'কৃষ্ণপক্ষ': হুমায়ুন নস্টালজিয়ায় মোড়ানো
নিউ মার্কেটের উল্টো পাশে বলাকা সিনেমা হল। পাশের ফুটপাতে মানুষ আর রকমারি দোকানপাটের ভিড় ঠেলে এক নারী সম্ভবত তার স্বামীকে নিয়ে ছুটছেন আর বলছেন, "'কৃষ্ণপক্ষ' মুক্তি পেয়ে গেছে। হুমায়ুন আহমেদ নাই, তার মারা যাবার পর প্রথম সিনেমা। দেখে আসি চলো।"
হুমায়ুন আহমেদ নশ্বর পৃথিবী ছেড়েছেন বটে, কিন্তু ভক্তদের হৃদয়ে তিনি অমর। তার লেখাকে এবার সেলুলয়েডের ফিতায় বেঁধে দর্শকের সামনে এনেছেন তার সহধর্মিনী মেহের আফরোজ শাওন। 'কৃষ্ণপক্ষ' নিয়ে সবার উচ্চাশা থাকাটা তাই স্বাভাবিক।
তবে পর্যালোচনার নিক্তিতে এবার হুমায়ুন আহমেদ রচিত 'কৃষ্ণপক্ষ' নয়, উঠেছে মেহের আফরোজ শাওন নির্মিত 'কৃষ্ণপক্ষ'। উপন্যাসের পাতা থেকে অরু-মুহিব কিংবা জেবা-শফিক রূপালি পর্দায় কতোটুকু বেরিয়ে আসতে পেরেছে, সেটা মাথায় রাখাটা জরুরি। মোদ্দা কথা, সিনেমাটি হুমায়ুন আহমেদের গল্পের চেয়ে শাওনের স্বকীয় একটি সিনেমা হয়ে উঠেছে কিনা, সেটাই দেখবার বিষয়।
শুধুমাত্র এই কারণেই অরু-মুহিবের প্রেমের সম্পর্কটা সম্পূর্ণ হয় না। মুহিবের জন্য অরুর যে টান, অনেকের কাছেই তা বাতুলতা মনে হতে পারে, যদি তারা উপন্যাসটি না পড়ে থাকেন। আর যারা পড়েছেন তারা চরিত্রগুলোর অভিব্যক্তি, সংলাপ আর সিনেমার কাহিনির বাঁকে বাঁকে স্মৃতির দেখা পাবেন। 'কৃষ্ণপক্ষ' হুমায়ুন আহমেদের নস্টালজিয়া তৈরিতে বাজিমাত করেছে যতটাই, ততটাই ব্যর্থ হয়েছে একটি সম্পূর্ণ সিনেমা হয়ে ওঠার বেলায়।
চরিত্রগুলোর ব্যাপারে বলতে গেলে প্রথমেই চলে আসে অরুর কথা। ঢাকাই বাণিজ্যিক ছবির প্রথম সারির এ নায়িকাকে ব্যবহারের ক্ষেত্রে শাওন সাফল্যের পরিচয় দিয়েছেন। ক্লাইম্যাক্সের অভিব্যক্তিটুকু ছাড়া অরু হিসেবে লেটার মার্ক পেয়ে উতরে গেছেন মাহি। শান্ত, নীরব; আবার প্রয়োজনে প্রাণ চঞ্চল, স্নিগ্ধ এক তরুণী অরুর চরিত্রায়নে সফলই বলতে হবে মাহিকে। মুহিব হিসেবে সিনেমায় সময় কমই পেয়েছেন রিয়াজ। বেশ কিছু জায়গায় তার সংলাপ বলার ধরনে কিছুটা বিরক্তিরও উদ্রেগ হয়।
কিন্তু আবারও যেন সিনেমার সীমাবদ্ধতাগুলো চোখে পড়ে যায়। উপন্যাসে মুহিবের বন্ধু চরিত্রগুলো অনায়সেই বাদ যেতে পারতো। এতে সময় নষ্ট হয়েছে, সঙ্গে সিনেমার দুর্বলতাগুলোও প্রকট হয়েছে। এর চাইতে বোনের বাড়িতে মুহিবের কষ্টে বেড়ে ওঠা কিংবা অরুর সঙ্গে মুহিবের সম্পর্কের প্লটের বিস্তার করা যেতো। ক্যামেরার কাজ শুরুর দিকে বেশ ভালো মনে হলেও চরিত্রনির্ভর একটি সিনেমায় চরিত্রগুলোর উচ্ছ্বাস কিংবা দুশ্চিন্তার অভিব্যক্তি এড়িয়ে ক্যামেরা উপর নিচে বার বার প্যান করলে সেটা এক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মেকি ঠেকেছে দুর্ঘটনার সময়কার অভিনয়টুকুও। আর আবহ সঙ্গীতে এস আই টুটুল একেবারেই ব্যর্থ। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে লুপে বাজানো মেলোডিগুলো সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি। কিন্তু এত সমালোচনার মাঝেও শাওন বড় সড় একটা কৃতিত্ব পাবেন অন্তিম দৃশ্যটির জন্য। চলে এসো এক বরষা গানটির সঙ্গে শেষ দৃশ্যটিতে সৃষ্ট পরাবাস্তব আবহ সত্যিই অপ্রত্যাশিত এবং দারুণ ছিল।
