'মা তুমি দেখতে পারবা'
অভিনেত্রী পারভিন সুলতানা দিতির অকাল প্রয়াণে ভক্তরা প্রিয় তারকাকে হারিয়েছেন আর দেশ হারিয়েছে গুণী এক শিল্পীকে। তবে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে লামিয়া ও দীপ্ত চৌধুরীর। কারণ তারা হারিয়েছেন তাদের মাকে।
দিতির অসুস্থতার পুরোটা সময় ফেইসবুকের মাধ্যমে তার খবরাখবর জানিয়েছেন মেয়ে লামিয়া চৌধুরী। মায়ের মৃত্যুর পর সম্প্রতি ফেইসবুকেই সবার সঙ্গে ভাগ করে মা হারানোর কষ্ট। মাকে স্মরণ করে বড় একটি স্ট্যাটাস দেন লামিয়া, যা হুবহু তুলে ধরা হল গ্লিটজের পাঠকদের জন্য:
"জীবনের যত ফুল হাসে,
হৃদয়ের আঙিনায় সুরভি আসে,
এই জনমেই যেন আবার নতুন জনম হলো আমার,
ফুরিয়ে গেল ভাবনা,
এই সুখের নেই কোন সীমানা......
যার দেখার ক্ষমতা আছে, অন্ধ হওয়ার অভিনয় করা তার পক্ষে সহজ নয়। যখন আপনার চোখের সামনে কিছু নড়াচড়া করবে, তখন সেদিকে না তাকিয়ে নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা ধরনের মনোযোগ দরকার হয়। আমার মা এই সিনেমায় অন্ধ চরিত্রে অভিনয় করে বিশেষভাবে গর্বিত ছিলেন।
কয়েক বছর আগে মার চোখে সমস্যা দেখা দেয় (এখন আমরা জানতে পেরেছি সেটা হয়েছিল তার টিউমারের জন্য)। তিনি ভয় পেতেন ভবিষ্যতে হয়তো অন্ধ হয়ে যাবেন। বেশিরভাগ মায়ের মতো তিনি চাইতেন আমি সব কিছুতে সব সময় সেরা হবো। তিনি চাইতেন আমি নিজের খেয়াল রাখি এবং ওজন কমিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হই। তিনি প্রায়ই কল্পনা করতেন, ওজন কমালে আমাকে দেখতে কেমন লাগবে। বলতেন, ‘লামিয়া চিকন হলে কেমন দেখাবে? লাল কামিজ পড়লে কেমন লাগবে? একদম উজ্জল হলুদ পড়লে কেমন লাগবে?’ তিনি নাটকীয়ভাবে বলতেন, যখন আমি আসলেই ওজন কমাবো এবং নারীসুলভ পোশাক পড়া শুরু করব, ততদিনে তিনি অন্ধ হয়ে যাবেন, তার আর আমাকে ঐভাবে দেখা হবে না। আমি তার কথা শুনে হাসতাম। তিনি আমাকে বলেছিলেন, মাঝে মাঝে তিনি চোখ বন্ধ করে আমাকে এভাবে কল্পনা করেন। কল্পনায় তিনি দেখেন আমি সেই রঙ আর সেই ঢঙের পোশাকগুলো পড়েছি যেগুলোতে তিনি আমাকে সব সময় দেখতে চান......
তার টিউমার অপসারণের অস্ত্রোপচারের পর আমরা জানতে পারলাম, টিউমারটি এমন জায়গায় হয়েছে, যা সরাসরি দৃষ্টিশক্তির সঙ্গে জড়িত, যে কারণে তিনি এক সময় দৃষ্টিশক্তি হারাবেন। গত কয়েক মাস তার চোখ দুটো ছিল শূন্য এবং নির্জীব। কিছু কিছু মুহূর্তে আমি তার চোখ দুটোকে একটু আধটু নড়তে দেখেছি, কিন্তু বেশিরভাগ সময়ই মনে হয়েছে তিনি আমাদের আর দেখতে পারছেন না।
তার প্রতিটি আশঙ্কা সঠিক ছিল, নিজের রোগ ছাড়াও আরো অনেক ব্যাপারে। তিনি সব সময় উদ্ভট সব ভবিষ্যৎবাণী করতেন, যেগুলো আমরা হেসে উড়িয়ে দিতাম। এখন আমার মনে হয় হয়তো তিনি ক্যান্সারের কথা আরো আগে থেকেই জানতেন। তিনি যেভাবে তার রোগ এবং মৃত্যুকে মেনে নিয়ে আলিঙ্গন করেছেন, তা বোঝার জন্য এর চেয়ে ভাল কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। তিনি কখনও কারো কাছে নিজের দুঃখ কিংবা ভয় প্রকাশ করেননি। সবার সঙ্গে হাসিমুখে আনন্দ নিয়ে দেখা করেছেন। তার এই ভয়ঙ্কর রকমের ইতিবাচক মনোভাব আমাকে পাগল করে দিতো। আমি বুঝতে পারিনি কীভাবে এরকম একটি রোগের বর্বরতা কাউকে স্পর্শ না করে থাকতে পারে। তাকে বলা হয়েছিল ক্যান্সার রোগীদের জন্য রাখা বিশেষ কাউন্সিলরের সঙ্গে তিনি কথা বলবেন কী না। তিনি রাজি হন, কিন্তু নিজে না গিয়ে আমাকে পাঠিয়েছিলেন কথা বলার জন্য। তার মনে হয়েছে তিনি ‘ঠিক’ আছেন, বরং আমার কারো সঙ্গে কথা বলা প্রয়োজন। কারণ তার ক্যান্সারের কথা শোনার পর তা মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছিল।
তিনি বারবার আমাদের বলেছেন, আমাদের কাছ থেকে এত ভালোবাসা পাওয়ায় কতোটা খুশি তিনি। বলতেন, 'আমি যদি অসুস্থ না হতাম তাহলে তো কোনো দিনও জানতাম না আমাকে কতো মানুষ ভালবাসে। তোমরা যে এতো ভাল বাচ্চা, এত যুদ্ধ করতে জানো, আমি তো কোনো দিনও ভাবি নাই। পৃথিবীতে ডাক্তাররা, নার্সরা এত ভাল হতে পারে এটা তো কোনো দিনও জানতাম না। এত হাজার হাজার মানুষ যে আমার জন্য দোয়া করছে, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। এখন আমার কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নাই, দুঃখ নাই। এখন খালি আমরা ঘুরবো, মজার মজার খাবো আর ফ্যামিলি টাইম কাটাবো।'
মা যদি আসলেই কোনো দিন চিকন হয়ে গিয়ে লাল রঙের কামিজ পড়ি, আমি নিশ্চিত, অনেক দূর থেকে হলেও তুমি দেখতে পারবা।"
