'জয় বাংলা' কনসার্ট: সংগীতে উদ্দীপ্ত সন্ধ্যা
৭ মার্চ - এই দিনেই বাঙালি শুনেছিল মুক্তির আহ্বান, জেনেছিল স্বাধীনতা হবে তাদের। সে দিনটি ৪৫ বছর পর ফিরে এসেছে নতুন আঙ্গিকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় চেতনায়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণের কথা আবারও স্মরণ করা হলো বাংলাদেশের প্রথিতযশা ব্যান্ডগুলোর উপস্থাপনায় আর তরুণ প্রজন্মের অংশগ্রহণে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এবং সহযোগী প্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজিত 'জয় বাংলা' কনসার্টে গানের সঙ্গে আলোর খেলা, আতশবাজি আর লেজার শোতে মধ্যরাত পর্যন্ত মেতে ছিল প্রায় ৩০ হাজার দর্শক।
যদিও আবহাওয়া ছিল ভালোই, তবু গত দিনের ঝড়-বৃষ্টিতে বিলম্বিত হয়েছে কনসার্ট শুরুর সময়। তাতে দর্শকদের আগ্রহে তেমন একটা ভাটা পড়েছে বলে মনে হয়নি। বিকেল সাড়ে চারটা থেকেই দর্শকের ভিড় ছাড়িয়েছে আর্মি স্টেডিয়ামের প্রাঙ্গন।
গতবারের মতো এবারও 'জয় বাংলা' কনসার্টের পর্দা উঠলো সুরকার ইমতিয়াজ আহমেদ বুলবুলের নির্দেশনায় অর্কেস্ট্রায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। সঞ্চালক ইরেশ জাকের এবং মাসুমা রহমান নাবিলা স্বাগত জানালে সবার হর্ষধ্বনি ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের বাইরেও।
ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ শিল্পীদের পরিবেশনা। ছবি: তানভীর আহাম্মেদ
ভোকাল সুফি এলেন মঞ্চে, সবাইকে স্বাগত জানিয়ে গাইলেন 'এক সাগরও রক্তের বিনিময়ে' আর 'আমরা করবো জয়' গান দুটি। বিশেষ করে ধীর লয়ে 'আমরা করবো জয়'-এর উদ্দীপনা ছুঁয়ে গেল দর্শক সারির সবাইকেই। কেউ উপরে দুহাত প্রসারিত করে, কেউ বা বুকে হাত রেখে একমনে আরবোভাইরাসের সঙ্গে কণ্ঠ মেলালেন। এরপর নিজেদের রূপে ফিরলো অলটারনেটিভ রক ধাঁচের ব্যান্ডটি। দর্শক কণ্ঠে তখন 'অমানুষ' 'অমানুষ' রব। অনুরোধ রেখেছে ব্যান্ডটি। সেই সঙ্গে আরো গাইলেন 'মন্তব্য নিষ্প্রয়োজন' অ্যালবাম থেকে 'অ' এবং 'হারিয়ে যাও' গান দু'টি।
আরবোভাইরাসের লাইভ পারফরম্যান্স মানেই ক্রাউড সারফিং কিংবা ইন্সট্রুমেন্ট নিয়ে ব্যান্ড সদস্যদের তুমুল উন্মাদনা। সব চমক যেন জমিয়ে রেখেছিলেন শেষ গানটির জন্য। সুফি জানালেন, "এই উত্তাল ৭ ই মার্চ থেকেই আমরা পেয়েছি- জ্বালো আগুন জ্বালো!" দর্শকরাও সমস্বরে চিৎকার করে গাইলেন গানটি। এদিকে রঞ্জন তার গিটারের সঙ্গে তুলে নিয়ে পেটালেন আস্ত একটি বেইস ড্রাম। এদিকে মঞ্চে তখন আতশবাজির খেলা।
