২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছে 'কফি উইথ কারান'

প্রায় তিন বছর বিরতির পর ফিরছে বলিউড তারকাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান 'কফি উইথ কারান'। পরিচালক কারান জোহারের উপস্থাপনায় এবারের নতুন সিজনের শুরুতেই থাকছে দারুণ এক চমক। বন্ধু শাহরুখ খানকে অতিথি করেই অনুষ্ঠানের নতুন সিজন শুরু করবেন কারান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 02:52 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

'কফি উইথ কারান' এর শেষ সিজনে সালমান খান এবং আমির খান প্রথমবারের মতো অতিথি হয়ে এলেও আগের তিন সিজনের নিয়মিত অতিথি শাহরুখ একবারও দেখা দেননি। তবে এবার কারান টুইটারে নিজেই নিশ্চিত করেছেন, পঞ্চম সিজনের প্রথম পর্বেই অতিথি হিসেবে দর্শক পাচ্ছেন শাহরুখকে।

টুইটারে নিজের ভক্তদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে গৌরাভ নামে একজন কারানকে প্রশ্ন করেন, "আপনি কি এবার শাহরুখ স্যারকে 'কফি উইথ কারান' এ আমন্ত্রণ জানাবেন?" ভক্তের আশা পূরণ করে কারান উত্তর দেন, "হ্যাঁ অবশ্যই! উদ্বোধনী পর্বে আর কেউ নয়, এবার তিনিই থাকছেন।"

২০০৪ সাল থেকে স্টার ওয়ার্ল্ড চ্যানেলে প্রচারিত হয়ে আসছে কারান জোহার নির্মিত এবং উপস্থাপিত এই টিভি শোটি। ভারতীয় বিনোদন জগতের অনেক নামী-দামী তারকাই এ অনুষ্ঠানে অনেক গোমর ফাঁস করেছেন।