২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙ্গানার সঙ্গে বিবাদ: মুখ খুললেন হৃত্বিক

মার্চের শুরু থেকে মুম্বাই সিনেপাড়া সরগরম করে রেখেছে একটি বিষয় - হৃত্বিক রোশান এবং কাঙ্গানা রানাওয়াতের রেষারেষি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন হৃত্বিক রোশান।

গ্লিটজ ডেস্ক

 আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 06:12 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

সম্প্রতি ‘ব্যাং ব্যাং’ অভিনেতা একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, যে ইমেইল আইডির বরাত দিয়ে তার গোপন কথা ফাঁস করে দেয়ার হুমকি দিচ্ছেন কাঙ্গানা, সেই আইডিটি তার নয়।

হৃত্বিক বলেন, "যখন কোনো ব্যক্তিগত বিষয় এভাবে জনসম্মুখে চলে আসে তখন তা অনেক ধরনের গুঞ্জনের সৃষ্টি করে। ভদ্রতাসূচক নীরবতা ততক্ষণই ধরে রাখা যায়, যতক্ষণ ব্যাপারটি কারো পরিবার এবং সম্মানের উপর আঘাত না হানে।"

"মোদ্দা কথা হল, ‘এইচরোশান@ইমেইলডটকম’ আইডিটি আমার নয়। এই ভুয়া আইডির বিরুদ্ধে আমি ২০১৪ সালের ডিসেম্বরেই মুম্বাইয়ের সাইবার অপরাধ বিভাগে মামলা করেছি। আমার এই আইডির সঙ্গে কোনো সম্পর্ক নেই।" 

তিনি আরও জানান, চলতি বছরের ৬ মার্চ থেকে এই মামলা পুনর্বহাল করা হয়েছে।

হৃত্বিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি কাঙ্গানাকে ‘মানসিক রোগী’ বলে আখ্যায়িত করেছেন। এই বিষয়টিও পরিষ্কার করেন হৃত্বিক।

"আমার বিশ্বাস কারও মানসিক সুস্থতা নিয়ে কথা বলা খুবই স্পর্শকাতর একটি বিষয়। কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য আমি কখনো এই ধরনের অভিযোগ করবো না। আমাকে বলা হয়েছিল এই বিষয়টি নিয়ে চুপ থাকতে, আমি ২ বছর চুপ করে ছিলাম।"

‘কৃশ থ্রি’র শুটিং চলাকালীন প্রেম হয় কাঙ্গানা-হৃত্বিকের, শোনা যায় আংটিও বদল করেছিলেন তারা। কিন্তু লোকচক্ষুর আড়ালেই শেষ হয় তাদের সম্পর্ক। প্রায় দুই বছর পর সম্প্রতি হৃত্বিককে ‘সাবেক প্রেমিক’ বলে বসেন কাঙ্গানা, আর তখনই উঠে আসে পুরো গল্প।

এদিকে হৃত্বিক আনুষ্ঠানিক বিবৃতি দিলেও মুখ খুলতে রাজি হননি কাঙ্গানা। তবে তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকের দাবী, জনগণের কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য এই বিবৃতি দিয়েছেন হৃত্বিক।

"গণমাধ্যমে দেয়া হৃত্বিকের বিবৃতি সহানুভূতি পাওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি অস্বীকার করতে পারবেন না আমার মক্কেলকে তিনি হুমকি দিয়েছেন। আমার মক্কেল ‘সাবেক প্রেমিক’ শব্দটি উচ্চারণ করেছেন ঠিকই, তবে হৃত্বিকের নাম বলেননি। হৃত্বিক নিজেই নিজেকে তার ‘সাবেক প্রেমিক’ বলে স্বীকার করেছেন।"

তিনি আরো বলেন, "হৃত্বিক দাবী করেছেন কাজের বাইরে সামাজিকভাবে তিনি আমার মক্কেল কাঙ্গানাকে চেনেন না। তাহলে কাঙ্গানার জন্মদিনের ব্যক্তিগত পার্টিতে পুরো রোশান পরিবারের সঙ্গে নিজের উপস্থিতিকে কিভাবে সংজ্ঞায়িত করবে হৃত্বিক? এছাড়া হৃত্বিকের বোন এবং বাবা রাকেশ রোশানের জন্মদিনেও কাঙ্গানা উপস্থিত ছিলেন।"

‘কৃশ থ্রি’তে কাঙ্গানা- হৃত্বিকের জুটি ব্যাপক সমাদৃত হয়, যার ফলশ্রুতিতে ‘আশিকি থ্রি’তে দুজনকে প্রধান চরিত্রে নিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু নায়িকা হিসেবে কাঙ্গানার নাম শুনেই এতে কাজ করতে অস্বীকৃতি জানান হৃত্বিক। বিষয়টি কাঙ্গানার কানে এলে তিনি মন্তব্য করেন, "আমি জানি না মনোযোগ আকর্ষণের জন্য সাবেক প্রেমিকেরা কেন এমন সব কাজ করেন।"

রেষারেষির শুরুটা হয় তখনই।

পুরনো খবর:

আংটি বদল হয়েছিল হৃত্বিক-কাঙ্গানার?
হৃত্বিক-কাঙ্গানার রেষারেষিতে বিস্ফোরক মোড়