২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারতীয় ছবি আনায় চেতনার লঙ্ঘন হচ্ছে না?'

১৩ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রেখে ৫০ বছরে অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী তিনি। তাকে ডাকা হয় ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে। তিনি সারাহ বেগম কবরী। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও বাঙালিই যার সবশেষ কথা।

সেঁজুতি শোণিমা নদী

ও আব্দুল মান্নান দীপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 12:24 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

গ্লিটজ: মুক্তিযুদ্ধের সময় আপনার যে অভিজ্ঞতা, সেটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নিতেন...

কবরী: মুক্তিযুদ্ধ কি কোনো অভিজ্ঞতা? মুক্তিযুদ্ধ হলো এক ধরনের ইমোশন। মুক্তিযুদ্ধ এক ধরনের দায়িত্ব। একজন মানুষের যখন জন্ম হয়, সে ধীরে ধীরে বেড়ে ওঠে, শিক্ষিত হয়, মনন তৈরী হয়, দেশের প্রতি দায়িত্ব জন্মায়, দেশকে ভালোবাসার আবেগ তৈরি হয়। আমার মনে হয়, মুক্তিযুদ্ধ সে রকমই এক ধরনের ইমোশন।

৪৭ সালে যখন দেশভাগ হয়, সেই ব্রিটিশবিরোধী আন্দোলনের পরে যখন আমরা পাকিস্তান হই, আমাদের তখন জন্মও হয়নি। কিংবা জন্ম হলেও আমরা তখন এতই ছোট যে, তখন আমরা বুঝতেও পারি নাই, দেশের জন্য লড়াই করার ব্যাপারটা কি। যাই হোক, যদি ঐভাবে আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে বিষয়টা এরকমই হবে যে মুক্তিযুদ্ধের সময়, কেউ কাউকে বলে দেয়নি যে, এই কাজটি তোমার, এই কাজটি আপনার, ঐ কাজটি অমুকের।

আসলে আজ যুদ্ধের ৪৪ বছর পরে যে কথাটি বলতে চাই, প্রতিবারই মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলে নতুন করে যেটা অনুধাবন করি, সেটা হলো, অনেক আন্দোলনের মধ্য দিয়ে, ৭১-এর আগে বঙ্গবন্ধুর ছয়দফা আন্দোলনের ডাকের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ভিত তৈরি হলো। আমরা কিন্তু যুদ্ধ করতে চাইনি, যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তরের কথা বলেছিলাম, যে কারণে পরে আমাদের ইলেকশনও দেয়া হল। ইলেকশনে আমাদের দল আওয়ামী লীগ জিতলো, বঙ্গবন্ধুর ছয় দফা দাবী একরকম তারা মেনেও নিল। কিন্তু শেষ মুহূর্তে বিট্রেও (প্রতারণা) তারা করলো, অত্যাচারও তারাই শুরু করলো। কিন্তু এরপর আমরা যখন মানলাম না, বঙ্গবন্ধু যখন মানলেন না, তখন তারা মনে করলেন, মেরে ধরে এদেরকে বাগে আনা যায় কিনা। কিন্তু মেরে ধরে যে কাউকে বাগে আনা যায় না, সেটা অনুধাবনের প্রতিফলন হিসেবেই কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম।

