প্রিতি, উর্মিলা দেরিতে বিয়ে করায় খুশি সুস্মিতা
একেবারে হুট করেই পর পর বিয়ে করে বসলের বলিউডের দুই অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকার এবং প্রিতি জিনটা। সহকর্মীরা অভিনন্দন আর শুভ কামনা জানাতে ভুলছেন না। ঘনিষ্ট দুই সহকর্মীর বিয়েতে উচ্ছাস প্রকাশ করেছেন আরেক অভিনেত্রী সুস্মিতা সেন।
এশিয়া স্পা অ্যাওয়ার্ডস ২০১৫র মঞ্চে এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী সুস্মিতা বলেন, "আমি এরই মধ্যে টুইটারে প্রিতিকে অভিনন্দন জানিয়েছি। আমি দারুণ আনন্দিত তার বিয়ের খবরে। তিনি অসাধারণ এক ব্যক্তিত্ব এবং উর্মিলাও।"
লোকচক্ষুর আড়ালে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এক সময়ের দুই দাপুটে অভিনেত্রী প্রিতি ও উর্মিলা। ৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উর্মিলার বিয়ের ছবি, সেখানে কনের সাজে উর্মিলাকে দেখা যায় স্বামী মহসিন আখতার মিরের পাশে। ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও বলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় এবং মডেলিং করেছেন তিনি।
অন্যদিকে মার্কিন নাগরিক জিন গুডএনাফের সঙ্গে ২৮ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন প্রিতি। কাউকে কিছু না জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে যায় তার বিয়ের খবর।
জীবনসঙ্গী বেছে নেয়ার ব্যাপারে বয়সের প্রচলিত নিয়ম মানেননি এই দুই অভিনেত্রী। এ বিষয়ে সুস্মিতা বলেন, "এটা খুবই দারুণ ব্যাপার যে নারীরা বিয়ে করার সিদ্ধান্তটি অনেক পরে এসে নিচ্ছে এবং "ওহ! আমার বয়স ২০ ছাড়িয়েছে। আমার এখন কি হবে? আমাকে এখন সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করতে হবে"- এমন চিন্তা না করে সিদ্ধান্ত নেয়ার জন্য সময় নিচ্ছে। সম্পর্ক কখনও সময় মেনে হয় না, সম্পর্ক গড়ার সঠিক সময় বলে কিছু নেই।"
সামাজিক রীতির বিরুদ্ধে অবশ্য সুস্মিতাকেও দাড়াতে হয়েছে এক সময়। অবিবাহিত অবস্থাতেই ২০০০ সালে একজন সন্তান দত্তক নিতে আইনি ঝামেলাও পোহাতে হয়েছিল তাকে। যদিও বিজয়ীর হাসিটা সুস্মিতাই হাসেন। পরবর্তীতে ২০১০ সালে আরো একটি সন্তান দত্তক নেন তিনি।
