হোলির সেরা দশ হিন্দি গান
বসন্তের এই সময়ে রঙ খেলায় মেতেছে সবাই। সেই সঙ্গে গান-বাজনা না হলে কি চলে! হোলি উৎসব যেন পূর্ণতা পায় না বলিউডের চটকদার গান ছাড়া।
এমনই সেরা দশটি গান তুলে ধরা হল এবারের হোলি উৎসবের জন্য উপলক্ষে।
রাঙ বারসে (সিলসিলা)
হোলি মানেই যেন অমিতাভ বচ্চনের দরাজ কণ্ঠে গাওয়া ‘রাঙ বারসে ভিগে চুনার ওয়ালি' গানটি। হোলি উৎসব এলেই ‘সিলসিলা’ সিনেমাটির এই গানটি গুনগুন করে ওঠেন বলিউডপ্রেমীরা।
বালাম পিচকারি (ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি)
হোলির গান হিসেবে ‘রাঙ বারসে’ একাই রাজত্ব করেছে দীর্ঘদিন। তবে এবার তাকে টক্কর দিতে এসেছে ‘বালাম পিচকারি’। এই গানটি শুনে দিপিকা পাড়ুকোন এবং রানবির কাপুরের সঙ্গে নাচের তালে মেতে ওঠেনি এমন লোক পাওয়া ভার।
হোলি কে দিন (শোলে)
'শোলে' সিনেমাটি সর্বকালের সেরা হিন্দি সিনেমা যে সমস্ত কারণে তার মধ্যে একটি এ গান। হেমা মালিনি, ধমর্েন্দ্র, অমিতাভ বচ্চনসহ পুরো একটি গ্রামের হোলি খেলায় মেতে ওঠার এই গানটি গেয়েছেন লতা মুঙ্গেশকর ও কিশোর কুমার। ‘শোলে’ মুক্তির পর পেরিয়েছে ৪১ বছর, কিন্তু হোলি এলে এই গানটি আজও শোনা যায় অনেকের মুখে।
লেটস প্লে হোলি (ওয়াক্ত)
হোলি মানেই রঙ, হোলি মানেই যুবক-যুবতীর খুনসুটি। রঙ খেলায় মেতে উঠে পছন্দের মানুষটিকে নিজের মনের কথা বলার মতো একটি গান হলো 'ওয়াক্ত' সিনেমার আকশায় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘লেটস প্লে হোলি’।
সোনি সোনি (মোহাব্বাতে)
শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘মোহাব্বাতে’ সিনেমাটির প্রতিটি গানই শ্রোতাদের মন জয় করেছিল। তবে হোলি উৎসব এলে আজও বেজে উঠে ‘সোনি সোনি’ গানটি।
আঙ সে আঙ লাগানা (ডার)
‘ডার’ সিনেমাটি যদিও শাহরুখ খানের জন্য মানুষ মনে রেখেছে, তবে এতে ব্যবহৃত হোলির গানটি এক সময় ছিল ব্যাপক জনপ্রিয়। গানে হোলির রঙে অঙ্গ রাঙাতে দেখা যায় জুহি চাওলা আর সানি দেওলকে, সেই সঙ্গে শাহরুখ তো ছিলেনই।
আজ না ছোড়েঙ্গে (কাটি পাতাং)
রাজেশ খান্না এবং আশা পারেখ অভিনীত ‘কাটি পাতাং’ সিনেমাটি আজও দর্শকের মনে রঙিন। পাশাপাশি এই গানটিও মাতাচ্ছে হোলি উৎসবগুলো।
হোলি খেলে রাঘুভিরা (বাগবান)
হোলির গান গেয়ে আবারও শ্রোতার মনে স্থান করেছেন বিগ বি। ‘বাগবান’ সিনেমায় তার গাওয়া এই গানটি হয়েছে ব্যাপক জনপ্রিয়।
আরে যারে হাট নাটখাট (নাভরাং)
ধ্রুপদী এই সিনেমাটির গান ‘আরে যারে হাট নাটখাট’ ভারতীয়দের হোলি উৎসবের সঙ্গে অনেক দিন ধরেই ওতপ্রোতভাবে জড়িত। আশা ভোশলে ও মহেন্দ্র কুমারের গাওয়া গানটি রাধা-কৃষ্ণের হোলি খেলার বিবরণ দেয়।
হোলি আয়ি রে (মাদার ইন্ডিয়া)
ভারতের প্রথম অস্কারে যাওয়ার সিনেমা হিসেবে পরিচিত ‘মাদার ইন্ডিয়া’র এই হোলির গানটি আজও শোনা হয় হোলি উৎসবে।