আমি তখন পলিটিশিয়ান ছিলাম না, একজন কালচারাল অ্যাকটিভিস্ট মাত্র। বঙ্গবন্ধু যা বলেছেন সেটাকেই সত্যি মনে করলাম। এরপর যখন পাকিস্তানিদের অত্যাচার শুরু হয়ে গেল, তখন আমি ভাবলাম এবং আমাদের যারা বন্ধু ছিল, তারাও বললো, এখানে আর থাকা যাবে না; এখান থেকে পালাতে হবে। এই পালাতে গিয়েই আমরা যুদ্ধে ঢুকে গেলাম। তখন তো বাঁচা মরার লড়াই। অবস্থা এরকম যে, ইচ্ছে না থাকলেও সবাই যুদ্ধে জড়িয়ে পড়ছে। আর সেই সঙ্গে সাংস্কৃতিক আন্দোলনটা যুদ্ধকে এমনভাবে এগিয়ে দিয়েছে, সংস্কৃতি যে বিশাল এক হাতিয়ার, সেটাও আমরা তখন বুঝতে পারলাম। কারণ, কোথাও গিয়েছি, একজন সাধারণ মানুষের চেয়ে আমাকে দেখা গেছে অনেক বেশি মানুষ চেনে। তাই আমি যা বলেছি, অনেক লোক তখন আমার পথের সাথী হয়েছে।

আকাশবাণী থেকে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আমার একটা ইন্টারভিউ করেছিলেন। আমি সেখানে বিশ্ববাসীর কাছে আবেদন করেছি যে, আমাদের দেশে লড়াই চলছে, পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা-বোনের উপর অত্যাচার চালাচ্ছে, দেশের মানুষকে মেরে ফেলছে। আমরা আমাদের স্বাধীনতা চাই। আমরা দেশে ফিরতে চাই। বিশ্ববাসী যেন আমাদের সাহায্য করে। এটা অনেক মুক্তিযোদ্ধা একেবারে মাঠের মধ্যে শুনেছে। তারা আমাকে যুদ্ধের পরে বলেছে যে, কবরী আপা, আপনার এই কথা আমরা মাঠের মধ্যে শুনেছি।

এখন মনে পড়ে, যুদ্ধের সময় শরণার্থী শিবিরে যখন গিয়েছি, আমাদের অবস্থা তখন অন্যদের চেয়ে ভাল। কারণ, ওই যে বললাম, আমরা তখন ‘চিহ্নিত চেহারা’। তখনও তো যোদ্ধা হইনি। প্রাণভয়ে পালিয়েই না মুক্তিযোদ্ধা হলাম। সব লোকই কিন্তু তাই করেছে। প্রাণভয়ে পালিয়ে ওখানে গিয়ে তারপরে যুদ্ধে নেমেছে। কারণ, তখন আমরা রিয়েলাইজ করলাম, আমাদের তো যুদ্ধ করতে হবে। সবদিক থেকে যদি পাকিস্তানিদের সরাতে হয়, তাহলে তো মানুষের সাপোর্ট লাগবে, কাজ করতে হবে। তারই লক্ষ্যে, কিন্তু মুক্তিযুদ্ধটা হয়েছিল।

অনেকে এখন অনেক রকমের কথা বলে, বাহাদুরী নেয়। বলে, আমরা এটা করেছি, ওটা করেছি। কিন্তু আমরা যে যুদ্ধ করেছি, সেটা কয়েকশ বছরেও আসে না। আর তাই মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, এটা যারা যুদ্ধে অংশ নিয়েছে, তারা ছাড়া এটা কাউকে বোঝানোই সম্ভব না, বর্ণনাও করা সম্ভব না।

গ্লিটজ: শুধু মুক্তিযুদ্ধেই নয়, তারও অনেক আগে থেকেই বাঙালির স্বজাত্যবোধকে জাগিয়ে তোলার কাজটি কিন্তু আপনারা করে আসছিলেন। সে সময় আপনার আর রাজ্জাকের জুটি বেঁধে করা সিনেমাগুলোই কিন্তু উর্দু সিনেমার বাজারকে হারিয়ে দিয়েছিল…

কবরী: আমাদের সময় উর্দু ছবি যে মানুষ দেখতো না, তা না। দেখতো। এখনকার মানুষ হিন্দি, ইংরেজি ছবি দেখে না? কিন্তু তাই বলে কি নিজেদের সংস্কৃতি আমরা ভুলে যাই? ওদের মনন এক ধরনের, আমাদের মনন আবার আরেক ধরনের।

