কমান্ডার প্রদীপ সিং ধুপিয়া।
‘শেয়ার দ্য লোড’ কর্মসূচি শুরু হয়েছে ভারতীয় গৃহিণীদের উদ্দেশ্যে, যাদের একাই পুরো সংসারের দায়িত্ব নিতে হয়। সাংসারিক কাজ পুরুষের জন্য অপমানজনক এমন ভ্রান্ত ধারণাকে ভেঙ্গে দেয়াই এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানালেন নেহা।
