গোপনে বিয়ে করা তারকারা
বলিউড তারকাদের বিয়ে মানেই ভক্তদের জল্পনা-কল্পনা, উৎসুক গণমাধ্যম, আলোর ঝলকানি, জমকালো সাজ-পোশাক আর তারার মেলা। কিন্তু অনেক তারকাই জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটি উৎসাহী দৃষ্টির আড়ালে নিভৃতে কাটাতে চান। আর তাই কাউকে না জানিয়ে চুপি চুপি অনেকেই জীবনসঙ্গীর গলায় মালা পড়ান।
গোপনে বিয়ে সারা তারকাদের দলে নবতম সংযুক্তি উর্মিলা মাতোন্ডকার। তিনি বিয়ে করছেন - এমন কথা ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি। একদমই ঘরোয়াভাবে বিয়ে করেছেন পরিবারের সদস্য আর বন্ধুদের উপস্থিতিতে। ডিজাইনার মানিশ মালহোত্রা ছাড়া বলিউডের আর কেউ তার বিয়েতে উপস্থিত ছিলেন না। স্বামী মহসিন আখতার মির মুসলমান হলেও হিন্দু রীতিতেই সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
প্রিতি জিনটা-জিন গুডএনাফ
ফেব্রুয়ারির শুরু থেকেই শোনা যাচ্ছিল, মাসের শেষে শুভ কাজটি সেরে ফেলবেন প্রিতি । তবে বরাবরের মতো নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে নীরবতা বজায় রেখেছেন এই অভিনেত্রী। বর্ষীয়ান অভিনেতা কবির বেদির একটি শুভেচ্ছামূলক টুইট থেকে তার বিয়ের খবর জানতে পারে মুম্বাই সিনেমাপাড়া। দীর্ঘদিনের প্রেমিক মার্কিন নাগরিক জিন গুডএনাফের সঙ্গে লস এঞ্জেলসে বিয়ের কাজটি সেরেছেন গোপনে।
কবির বেদি-পারভিন দুসাঞ্জ
আন্তর্জাতিক খ্যাতি পাওয়া ভারতীয় অভিনেতা কবির বেদি নিজেও কদিন আগেই বিয়ের পিঁড়িকতে বসেছেন চতুর্থবারের মতো। ৭০ বছর বয়সে দীর্ঘদিনের সঙ্গী পারভিন দুসাঞ্জকে বিয়ে করেন ১৫ জানুয়ারি।
রানি মুখার্জি-আদিত্য চোপড়া
আদিত্য চোপড়ার সঙ্গে রানির প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি। কিন্তু কখনোই গণমাধ্যমে সম্পর্কের কথা স্বীকার করেননি এই জুটি। বরং ২০১৪ সালের এপ্রিলে ইতালিতে বিয়ে করেন রানি-আদিত্য।
কুনাল কাপুর- ন্যায়না বাচ্চান
শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনে বিয়ের কাজটি সেরেছেন বলিউড তারকা কুনাল কাপুর। দু বছর চুটিয়ে প্রেম করার অমিতাভ বচ্চনের ভাইয়ের মেয়ে ন্যায়না বচ্চনকে বিয়ে করেন হঠাৎ করেই।
সঞ্জয় দত্ত-মান্যতা
দু বছর প্রেম করার পর বর্তমান স্ত্রী মান্যতার সঙ্গে সঞ্জয়ের বিয়েটা হয়েছিল নিভৃতেই। ২০০৮ সালে ভারতের গোয়ায় দুই পরিবারের উপস্থিতিতে হয় এই বিয়ে। অবশ্য সঞ্জয়ের জন্য এটি ছিল তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী রিচা শর্মা গত হয়েছেন দু দশক হল। এরপর ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন রিয়া পিল্লাইকে, কিন্তু ২০০৫ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।
জন অ্যাব্রাহাম-প্রিয়া রাঁচাল
সবাই ধরেই নিয়েছিলেন, বিপাশা বাসু ও জন অ্যাব্রাহাম দম্পতি হতে চলেছেন শিগগিরই। কিন্তু ২০১১ সালে হঠাৎই শোনা যায় তাদের সম্পর্ক ভাঙার খবর। এর কিছুদিন পরই মার্কিন যুক্তরাষ্ট্রে জন বিয়ে করেন প্রিয়া রাঁচালকে। এমনকি গণমাধ্যমও নিশ্চিত ছিল না তাদের দুজনের বিয়ের ব্যাপারে। ২০১৪ সালে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে করা এক টুইটে নিজের স্ত্রীর নামটি ভক্তদের জানিয়েছিলেন অ্যাকশন তারকা জন।
ধর্মেন্দ্র-হেমা মালিনি
হাজারো পুরুষের স্বপ্নের নারী হেমা মালিনি সবার মন ভেঙে দিয়েছিলেন ধর্মেন্দ্রর গলায় মালা পড়িয়ে। 'শোলে'র সেটেই ধর্মেন্দ্রকে ভালোবেসে ফেলেছিলেন বলে জানিয়েছিলেন এই তারকা। তবে বিয়ের কাজটা সারেন একদমই গোপনে ১৯৮০ সালে। শোনা যায় হেমাকে বিয়ে করার জন্য বিবাহিত ধর্মেন্দ্রকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল।
শ্রীদেবি-বনি কাপুর
বিবাহিত বনি কাপুর গোপনে শ্রীদেবিকে নিজের জীবনসঙ্গিনী করে নিয়েছিলেন ১৯৯৬ সালে। অবশ্য বিয়ের পরই বনি তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটান। সে সময় কানাঘুষো চলছিল, দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন এই জুটি।