কালচারালি প্রতিটি দেশেরই একটা হিস্ট্রি আছে। আমাদের হিস্ট্রি যেমন করে আমরা লালন করে এসেছি। সিনেমা আসার আগে এই দেশে যাত্রাপালা হতো, ভাটিয়ালি, ভাওয়াইয়া গান হতো, পুঁথি পড়া হতো, নৌকা বাইতে বাইতে মাঝি গান গাইতো… কি সুন্দর ছিল সেই সব গান। আমাদের ভাত-মাছ আমাদের কালচার। আমাদের শাড়ি আমাদের কালচার। অনেক আগে থেকে আমাদের দেশের মানুষ লুঙ্গি পড়ছে। হয়তো সেটাই আমাদের সংস্কৃতি। সেসব সংস্কৃতিই আমাদের শেকড়… সেগুলোকেই আমরা লালন করেছি।

আমাদের সময়ে দেশের জন্য তারাই কাজ করেছেন, যারা প্রতিভাবান মানুষ ছিলেন, যারা ভাল মানুষ ছিলেন, শিক্ষিত ছিলেন। শিক্ষিত বলতে আমি এটাই বোঝাই, যারা আলোকিত মনের মানুষ ছিলেন। তারাই কিন্তু, মুক্তিযুদ্ধে বলো, সিনেমায় বলো, থিয়েটারে বলো, নাটকে বলো, আমাদের সংস্কুতিকে তাদের মতো করে বিশ্লেষণ করেছেন তাদের কাজের মাধ্যমে।

আমাদের গল্প, আমাদের সংস্কৃতি নিয়ে সিনেমায় যারা কাজ করেছেন, তারাই কিন্তু পরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। এই মানুষগুলো কিন্তু কোনো দিন মুক্তিযুদ্ধকে পুঁজি করে কোনো সুবিধা নিতে যাবেন না। আর সে কারণেই মানুষের মনে তারা জায়গা করে নিতে পেরেছেন।

আমাদের (রাজ্জাক সাহেব, কিংবা আমি) সিনেমা মানুষ বেশি দেখতো কারণ, সেসব গল্পের মধ্যে ছিল একটা মাটির গন্ধ। সেসব সিনেমা তোমার মা যদি দেখতেন, তাহলে তাতে তিনি খুঁজে পেতেন তার জীবনের কোনো ঘটনা। তারা কেমন করে কলেজে যেতেন বা ওর বাবা-মা কেমন করে স্কুলে পড়তেন বা কেমন করে লুকিয়ে লুকিয়ে কোথাও বেড়াতে যেতেন তাদের মা-বাবাকে ফাঁকি দিয়ে, কেমন করে রবীন্দ্রসংগীত গাইতেন, আকাশবানী থেকে তখন পপুলার কতগুলো গান শোনানো হতো। গ্রামে যাওয়া, পিঠা-পুলি খাওয়া - এসব নিয়েই আমাদের সিনেমা হতো।

Image
সারাহ কবরী (ফাইল ছবি )

সারাহ কবরী (ফাইল ছবি )

আমাদের জনপ্রিয়তা নিয়ে বলতে গেলে, আমরা, বিশেষ করে আমি যে বয়সে কাজ শুরু করেছি, তখন এসব আমরা বুঝতামই না। এখন অনেক টক শোতে আমাকে প্রশ্ন করা হয়, 'আপনি যখন সেলিব্রেটি ছিলেন…'– আরে সেলিব্রেটি কি জিনিস এসব তো আমরা বুঝতামই না। আমরা কখনও খ্যাতির পেছনে দৌড়াইনি, খ্যাতিই আমাদের পেছনে দৌড়েছে। আমরা আমাদের কাজ করে গেছি, আমাদের ভেতর থেকেই অটোম্যাটিকালি ফাংশন করে অভিনয় এসেছে - সে কাজই আমাদের খ্যাতি এনে দিয়েছে। পাবলিসিটি নিয়ে আমরা কখনো চিন্তাও করিনি।

গ্লিটজ: আপনাদের সে সময়ের সিনেমার সঙ্গে এখনকার সিনেমার কিভাবে তুলনা করবেন?