এরপর বিজয়ের সংগ্রামে বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে নির্মিত ‘গর্জে ওঠো বাংলাদেশ’ প্রামাণচিত্রটি প্রদর্শিত হয় মঞ্চের বড় পর্দায়। সাড়ে পাঁচটার দিকে তখন মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছে নেমেসিস, কিন্তু কিছুটা ভিন্ন সেট আপে। গিটারিস্ট জাফিরের হাতে ইলেক্ট্রিকের পরিবর্তে একটি অ্যাকুস্টিক গিটার। কিছুক্ষণ পরই ভোকাল জোহাদের কণ্ঠে ভেসে এলো দ্বিজেন্দ্রলাল রায়ের সেই কালজয়ী গান 'ধন ধান্য পুষ্প ভরা'। গানের সুরের সঙ্গে ব্যাকড্রপে চললো বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য্যের চিত্র তুলে ধরা। স্বাধীনতা সংগ্রামের অন্যতম জাগরণী গান 'রক্ত দিয়ে নাম লিখেছি' গাওয়ার সময় নেমেসিস ফিরলো তাদের চিরচেনা রূপে।
ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ শিল্পীদের পরিবেশনা।
এর আগে অবশ্য নেমেসিস গেয়ে শোনালো তাদের 'বীর' এবং 'ঘুড়ি' গান দুটো। যে গানটি নেমেসিসকে সবার কাছে 'নেমেসিস' করে তুলেছে, সেই 'অবচেতন' এর পালা এবার। পরিচিত গিটার নোটেশন আর ড্রামস বিটের তালে এবার দেখা গেল দর্শকের মাঝে উন্মাদনার জোয়ার। সবশেষে ব্যান্ডটি গাইলো 'কবে'। নেমেসিস যখন মঞ্চ থেকে নামছে, ততক্ষণে পশ্চিমে ডুবে গেছে সূর্যও।
কনসার্টে তরুণ-তরুণীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এমনই একজন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী উলফাত রহমান। নিজের বান্ধবীকে নিয়ে এসছেন কনসার্ট উপভোগ করতে। জানালেন, "দারুণ অনুভূতি, ভালো লাগছে বেশ। অসাধারণ একটি কনসার্ট উপভোগ করবো এই আশা নিয়েই এসেছি"। এদিকে সুদূর খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসছেন মাশরুর হক অয়ন, তার চোখ মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিলো সব কথা। জানালেন, "এরকম বছরে একটি মাত্র কনসার্ট, কিভাবে না এসে থাকি!"
নামাজের বিরতিতে বাইরের পরিস্থিতি কেমন তা দেখতেই স্টেডিয়ামের বাইরে একবার ঢুঁ মারা। চোখ কপালে উঠলো দেখে যে, প্রত্যেকটি প্রবেশ পথের মুখে চার পাঁচ পাক ঘুরে ছড়িয়ে ছিটিয়ে মানুষ, সবাই আছেন ভেতরে ঢোকার অপেক্ষায়। আর বাইরে তো সেই ভিড় ছাড়িয়েছে নৌ সদর দপ্তরের অফিসকেও। এদের মধ্যেই একজন অনেক আশা নিয়ে এসছিলেন আরবোভাইরাসের অনবদ্য পারফরম্যান্স দেখবেন বলে। কিন্তু আশার গুড়েবালি! প্রিয় ব্যান্ডের বাজনা অনেক আগেই সমাপ্ত- এই শুনে "আরবোভাইরাস শেষ!" বলে হতাশ দৃষ্টিতেই কিছুক্ষণ চেয়ে রইলেন।
ভেতরে ঢুকতেই মঞ্চে দেখা মিললো 'শূণ্য'র। ততক্ষণে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। এমিল তখন গেয়ে শোনালেন 'জয় বাংলা, বাংলার জয়' গানটি, তবে একদমই নিজেদের মতো করে। এরপর গাইলেন 'বেদনা' এবং 'গোধুলির ওপারে'। 'গোধুলির ওপারে'র কোরাসটা গাইলেন দর্শকরাই, এমিল শুধু নিজের মাইক্রোফোনটা সামনে ধরে রেখেছিলেন।
