কাঁচি চলেনি ‘পাঠশালা’য়
কোনো কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেয়ে গেল শিশুতোষ সিনেমা ‘পাঠশালা'। নবাগত নির্মাতা জুটি আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি পরিচালিত সিনেমাটি মুক্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি।
১০ বছর বয়সী ছেলে মানিকের স্বপ্ন আর তা বাস্তবায়নের গল্পকে ঘিরে এগিয়েছে সিনেমার কাহিনি। সিনেমায় দেখা যাবে, মানিক তার ঘর ছেড়ে শহরে পাড়ি জমাতে বাধ্য হয়। নতুন শহরে নতুন জীবনের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে গিয়ে সে বুঝতে পারে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে শিক্ষার প্রয়োজন। হঠাৎ এক দিন আট বছর বয়সী চুমকির সঙ্গে দেখা হয় মানিকের। আর চুমকির বন্ধুত্বই মানিককে তার স্বপ্নপূরণের পথে এগিয়ে নেয়।
‘পাঠশালা’ সিনেমার ছাড়পত্র পাওয়ার পরে গ্লিটজকে নির্মাতা ফয়সাল রদ্দি বললেন, “প্রতীক্ষার অবসান হলো। বিনা কতর্নে ‘পাঠশালা’ সিনেমাটি কাঙ্ক্ষিত ছাড়পত্র পেয়েছে। এ মাসের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে সিনেমাটির মুক্তির দিনক্ষণ। 'পাঠশালা' টিমের সবাই এ নিয়ে বেশ উৎফুল্ল । দর্শকের মন জয় করতে অচিরেই প্রেক্ষাগৃহে আসছে ‘পাঠশালা’।"
রেডমার্ক প্রোডাকশন ও কনটেন্ট ম্যাটার্সের ব্যানারে নির্মিত ‘পাঠশালা’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ফয়সাল রদ্দি। দর্শক কেন বাণিজ্যিক সিনেমার ভিড়ে পাঠশালা দেখতে হলে যাবে গ্লিটজের এমন প্রশ্নের উত্তরে র্নিমাতা বললেন,“আর্ট ছাড়া সিনেমা হয়না । বাণিজ্যিক ধারা বা মূল ধারার সিনেমা কি আর্ট ছাড়া নির্মিত হয় ? বাণিজ্যিক, ভিন্ন ধারা, অবাণিজ্যিক কিংবা মূল ধারা - যতো শ্রেণীতেই সিনেমাকে বিভক্ত করা হোক না কেন দর্শক খোঁজে গল্প। 'পাঠশালা'য় হয়তো কোটি টাকা বাজেটের আরোপিত জৌলুশ নেই কিন্তু 'পাঠশালা'র আছে আশাবাদ। তাই আমার বিশ্বাস দর্শক হলে গিয়ে ঠকবেনা ।”
সিনেমাতে মানিক চরিত্রে হাবিব আরিন্দা ও চুমকি চরিত্রে ইমা আক্তার কথা অভিনয় করেছেন। এছাড়াও সিনেমাতে অভিনয় করেছেন তৌফিকুল ইমন, ফারহানা মিঠু, সেলিম গাতকসহ আরো অনেকে। সিনেমার গানের কথা লিখেছেন ও সুর করেছেন ফয়সাল রদ্দি। আর সঙ্গীতায়োজনের কাজটি করেছেন পৃথ্বী রাজ, গারেথ রেডফানর্, তামিম ও আশেক।