কবরী: আমি তুলনা করবো না। এটা তুলনা করার কোনো বিষয়ই না। মাঝখানে অনেক সময় গেছে না? ওই সময়ের জন্য এখন বসে থাকলে কি আর হবে? তাহলে তো আমরা প্রতিযোগিতায় টিকতেই পারবো না।

তাছাড়া আমি আরেকটা জিনিস মনে করি। ঐ যে, সংস্কৃতির কথা বলছিলাম না? একটা সময়ে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের ছবি, কিংবা তপন সিনহা, তরুণ মজুমদারদের ছবি দেখেছি আমরা। বাঙালি পরিচালকদের অনেক ভাল ভাল কাজ হয়েছে একটা সময়। কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই ধরো। নোবেল পুরস্কার তো উনি আর ইংরেজি কবিতা লিখে পান নাই, তাই না? এসব কিন্তু তাদের কর্ম দিয়েই হয়েছিল।

সিনেমার ক্ষেত্রেও আমি বলবো, ভাল কাজ না হয়ে হচ্ছে সব অকাজ। ভাল কাজ করাটাকেও আমি মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে মনে করি। আজ একটা প্রতিষ্ঠান পর্যন্ত নেই যেখানে ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদী, মারফতি গান, পুঁথি পড়া শেখানো হয়। আমাদের পুরোনো যে ঐতিহ্য, সেগুলোকে লালন করা, সেগুলোকে এক জায়গায় নিয়ে আসা - এটাকেও আমি মুক্তিযুদ্ধের চেতনা বলে মনে করি। মুক্তিযুদ্ধের চেতনা কি কেবল পলিটিক্স করার জন্য? আই হেইট টু সে দ্যাট।

আমাদের সময়ে যে ধরনের সিনেমা হতো, সেখান থেকে কেন এখনকার সিনেমায় কোনো উন্নয়ন হচ্ছে না? শুধু কি ব্রিজ, কালভার্ট - এসবের উন্নয়ন করলে হবে? সংস্কৃতির উন্নয়ন করতে হবে না? তখনকার সিনেমার যে মানুষগুলো ছিল, তারা কিন্তু অনেক খাঁটি মানুষ ছিল। এখন সব মানুষের মানসিকতা এমন হয়েছে, দেশের জন্য কাজ না করে সবাই নিজের কাজ করাটা বেশি জরুরি মনে করে। আমরা তাই আর ঠিকানায় পৌঁছাতে পারছি না। ছবিগুলোর অবস্থা হয়েছে সে রকমই। না সরকারি, না বেসরকারি।

এ ধরনের বিষয়ের জন্য কতগুলো পলিসি করা দরকার। ছবিতে লগ্নি কারা করবে, এসবের জন্য নিয়ম হওয়া দরকার। আমাদের সময়ে বছরে কত কত সিনেমা রিলিজ হতো, তাতেই কিন্তু বাংলাদেশ ভরপুর! তখনকার জনসংখ্যা ছিল সাত কোটি। বছরে একশ - দেড়শ সিনেমা মুক্তি পেতো । সিনেমা হল ছিল তিনশরও বেশি। এখন তো হলই নেই… একশটাও নাকি সিনেমা হল নেই…

গ্লিটজ: যে কয়টা আছে, সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে…

কবরী: তাহলে ইকবাল সোবহান চৌধুরীকে বলতে হয়, হল নেই, যা আছে, তাও বন্ধ হয়ে যাচ্ছে… আপনারা বলছেন, ভারতীয় ছবি এনে সিনেমার বাজারকে চাঙা করবেন। এখানে মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘন হচ্ছে না? আমার সংস্কৃতিকে কবর দিয়ে আপনি ভারতীয় সিনেমা আনতে চান? যাতে করে আমাদের অস্তিত্ব যেটুকু আছে, সেটুকুও ধ্বংস হয়ে যাক…

গ্লিটজ: ভারতের সঙ্গে প্রচুর যৌথ প্রযোজনার চলচ্চিত্রও নিমর্িত হচ্ছে...

