২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আংটি বদল হয়েছিল হৃত্বিক-কাঙ্গানার?

হৃত্বিক রোশান এবং কাঙ্গানা রানাওয়াতের প্রেমের খবর গোপন ছিল বহু দিন। কিন্তু এখন কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 03:01 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

মাসখানেক আগে হৃত্বিককে ‘সাবেক প্রেমিক’ বলে ফেলেন কাঙ্গানা। এরপর থেকেই কাঙ্গানা-হৃত্বিকের রেষারেষি চলছে। আর তারই জের ধরে বিশ্ববাসী জেনে যায়, ‘কৃশ থ্রি’র শুটিং করতে গিয়ে প্রেম পড়েন দুজন। আর এবার কানে এল, দুজন আংটি বদলও করেছিলেন।

কাঙ্গানার এক ঘনিষ্ঠ বন্ধু সব খুলে বলেছেন মুম্বাই মিররকে। বন্ধুটি জানান, ২০১৪ সালে স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পরপরই কাঙ্গানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হৃত্বিক। ভালোবাসার শহর প্যারিসে ঘটে এই ঘটনা।

কাঙ্গানা-হৃত্বিকের সমীকরণের পুরোটা জানতে হলে যেতে হবে আরো পেছনে। ২০০৯ সালে ‘কাইটস' - এর শুটিং করতে গিয়েই হৃত্বিক-কাঙ্গানার বন্ধুত্ব হয়।

দীর্ঘদিন বন্ধুই ছিলেন তারা। ২০১৩ সালে ‘কৃশ থ্রি'তে অভিনয়ের জন্য কাঙ্গানাকে প্রস্তাব দেন হৃত্বিক। কাঙ্গানার বন্ধু জানান, চরিত্রটির জন্য তাকে রাজি করাতে পুরো ৬ মাস লেগেছে হৃত্বিকের।

প্রেমটা হয় তখনই। হৃত্বিক কাঙ্গানাকে আশ্বস্ত করেন, সুজানের সঙ্গে অনেক আগেই দূরত্ব তৈরি হয়েছে তার, খুব শিগগিরই হবে তাদের বিচ্ছেদ। এরপর ২০১৪ সালের জানুয়ারিতে প্যারিসে কাঙ্গানাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন হৃত্বিক, ততদিনে সুজানের সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

কাঙ্গানা রাজিও হয়েছিলেন। কিন্তু এক মাস পরই ‘ব্যাং ব্যাং’এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন হৃত্বিক। সে বছরের ডিসেম্বরে পাকাপাকিভাবে শেষ হয় তাদের সম্পর্ক। এর মূল কারণ ছিল তাদের প্রেম নিয়ে হৃত্বিকের লুকোচুরি, যা মেনে নিতে পারেননি কাঙ্গানা।

হৃত্বিকের এই লুকোচুরির আরো প্রমাণ মিলেছে, যখন তিনি আইনি নোটিশ পাঠিয়ে কাঙ্গানাকে বলেছেন জনসম্মুখে তার নাম উচ্চারণ না করতে। তাকে পাল্টা নোটিশ দিয়েছেন কাঙ্গানা।