২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দর্শন দেবেন শ্রাবন্তী

ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘শিকারী’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মতো ঢাকায় আসছেন টালিগঞ্জের এই মিষ্টি মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 06:16 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ গ্লিটজকে জানান,“ মার্চের ৭ তারিখে ‘শিকারী’ সিনেমার মহরত অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য তিনি ঢাকায় আসছেন। কেবলমাত্র একদিন শ্রাবন্তী ঢাকায় অবস্থান করে পরের দিন ঢাকা ত্যাগ করবেন তিনি।”

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মিতব্য ‘শিকারী’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটবে এই অভিনেত্রীর। ঢাকার সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে শ্রাবন্তীকে।সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশ থেকে সীমান্ত ও কলকাতার জয়দেব।

১৯৯৭ সালে স্বপন সাহার ‘মায়ার বাঁধন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে টালিগঞ্জের সিনেমায় অভিষিক্ত হন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপরে ২০০৩ সালে রবি কিনাগীর ‘চ্যাম্পিয়ান’ সিনেমায় অভিনয়ের পরেই পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করে পুরোদস্তর গৃহিনী বনে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবার নিয়মিত কাজ শুরু করেন তিনি। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘চ্যাম্পিয়ান’, ‘অমানুষ’, ‘দুজনে’, ‘ওয়ান্টেড’, ‘সেদিন দেখা হয়েছিলো’, দিওয়ানা’, ‘কানামাছি’, ‘মজনু’, ‘বিন্দাস’,‘বুনোহাঁস’,‘ইডিয়ট’ ইত্যাদি।

সবকিছু ঠিকঠাক মত চললে এই মাসের ১৪ তারিখে ভারতে ‘শিকারী’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।