কবরী: আসলে যৌথ প্রযোজনার নামে এখন যে ছবিগুলো করা হচ্ছে, এগুলো আসলে বেনিয়া চাল… বাংলাদেশ থেকে টাকা কিভাবে ওদের ওখানে নেওয়া যায়, তারই ফন্দি ফিকির মাত্র।

কারণ, আমাদের এখানে প্রচুর ছেলে মেয়ে আছে, যাদেরকে ট্রেনিং দিলে তারা অভিনয় করতে পারে, লিখতে পারে, সবই করতে পারে। এখানে গল্পও আছে প্রচুর। দরকার শুধু তাদের পেছনে একটু শ্রম দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। তাদের পেছনে লগ্নি করা। তারা যাতে খেতে-পরতে পারে, যাতায়াত করতে পারে, অন্তত সেটুকুর ব্যাবস্থা করা। এককালে কি ক্রিকেট আমাদের এখানে জনপ্রিয় ছিল? ছিল না। তাদের (ক্রিকেটারদের) প্রশিক্ষণ দেওয়ায়, তাদের পেছনে টাকা ঢালার কারণেই না, আজকে বাংলাদেশকে বহির্বিশ্বে মানুষ চিনতে পারে। সিনেমার ক্ষেত্রে, কই, সেরকম তো কিছু দেখছি না।

সেদিন টকশোতেও আমি এটা বলেছি। আমাদের এমনকি এখন বার্টার সিস্টেমও আছে। অর্থাৎ, ভারতের ছয়টা ছবি আমরা নেবো, আমাদের ছয়টা ছবি ওরা নেবে। কিন্তু সেই ক্ষেত্রই তো আমরা তৈরি করতে পারিনি। আমরা তো সিনেমা বানাতেই পারছি না। আমাদের ভাল যন্ত্রপাতি নাই, ভাল ল্যাব নাই, কোনো সহযোগিতা নাই। এখন সরকার যদি পুরো টাকা দিতে না পারে, তাহলে একটা অংশের ভর্তুকি দিক সরকার, বাকিটা অন্যদের যোগাড় করার জন্য নির্দেশ দেওয়া হোক।

এই ভর্তুকি এখন তথ্যমন্ত্রী দিচ্ছেন। এই মন্ত্রনালয়েই কিন্তু আমি কাজ করেছিলাম নাইন্টি সিক্সে। অনুদান গ্রান্ট কমিটির চেয়ারম্যান ছিলাম আমি। এখন দেখি কি, ওখানে (কমিটির) মেম্বার যারা যারা হয়েছেন, মন্ত্রীকে নাকি তাদের কথাই শুনতে হয়! এমন সব লোকদের ধরে অনুদান দিচ্ছে, সেটা আর বলার মতো না। অনুদান দেওয়ার একটা পলিসি নাকি আছে, সেই পলিসি মেনেই নাকি অনুদান দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের দেশের জন্য এই পলিসি উপযুক্ত না। আমরা যারা এক সময় কাজ করেছি, তিনি আমাদের কথার এখন আর কোন ধার ধারেন না। আমাদের কাছে সাহায্য চাইতে আসেন না। তিনি নিজের ইচ্ছা মতো লোককে যেখানে খুশি সেখানে বসাচ্ছেন। এই যে আমাদের সিনেমার বাজারে ভারতের যে আগ্রাসন, এটা তো আমি বলবো তারই (তথ্যমন্ত্রী) অবদান। তিনি চাচ্ছেন আমাদের এফডিসিতে তালা মারতে।

