২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুলফিকার’: দুর্দান্ত এক থ্রিলারের আভাস

উইলিয়াম শেক্সপিয়রের ‘জুলিয়াস সিজার’ নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য - সিজার বলছেন, “ভীতুরা প্রকৃত মৃত্যুর আগেই বারবার তার স্বাদ পায়। বীরের মৃত্যু একবারই হয়।” এই সংলাপ শোনা গেল প্রসেনজিৎ এর কণ্ঠে তবে একটু অন্য কায়দায়। কন্ঠ শোনা গেলেও দেখা দিলেন না প্রসেনজিৎ। বরং চোখে পড়লো শহর, বন্দর, ক্ষমতার খেলা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

সৃজিত আগেই জানিয়েছিলেন ইংরেজ নাট্যকারের দুই বিয়োগাত্মক নাটক ‘জুলিয়াস সিজার' ও ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা’ - অবলম্বনে লেখা চিত্রনাট্যে গড়বেন তার পরবতর্ী সিনেমা ‘জুলফিকার’।

ট্রেইলারের শুরুতেই জাহাজের সাইরেনের পাশাপাশি আজানের ধ্বণি এবং জাহাজ ও বন্দরের জেটি, কলকাতার রাজপথ, হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতুর দৃশ্য - সব একাকার। একটা চাপা উত্তেজনা জাগিয়ে এরপরই সিজারের সংলাপ এবং শেষ হতেই টানটান উত্তেজনাকর আবহসংগীতের পটভূমিতে একের পর রোমহর্ষক দৃশ্য। বাইক দৌড়, খাঁচায় মল্লযুদ্ধ, শিয়াদের মাতম, কাতারে দাড়ানো মুসলমান, দাঙ্গা, রক্ত, মৃত্যু - সব মিলিয়ে এক মিনিট ১৪ সেকেন্ডের টিজারটি রক্তপ্রবাহের গতি বাড়িয়ে দেয়।

২৫ মার্চ, ১৬১৬ - ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়র এবং তার পরিবার ও ভক্তদের জন্য উল্লেখযোগ্য দিন। এ দিনটিতেই তিনি স্বাক্ষর দেন তার শেষ উইলে, যার মাধ্যমে নিষ্পত্তি হয় তার সহায়-সম্পত্তির মালিকানার। এ দিন স্মরণেই প্রযোজনা সংস্থাটি সিনেমার লোগো ও টিজার-ট্রেইলার প্রকাশ করে ২৫ মাচর্।

সৃজিতের আগের সিনেমা ‘রাজকাহিনী’ ছিল নারীকেন্দ্রিক। এবার পুরুষশিল্পীদের প্রাধান্য থাকছে। সিনেমায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, দেব, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, রাহুল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সঙ্গে আরো আছেন পাওলি দাম, নুসরাত জাহান, কায়রা দত্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, ইতোমধ্যে ‘জুলফিকার’র শুটিং শেষ হয়েছে। পরিচালক টুইটারে জানান, ডাবিং চলছে।

সিনেমার জন্য গানের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, নচিকেতা চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল।

সাম্প্রতিক সময়ে অপর্ণা সেন শেক্সপিয়রের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে মুক্তি দিয়েছেন ‘আরশিনগর’। অঞ্জন দত্ত ‘হ্যামলেট’ অবলম্বনে নির্মাণ করছেন ‘হেমন্ত’।

সিনেমাটি এ বছর দূর্গা পুজা উপলক্ষে মুক্তি দেয়ার কথা ভাবা হচ্ছে।

 

পুরনো খবর:

দেব, প্রসেনজিৎকে নিয়ে 'জুলফিকার'
২০১৬তে টালিগঞ্জের প্রতীক্ষিত সিনেমাগুলো