২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে চুম্বনদৃশ্য সাড়া ফেলেছে ইন্টারনেটে

হিন্দি সিনেমার একটি চুম্বনদৃশ্য অনলাইনে ঝড় তুলেছে। বলিউডের এ প্রজন্মের দুই তারকা টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুর 'বাঘি' সিনেমায় একসঙ্গে আবির্ভূত হতে চলেছেন। সেই সিনেমার জন্যই ধারণ করা হয়েছে দৃশ্যটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 04:58 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

বৃষ্টিভেজা এই চুমুর দৃশ্যে যেন পানিতে আগুন ধরিয়েছেন টাইগার-শ্রদ্ধা। নির্মাতা সাব্বির খানের মুখেও শোনা গেল এই জুটির প্রশংসা।

"আমরা দৃশ্যটি গত বছরের কোনো এক সময়ে ধারণ করেছি। টাইগার এবং শ্রদ্ধা দুজনের মাঝেই দারুণ সমঝোতা রয়েছে। বেশ ছোটবেলা থেকেই তারা একে অপরকে চেনে এবং দুজনই খুব সহজভাবে একে অপরের সঙ্গে মিশতে পারে। চিত্রনাট্য পড়ার সময় তাদের দুজনের বোঝাপড়াটা আমি খেয়াল করেছি এবং এটাই সিনেমাতে কাজে লাগিয়েছি।"

যতো বড় তারকাই হোক না কেন চুমুর দৃশ্যে অভিনয় করতে অনেকেই অস্বস্তি বোধ করেন। তবে সাব্বিরের মতে, টাইগার-শ্রদ্ধার রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ভীষণ সপ্রতিভ ছিলেন।

"তারা যথেষ্ট পেশাদার। চিত্রনাট্যের পুরোটাই তাদের আয়ত্বে ছিল এবং শুটিং সেটে অসাধারণ কিছু মুহূর্ত তৈরি হয়েছে। হোক কোনো অ্যাকশন দৃশ্য, নাচ কিংবা আবেগী মুহূর্ত - যে কোনো কঠিন দৃশ্যে তারা একে অপরকে সাহায্য করেছে।"

এই দুই তারকাই অবশ্য তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন আগেই। টাইগার শ্রফের অভিষেকের সিনেমা 'হিরোপান্তি'তে তাকে চুমু খেতে হয়েছিল অভিনেত্রী কৃতি শ্যাননকে। আর শ্রদ্ধা 'আশিকি টু' সিনেমায় অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে পর্দায় ঘনিষ্ট হয়েছেন।

টাইগার-শ্রদ্ধা অভিনীত 'বাঘি' মুক্তি পাবে এপ্রিলের ২৯ তারিখ।