ষাটের দশকে, পঞ্চাশের দশকে যেসব সিনেমাগুলো হতো, সেগুলোকে আজ ক্লাসিকের মর্যাদা দেয়া হলেও সে সময়ে সেগুলোই কিন্তু তুমুল জনপ্রিয় সিনেমা ছিল। আমেরিকান ক্লাসিক সিনেমাগুলো যেমন প্রচণ্ড জনপ্রিয় ছিল, তেমনি করে আমাদের সিনেমাগুলোও কিন্তু বাংলাদেশের ক্লাসিক সিনেমা। অথচ মূলধারার সিনেমা বলে এখনকার কিছু নব্য বেনিয়া, যারা ব্রাহ্মণ সেজেছে, তারা আমাদের ছবিগুলোকে আলাদা করে দিচ্ছে। সিনেমায় দুটো ভাগ করেছে। একটা নাকি মূলধারা, আরেকটা আঁতেল ধারা, বিকল্প ধারা যেটাকে বলছে। ওই অন্ধকার অন্ধকার করে রেখে, কি সব সিনেমা বানাচ্ছে, সেগুলোকে বিকল্প ধারার সিনেমা বলছে… সেটা নিয়েও আমি বলছি না। সিনেমা নিয়ে এক্সপেরিমেন্ট করুক। আমার তাতে অসুবিধা নেই। কিন্তু এই যে মন্ত্রী ভারতীয় সিনেমা আনার পক্ষপাতী - এর কি হবে?

তাছাড়া সরকার যদি, যারা সিনেমা হল করছে, তাদের শর্ত দিয়ে দিত, অন্ততপক্ষে মাল্টিপ্লেক্স করুক তারা, তাহলেও তো বাংলাদেশ আজ ভরে যেতো সিনেমায়। আমাদের সংস্কৃতি টিকে থাকতো। দেশে যে জঙ্গিবাদের বিস্তার ঘটছে, ব্লগারদেরকে মেরে ফেলছে, ধর্মকে বিক্রি করছে, মানুষের উপর অতাচার করছে - এসব আর হতো না। ছবির মাধ্যমে আমরা যে এসবের বিরুদ্ধে বার্তা পাঠাতাম, পারিবারিক সমস্যার কথা তুলে ধরতাম, যে কারণে আমাদের ছবিগুলো এতো পপুলার হয়েছে, সেই জায়গাটাও যদি থাকতো, তাহলেও তো আজকে এসব হতো না। মানুষ ছবি দেখতো, মানুষের মনটা আরেক দিকে ডাইভার্টেড হতো। কই, আজকে কি সেটা হচ্ছে? সিনেমা তো নাইই, নাটক নাই, ভাল গান নাই, সুস্থ বিনোদনের কোনো জায়গাই নাই।

গ্লিটজ: বাংলাদেশি টেলিভিশন চ্যানেল এখনও ভারতে দেখা যায় না। আপনার কি মনে হয় এটা কতর্ৃপক্ষের সদিচ্ছার অভাব?

কবরী: না না, সদিচ্ছা নয়। আসলে উনি জানেনই না। আমাদের দেশে আরেকটি ব্যাতিক্রম আমি দেখি, সেটা হলো, যারা যেখানে কাজ করতে পারে, সরকার তাদের সেখানে পোস্ট দেয় না। দেয় কাদের? ওই চাটুকারদের।

আর ইনু সাহেব যে ক্ষেত্রের মন্ত্রী, তাকে সে ক্ষেত্রের মানুষদের সঙ্গে সখ্যতা রাখতে হবে। যাতে করে যে কোনো সমস্যায় তিনি তাদের সাহায্য নিতে পারেন। কিন্তু কই, আমাদের সঙ্গে তো তার কোনো যোগাযোগই নেই। আছে, কাদের সঙ্গে? ওই জাসদের কিছু মুষ্টিমেয় চাটুকারদের সঙ্গে।

