ভারত 'অসহিষ্ণু' নয়: আমির
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করে অনেক ভারতীয়কেই চটিয়েছিলেন আমির খান। শনিবার এক সাক্ষাৎকারে আমির আবারও দাবী করলেন, ভারত অবশ্যই সহনশীল, তবে কিছু মানুষ ঘৃণা ছড়িয়েছেন এবং তাদের নিয়ন্ত্রণ করা দরকার ছিল।
ভারতীয় এক বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আমির বলেন, "আমাদের রাষ্ট্র খুবই সহনশীল, কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যারা তাদের দুরভিসন্ধির প্রসার ঘটান। যারা এই বিশাল দেশটিকে ভাঙার কথা বলে, তেমন মানুষ সব ধর্মেই রয়েছে, কেবল মোদি সাহেবই তাদের রুখতে পারেন। সবশেষে মোদি সাহেব আমাদের প্রধানমন্ত্রী, আমাদের তাকে বলতে হবে।"
তিনি আরো বলেন, ধর্মীয় অসহিষ্ণুতা ইস্যুতে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
"আমি কখোনো বলিনি ভারত অসহিষ্ণু, আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়। 'অসিষ্ণুতার মাথা চাড়া দিয়ে উঠেছে' এটা বলা আর ভারত 'অসহিষ্ণু' এটা বলা এক নয়।"
২০১৫ সালে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার প্রসঙ্গটি আলোচনায় আসে গরুর মাংস খাওয়ার গুজবের ভিত্তিতে এক মুসলমান ব্যক্তিকে পিটিয়ে হত্যার মতো কয়েকটি ঘটনার মধ্য দিয়ে। এরপর শাহরুখ খান মন্তব্য করেন যে, ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে। পরে এক অনুষ্ঠানে আমির খান বলে বসেন যে, এ ধরনের পরিস্থিতিতে তিনি শঙ্কায় ভোগেন এবং তার পরিবার দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছে।
