২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগ্ন সেলফি এবং কিম কারদাশিয়ানের যুক্তি

রিয়ালিটি টিভি তারকা কিম কারদাশিয়ান সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন নগ্নতা এবং যৌনতার জন্য। সম্প্রতি নারী দিবসে নগ্ন সেলফি পোস্ট করে নারী তারকাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এবার এ বিষয়ে নিজের যুক্তি তুলে ধরলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 04:51 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

একের পর এক নগ্ন সেলফি পোস্ট করার পর নারী দিবসে কিমকে শুনতে হয়েছে তার নারী তারকা বন্ধুদের সমালোচনা। বর্ষীয়ান গায়িকা বেটি মাইল্ডার টুইট করেন, কিম কারদাশিয়ানের শরীরের কোনো অংশ দেখা তো আমাদের বাকি নেই। এবার যদি তিনি নতুন কিছু দেখাতে চান, তাহলে তাকে ক্যামেরাটা গিলে খেতে হবে।

এছাড়া কিমের সমালোচনা করেন অভিনেত্রী ক্লোয়ি মরটেজসহ অনেক টুইটার ব্যবহারকারী।

উত্তরে নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে একটি অনুচ্ছেদ লেখেন কিম।তিনি লেখেন, আমি নেশা করি না, খুব কম মদ্যপান করি, আমি কোনো অপরাধ করিনি জীবনে—এরপরও আমাকে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছি বলে ধরা হয়। কারণ আমি আমার দেহকে নিয়ে গর্বিত?

সবসময়ই সমালোচনা গিয়ে থামে আমার সেই সেক্স টেপে। হ্যাঁ, একটি সেক্স টেপ তৈরি করা হয়েছিল, তাও ১৩ বছর আগে। ১৩ বছর!!! অনেক লম্বা সময়, কিন্তু এখনও মানুষ এটা নিয়েই কথা বলছে?

সেই সেক্স টেপের কারণে অনেক লজ্জা আর ভয়ে আমি দিন কাটিয়েছি। কিন্তু আমি নিজেকে বুঝিয়েছি এগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।

আমি আমার দেহ নিয়ে সব জড়তা কাটিয়ে উঠেছি, নারী হিসেবে আমার লজ্জা কাটিয়েছি, নিজের দেহ নিয়ে নেতিবাচক মনোভাব দূর করেছি। পুরো বিশ্বকে দেখিয়েছি আমার শরীরেও ত্রুটি আছে এবং আমি কখনো ভয় পাইনি কে কী ভাববে এসব নিয়ে। এবং আমি আশাবাদী, আমার তারকা খ্যাতির জোরে আমি বিশ্বব্যাপী প্রতিটি মেয়ে এবং নারীর মাঝে এই শক্তি ছড়াতে পারবো।

এখন ২০১৬ সাল চলছে, কারও শরীরের সমালোচনা করার দিন আর নেই। আমার শরীরের ব্যাপারে অন্যরা কী নিয়ম ঠিক করে দিচ্ছে তা মেনে নিয়ে আমি বেঁচে থাকতে রাজি নই। সবাই সবার মতো থাক এবং আমাকে আমার মত থাকতে দিক।

আমি একজন মা, একজন স্ত্রী, একজন বোন, একজন কন্যা, একজন উদ্যোক্তা এবং আমার আবেদনময়ী হবার পূর্ণ অধিকার আছে।

নিজের অনুচ্ছেদে কিম বিশেষভাবে ধন্যবাদ দেন তার স্বামী কানইয়ে ওয়েস্টকে। দুই সন্তানের জননী কিম জানান, স্বামীর সমর্থনের কারণেই মুক্ত এবং স্বাধীন অনুভব করেন তিনি।

এদিকে কিমের অনুচ্ছেদটি প্রকাশের পর তাকে সমর্থন জানিয়েছেন মাইলি সাইরাস, অ্যাবিগেইল ব্রেসলিন, এরিয়েল উইন্টার এবং বেলা থ্রোনের মত নারী তারকারা।