আবার অ্যাকশন অবতারে মাহি!
২০১২ সালে শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় মাহিয়া মাহির অভিষেক ঘটেছিল পাশের বাড়ির মিষ্টি মেয়ে রূপেই। কিন্তু ২০১৪ সালেই দর্শকরা মাহিকে দেখেন নতুন অবতারে। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্রে অনবদ্য অভিনয় করে মাথা ঘুরিয়ে দেন তিনি। শোনা যাচ্ছে আবারও মারদাঙ্গা চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।
কমল সরকারের চিত্রনাট্যে রাজু চৌধুরী পরিচালিত সিনেমাটির নাম এখনও চূড়ান্ত না হলেও সিনেমায় কাজ করার ব্যাপারে নাকি সবুজ সংকেত দিয়েছেন মাহি। খুব শিগগিরই পরিচালক সমিতিতে সিনেমার নাম নিবন্ধন শেষে শুটিং শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
সম্প্রতি বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিৎ’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি। প্রথমবারের মতো তাকে দেখা যাবে ছোট পর্দার চেনা মুখ সজলের বিপরীতে। এখন প্রেক্ষাগৃহে চলছে মাহি অভিনীত হুমায়ূন আহমেদের সাহিত্যনির্ভর চলচ্চিত্র 'কৃষ্ণপক্ষ'। সিনেমায় মাহির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