নিজেদের মতো করে লোক গান 'মন তোরে' গাইবার পর শূণ্য গাইলো তাদের নতুন গান 'ভাগো'। ব্যান্ডটির লিড গিটারিস্ট শাকের রেজা ব্যান্ড ছেড়েছেন বেশ কিছুদিন হলো, তাই এমিল তাদের ব্যান্ডের নতুন গিটারিস্ট ইশমামকে পরিচয় করিয়ে দিলেন এই গানটির মাধ্যমে। উপস্থিত সকলেই স্বাগত জানান ব্যালে রক ধাঁচের ব্যান্ডের এই নতুন গিটারিস্টকে।
ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর শিল্পীদের পারফর্মিং আর্ট। ছবি: তানভীর আহাম্মেদ
ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বড় পর্দায় দেখানো হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। ছবি: তানভীর আহাম্মেদ
জাতির জনকের ১৯ মিনিটের এই ভাষণের সঙ্গে দর্শকরা যেন ফিরে গেলেন একাত্তরের মার্চের উত্তাল সেই সময়ে। এরপর প্রথমবারের মতো ঐতিহাসিক সেই ভাষণের রঙিন সংস্করণ দেখানো হলো বড় পর্দায়।
ঘড়ির কাঁটা রাত ৮টা পেরিয়েছে। মঞ্চে ওঠার পালা হেভি মেটাল জায়ান্ট ক্রিপটিক ফেইটের। ব্যান্ডটির বেইজিস্ট এবং ভোকাল শাকিব কিছুটা অচেনা উপস্থিতিতে আজ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি পরে হাজির হয়েছেন সুপারহিরো টি-শার্টের বদলে। খেলা নিয়ে কথাও হয়েছে, তবে সবাইকে আগে চাঙা করে নিলেন 'ভোরের অপেক্ষা' সিঙ্গেলটি গেয়ে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'কারার ওই লৌহ কপাট' আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 'তীর হারা' গান দুটোর পরিবেশনা এলো এর পরেই। 'তীর হারা'র কোরাস স্মরণীয় হয়ে রইলো চিৎকার করে তাল মেলানো সব দর্শকের জন্য। শাকিবের বাংলাদেশের জার্সি পড়ে আসবার কারণটা মোটামুটি সবাই অনুমান করে নিয়েছেন ইতোমধ্যেই, নিজে থেকেও জানালেন, "আমাদের লড়াইটা এখন মাঠে, ব্যাটে-বলে। আমরা সেখানেও এগিয়ে যাবো"। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে যাবার বেদনাকে ভুলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ক্রিকেট টিমকে শুভ কামনা জানিয়ে গাইলেন 'চলো বাংলাদেশ'। গানটিকে বাংলাদেশ ক্রিকেট দলের অবিসংবাদিত থিম সং বললে ভুল হবে না। 'ভবঘুরে' আর 'আক্রমণ' গানটিও ছিল তাদের জোরালো পরিবেশনায়।
তবে রাতের সবচেয়ে জাদুকরী মুহূর্তগুলো বোধহয় রাখা ছিল
শিরোনামহীনের জন্যই। তানজির তুহিন বললেন, "আমরা সবাই এখানে এসেছি আমাদের চেতনাকে ধারণ করে। আমাদের উচিত এই চেতনাকে এখন ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া"। কিবোর্ডে রাসেল আর গিটারে দিয়াতের ধীর বাদনে বেজে উঠে পরিচিত একটি সুর, শিরোনামহীন গেয়ে শোনায় 'ও আমার দেশের মাটি' গানটি।
ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর শিল্পীদের পারফর্মিং আর্ট। ছবি: তানভীর আহাম্মেদ
