আসছে সালমানের 'কিক টু'
সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালনায় ২০১৪ সালের ঈদে মুক্তি পেয়েছিলো সালমান খান অভিনীত সিনেমা 'কিক'। সে বছরের অন্যতম ব্লকবাস্টার হিসেবেই স্বীকৃতি পেয়েছিল অ্যাকশননির্ভর এই সিনেমাটি। এবার সিনেমার প্রযোজক এবং নির্মাতা সাজিদ জানালেন, 'কিক' এর সিকুয়ালের কাজ শুরু হয়ে গেছে।
জানা গেছে 'কিক টু'র চিত্রনাট্য লেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০১৭ সালেই মুক্তি পেতে যাচ্ছে 'কিক' এর সিকুয়াল। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, "আমরা এখনো লিখছি। চিত্রনাট্য এখনও লেখার পর্যায়ে আছে। চাপের মুখেও আমরা বেশ কঠিন পরিশ্রম করছি এর চিত্রনাট্যটি নিয়ে।"
২০১৪ সালে বলিউড পাড়ার জন্য দারুণ চমক নিয়ে এসেছিল সিনেমাটি। দেভি লাল সিং নামে সালমানের চরিত্রটি ছিল রোমাঞ্চের নেশায় বুঁদ হয়ে থাকা এক প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যাক্তির। পর্দায় সালমান-জ্যাকুলিনের রসায়নটাও জমেছিল দারুণ। তবে 'কিক টু'তে সালমানের বিপরীতে আর থাকছেন না জ্যাকুলিন।
এমি জ্যাকসন, সোনাকশি সিনহা কিংবা কৃতি শ্যাননের মতো তারকা অভিনেত্রীরা রয়েছেন নির্মাতাদের চিন্তায়, যাদের একজনকে দেখা যেতে পারে সালমানের বিপরীতে। তবে নির্মাতা সাজিদ জানালেন, এখনও চূড়ান্ত হয়নি কোনো কিছুই।
বক্স-অফিসে ঝড় তোলা 'কিক' ২০১৪ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছিল। সিনেমাটি আয় করে নেয় ৩৭৭ কোটি রুপি। ২০০৯ সালে নির্মিত তেলেগু সিনেমা 'কিক' এর রিমেইক ছিল সালমান-জ্যাকুলিন অভিনীত এই সিনেমাটি।
