বিচ্ছেদের কারণ যখন গজল!
বিয়ের কয়েক বছর পরই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় পরিচালক রাম গোপাল ভার্মার। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে কখনোই সোজাসাপ্টা কোনো উত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে। এবার নতুন সিনেমা ‘অ্যাটাক’-এর গানের প্রকাশনা অনুষ্ঠানে নিজের বিবাহ বিচ্ছেদের জন্য গজলকে দায়ী করলেন 'রঙ্গিলা' নির্মাতা।
অনুষ্ঠানে উপস্থিত গজল শিল্পী শ্রীনিবাসকে উদ্দেশ্য করে মজা করে এই কথা বলেন তিনি।
‘অ্যাটাক’ সিনেমায় একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রীনিবাস। নিজের সিনেমায় গজল গান রাখলেও আরজিভি জানান, তার বিচ্ছেদের জন্য দায়ী ছিল গজল গান।
তিনি বলেন, “আসলে আমার বিয়ে ভাঙার অন্যতম একটি কারণ গজল। আমার স্ত্রী রাতে গজল শুনতেন কিন্তু আমি তা পছন্দ করতাম না। তার গজল খুবই পছন্দের, কিন্তু আমি পছন্দ করি ইলায়রাজার (দক্ষিণ ভারতীয় সঙ্গীত পরিচালক) গান।”
অবশ্য এরপর তিনি বলেন শ্রীনিবাসের কন্ঠে গজল শোনার পর তার ভাবনা বদলে গেছে।
তেলেগু ভাষায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমা 'অ্যাটাক' মুক্তি পাবে ২৬ অগাস্ট।