ইদানিং 'আবার হাসিমুখ' ই যেন ব্যান্ডটির সমাপ্তি সংগীত হয়ে দাঁড়িয়েছে। সেটি হলো, দুর্দান্তভাবেই। রাত সাড়ে নটার সময় তখনও এক চুল নড়েননি কোনো দর্শক। গলা ছেড়ে তুহিন গাইবার মুহূর্তেই এলো সেই চমক। দিয়াতের গিটার সোলোর সঙ্গে রাসেলের কিবোর্ডের দ্যোতনা ছিল দেখবার মতো। দীর্ঘ দশ মিনিট ধরে মঞ্চে চললো এক অসাধারণ উন্মাদনা। তুহিনের চড়া গায়কি দিয়েই ইতি টানা হলো অসাধারণ একটি পারফরম্যান্সের।
রাত দশটা নাগাদ অনেকেই নিজ নিজ গন্তব্যের দিকে এগুতে শুরু করেছেন। এদিকে সাউন্ড চেক শুরু হয়েছে ব্যান্ড লালনের। নয়টা পঞ্চাশ নাগাদ ব্যান্ডটি প্রস্তুত হলো গান শোনানোর জন্য। যে কজন দর্শক তখনও অপেক্ষা করে আছেন তাদের সবাইকে চাঙা করে দিলো ভোকাল সুমির শক্তিশালী কণ্ঠ। সাধারণত লোক গান, লালনের গানই ঘুরে ফিরে গেয়ে এসেছে ব্যান্ডটি, তাদের মৌলিক গানও রয়েছে। 'জয় বাংলা' কনসার্ট উপলক্ষে সে ধারা থেকে একটু বাইরে এলো ব্যান্ডটি, ধীর লয়ে শোনালো 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে' গানটি।
ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্টে’ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। ছবি: তানভীর আহাম্মেদ
হাজার ত্রিশেক থেকে দর্শকের সংখ্যা ততক্ষণে পাঁচ হাজারে নেমে এসেছে, সময় তখন প্রায় রাত সাড়ে দশটা। তবে যারা রয়ে গিয়েছেন, তাদের অপেক্ষা কেবল একটি ব্যান্ডের জন্য। তিন দশকেরও বেশি সময় ধরে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাতিয়ে রাখা ওয়ারফেইজ মঞ্চে উঠলো এর পরই। ভোকাল মিজান গেয়ে শোনালেন 'তুমি কি জানো না' এবং 'না'।
ওয়ারফেইজ দীর্ঘদিন ধরে লাইভ কনসার্টে হাতে গোনা কিছু গানই গেয়ে আসছে। এবার সে ধারাটা যেন ভাঙলো, টিপুর ডাবল বেইস ড্রামিং থেকে বোঝা গেল, শুরু হয়েছে 'ধূসর মানচিত্র'। মাঝে কিছুটা চমক, গিটারে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো'র সুর বাজছে। কিছুক্ষণ পর মিজানের গলায় শোনা গেল গানটি। দুটি গান দিয়েই সবাইকে উজ্জীবিত করে তুললো ব্যান্ডটি।
মিজানকে এখনও কেন এ দেশের অন্যতম সেরা ভোকাল বলা হয়, তার প্রমাণ মিললো 'পূর্ণতা' গানটির জাদুতে। সেখান থেকে আবার উচ্চস্বরে গাইলেন 'মহারাজ'। ব্যান্ডটির অন্যতম আরেকটি আকর্ষণ ছিল সামির হাফিজ-রজার-কমল-শামস একসঙ্গে বাজিয়েছেন পুরোটা সময় ধরেই। টিপুও পেছন থেকে সঙ্গ দিয়ে যাচ্ছেন মারকুটে ড্রামিং এ। বরাবরের মত্র তাদের পাফরম্যান্সের ইতি টানা হলো 'বসে আছি' গানটির মাধ্যমে।
দ্বিতীয়বারের মতো সফল একটি আয়োজনের পর্দা নামলো। সামনের বছর আবার এই আয়োজনের দেখা পাবার আকাঙক্ষা নিয়েই বাড়ি ফিরলেন সবাই।
