২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালাইকা-আরবাজের বিচ্ছেদ: কি বললেন সেলিম খান?

১৮ বছরের বিবাহিত জীবনের ইতি টানছেন মালাইকা আরোরা খান এবং আরবাজ খান - এই গুজব এখন মুম্বাই সিনেপাড়াজুড়ে। আরবাজ খবরটি অস্বীকার করলেও মালাইকার মৌনতাকে সম্মতির লক্ষণ হিসেবেই ধরে নিয়েছে গুঞ্জনকারীরা। এখন এই আগুনে ঘি ঢেলেছে আরবাজের বাবা সেলিম খানের মন্তব্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 01:37 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

পারস্পরিক ঘনিষ্ঠতার কারণে বরাবরই পরিচিত বলিউডের খান পরিবারের সদস্যরা। কিন্তু ছেলে আরবাজ খানের সংসারে ভাঙনের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেলেন তার বাবা সেলিম খান।

সম্প্রতি এই গুঞ্জন নিয়ে সেলিমকে প্রশ্ন করে বসে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। উত্তরে তিনি বলেন, "আমি একজন লেখক। আমাকে কারো প্রেম কিংবা বিচ্ছেদের খবর নিয়ে প্রশ্ন করবেন না। আমি কখনো আমার সন্তানদের ব্যক্তিগত জীবনে নাক গলাই না। আমি এসবের মধ্যে পড়তে চাই না।"

শুধু সেলিম খান নন, একই সুর শোনা গেছে মালাইকার মায়ের মুখেও। মালাইকার মা জয়েস পলিকার্প বলেন, "তারা দুজনই প্রাপ্তবয়স্ক, এটা তাদের নিজস্ব ব্যাপার। আমি গণমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে রাজি নই।"

চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে, ১৮ বছর সংসার করার পর এবার বিচ্ছেদের পথে এগুচ্ছেন মালাইকা-আরবাজ। কয়েকটি গণমাধ্যম দাবী করে, ইতোমধ্যেই নিজের ১৪ বছর বয়সী ছেলেকে নিয়ে বোন অমৃতার বাড়িতে উঠেছেন মালাইকা।

ওদিকে ডেক্কান ক্রনিকল সূত্রের বরাত দিয়ে বলছে, সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় খান দম্পতির সঙ্গে বৈঠকে বসেন অমৃতা এবং মালাইকার মা জয়েস। কিন্তু কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। এমনও শোনা গেছে, ভাইয়ের সংসারে ভাঙন ঠেকাতে এগিয়ে এসেছেন বড় ভাই সালমান খানও। তবে তাতেও কাজ হয়নি।