এতো করে বললাম, আমার ছবিটার জন্য যে, আসুন একটু বসি। আমরা একটা ভাল ছবি বানাচ্ছি, এর জন্য পৃষ্ঠপোষকতা দরকার। এই যেমন বেঙ্গল একটা ভাল ছবি বানিয়েছে। হুমায়ূন আহমেদের গল্প থেকে ‘অনীল বাগচীর একদিন’। এরকম কিছু হোক। অন্তত ওরা তো প্যাট্রোনাইজ করছে। এরকম দশটা ছবিকেও যদি দশজন প্রোডিউসার এসে প্যাট্রোনাইজ করে, তাহলেও তো হয়।

গ্লিটজ: একদম অন্য প্রসঙ্গে আসি। ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় আপনি ঋত্বিক ঘটকের সঙ্গে কাজ করেছেন। তার মতো একজন কিংবদন্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

কবরী: তিনি অনেক বড় মাপের একজন ডিরেক্টর ছিলেন। তার কাজের ধরনটাও আমাদের এই বাংলার কাজের ধরনের চেয়ে সম্পূর্ণ আলাদা। সত্যি বলতে তো, সিনেমার আসল মানুষটাই হলেন ডিরেক্টর। সুতরাং তিনি যে প্রচণ্ড মেধাবী একজন মানুষ ছিলেন, তার চিন্তা ভাবনা যে ‍সুদূরপ্রসারী ছিল, তার ফ্রেমিং করা, তার ক্যামেরার কাজ, মিউজিকের কাজ - যেসব কিছু মিলিয়ে একটা সিনেমা হয়, এরকম সব কিছু নিয়েই কাজ করা একটা মানুষের সঙ্গে আমি যখন কাজ করেছি, তখন আমার মনে হয়েছে, এক নতুন পৃথিবীর সঙ্গে আমার পরিচয় হচ্ছে। আমার খুবই ভাল লেগেছে।

ঋত্বিকদার সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয়েছে, গল্পের বিশ্লেষণ তিনি যেভাবে করতেন, কিংবা কস্টিউমের বিষয়টাকেও যেভাবে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আমি তো বলবো যে সিনেমার প্রতিটি বিন্দু যেন কথা বলেছে যে, আমি রাজার ঝি।

তিনি কেমন করে যে আমাদের দিয়ে অভিনয় করাতেন! এমনকি রাতের দৃশ্যগুলোতেও। ভয়ে কোনো দিন আমরা তাকে বলতেও সাহস পাইনি; এতোটাই মান্য করতাম তাকে। তিনি এতোটাই উচ্চ মার্গের ডিরেক্টর, যে তার কোনো ভুল থাকতে পারে, এই চিন্তাও কখনও মাথায় আসেনি। কিংবা আমার যদি কোনো প্রশ্ন থাকতো, সেটাও বোধহয় বলার আগেই তিনি পুরণ করে দিতেন। আমরা যেমন কন্টিনিউয়িটির কথা বলি - শাড়ি, কস্টিউম, জুয়েলারি- এসব নিয়েও কখনও আমাদের চিন্তা করতে হয়নি। একজন আটর্িস্টকে কিভাবে তার পেশার জন্য নির্ভেজাল এবং চিন্তামুক্ত রাখতে হয়, তার মতো করে আর কোনো ডিরেক্টরকে এটা করতে দেখিনি। তিনি বলতেন, “সব আমি। তোমাদের গাইড আমি। তোমাদের কিচ্ছু চিন্তা করতে হবে না।”

“তিতাস একটি নদীর নাম” আমরা করেছি ৭২-৭৩ এর দিকে। তখন যে পরিশ্রম করেছি আমরা সিনেমার জন্য। শুধু মুড়ি খেয়ে লাঞ্চ করেছি। শুটিং-এর জন্য যে গ্রামে যেতাম, সেখানে যে পাড়া পেতাম তাদের কাছ থেকে নারকেল আর মুড়ি চেয়ে নিতাম। কিন্তু তারপরও অনেক আনন্দ পেয়েছি এই সিনেমায় অভিনয় করে। এখন তো এটা ব্রিটিশ ফিল্ম স্কুলের কারিকুলামে আছে বলে জানি।