হৃত্বিক-কাঙ্গানার রেষারেষিতে বিস্ফোরক মোড়
এক সময় লোকচক্ষুর আড়ালে চলেছে প্রেম। এখন সবার সামনে করছেন যুদ্ধ! ‘কৃশ’ সহশিল্পী হৃত্বিক রোশান এবং কাঙ্গানা রানাওয়াতের রেষারেষি আইনি জটিলতায় মোড় নিয়েছে।
কাঙ্গানার সঙ্গে গোপন প্রেমের খবরটা গোপনই রাখার ইচ্ছা ছিল হৃত্বিকের। কিন্তু বাঁধ সাধলেন কাঙ্গানা। গণমাধ্যমের সামনে হৃত্বিককে ‘সাবেক প্রেমিক’ বলে বসলেন, আর তাতেই শুরু হলো সাবেক প্রেমিক-প্রেমিকার লড়াই।
২০১৪ সালে স্ত্রী সুজানা খানের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে একা বলেই জোর দাবী করেছেন হৃত্বিক। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলেই তিনি জানিয়েছেন, এখনও সাবেক স্ত্রীকেই ভালবাসেন তিনি। কিন্তু তখনও কেউ জানতো না, বিচ্ছেদেরও এক বছর আগে ‘কৃশ থ্রি’র শুটিং করতে গিয়ে সহশিল্পী কাঙ্গানার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এই অভিনেতা।
তাদের প্রেম শুরু হয় গোপনে, শেষও হয় পর্দার আড়ালেই। দীর্ঘদিন এ বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই। কিন্তু সম্প্রতি কাঙ্গানার ছোট্ট এক মন্তব্যে গোমর ফাঁস হয়ে যায়।
‘আশিকি থ্রি’তে অভিনয় করার কথা হৃত্বিকের। কিন্তু নায়িকা চরিত্রে কাঙ্গানার নাম প্রস্তাব করা হলে, নাকচ করে দেন তিনি। হৃত্বিকের এমন কাণ্ড দেখে আঁতে ঘা লাগে কাঙ্গানার। তখন তিনি বলে বসেন, "আমি বুঝি না মনোযোগ আকর্ষণের জন্য সাবেক প্রেমিকেরা কেন এমন বোকার মতো কাজ করেন।"
এরপর টুইট করে কাঙ্গানাকে আরও একটি খোঁচা দেন হৃত্বিক। তিনি লেখেন, তার সঙ্গে পোপের নাম জুড়লেও তিনি ততোটা অবাক হতেন না, যতোটা কাঙ্গানার নাম জড়ানোয় হয়েছেন।
কিন্তু ইশারায় ঝগড়া এখন আইনি ঝামেলায় রূপ নিতে চলেছে। স্পটবয় বলছে, ‘সাবেক প্রেমিক’ বলায় কাঙ্গানার উপর ভারী চটেছেন হৃত্বিক। কাঙ্গানার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
হৃত্বিকের দাবী, সংবাদ সম্মেলন ডেকে জনসম্মুখে এর জন্য ক্ষমা চাইতে হবে কাঙ্গানাকে।
ওদিকে হৃত্বিকের নোটিশের পাল্টা জবাব দিয়েছেন কাঙ্গানাও। তার বিরুদ্ধে হুমকি দেয়ার অভিযোগ এনেছেন এই অভিনেত্রী। তার এক ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমসকে।
