দর্শকরা সিনেমাবিমুখ, নির্মাণে আগ্রহ হারিয়েছি: কাজী হায়াৎ
দর্শকরা সিনেমা হল বিমুখ হয়ে পড়ায় ছবি বানানোর আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বলেছি, আর সিনেমা বানাব না। নিজের অর্থ, পরের অর্থ আর কত নষ্ট করব। কারণ দর্শকরা সিনেমা বিমুখ হয়ে গেছে।”
চলচ্চিত্র নির্মাণে এক সময়ে নিজের একাগ্রতার কথা স্মরণ করে প্রায় ৫০টি ছবির এই পরিচালক বলেন, “মুক্তিযুদ্ধ নিয়েও আমার কয়েকটি চলচ্চিত্র আছে।
“যখন মুক্তিযুদ্ধ শব্দটি মুখে বলা নিষিদ্ধ ছিল, তখনও সে বিষয়ে আমি সিনেমা বানিয়েছি। কিন্তু এখন আর আগ্রহ পাই না।”
আগামী মাসের ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হতে যাওয়া ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড ২০১৫’ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনে আসেন কাজী হায়াৎ।
আয়োজক বিএনএস লজিস্টিক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ শিমুল সম্মেলনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নানা দিক তুলে ধরেন।
নিউ ইয়র্কের কোল্ডেন সেন্টারে বর্ণিল আয়োজনে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বলে জানান তিনি।
