বিয়ে করেছেন প্রিতি!
এখন পর্যন্ত নিজ মুখে কিছুই বলছেন না বলিউডি অভিনেত্রী প্রিতি জিনটা। কিন্তু অভিনেতা কবির বেদির শুভেচ্ছামূলক একটি টুইট জানান দিলো, বিয়ের কাজটা সেরেই ফেলেছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী।
ফেব্রুয়ারির শুরু থেকেই শোনা যাচ্ছিল, মাসের শেষে শুভকাজটি সেরে ফেলবেন প্রিতি । তবে বরাবরের মতো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই বলতে রাজি হননি তিনি। সম্প্রতি প্রিতিকে টুইটারে বিয়ের শুভেচ্ছা জানান কবির বেদি, আর তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা জল্পনা কল্পনা।
এর আগে গণমাধ্যমে খবর আসে, ফেব্রুয়ারির শেষের দিকে লস এঞ্জেলসে গাঁটছড়া বাঁধবেন প্রিতি। পাত্র তার দীর্ঘদিনের বন্ধু জিনি গুডএনাফ, লস এঞ্জেলসের এই বাসিন্দা পেশায় একজন আর্থিক বিশ্লেষক।
প্রিতির ঘনিষ্ঠ সূত্র দাবী করেছিল, লস এঞ্জেলেসে অত্যন্ত ঘরোয়াভাবে বিয়ের মূল অনুষ্ঠানটি সারার পর এপ্রিলে মুম্বাইতে ফিরে বড় ধরণের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন প্রিতির বলিউড সহকর্মীরা।
ধারণা করা হচ্ছে, সোমবার অর্থাৎ ২৯ ফেব্রুয়ারির দিনটাকেই বিয়ের জন্য বেছে নেন প্রিতি-জিনি।
এমনও বলা হচ্ছে, প্রিতির এই গোপন বিয়েতে অংশ নিয়েছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু হৃত্বিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান এবং ফ্যাশন ডিজাইনার সুরিলি গোয়েল।
সেদিন সুরিলির সঙ্গে একটি ছবি তুলে টুইট করেন সুজান, সেই সঙ্গে ক্যালিফোর্নিয়ায় নিজের অবস্থান জানান দেন। ফলে প্রিতির বিয়ের গুজব আরো জোরালো হয়।
অভিনেতা কবির বেদি প্রথম টুইট করেন, "আমার বন্ধু প্রিতিকে অনেক শুভেচ্ছা জিনি গুডএনাফের সঙ্গে তার বিয়েতে, লস এঞ্জেলস, দেবদূতদের শহর। আশীর্বাদ রইলো!"
কবির বেদির এই টুইট দেখার পরপরই আলোড়ন সৃষ্টি হয়। এক টুইটার ব্যবহারকারী রসিকতা করে লেখেন,"অবশেষে প্রিতি একজন গুডএনাফ জিনিকে বিয়ে করে ফেললেন!"
আরেকজন লেখেন, অভিনেত্রী প্রিতি জিনটা বিয়ে করলেন জিনি গুডএনাফকে, এখন তাহলে তার নাম কি হবে প্রিতি গুডএনাফ?’
জিনি গুডএনাফের সঙ্গে মুম্বাইতেও ক্যামেরাবন্দি হয়েছেন প্রিতি, তবে বরাবরই তাকে ভাল বন্ধু বলে পরিচয় দেন তিনি। এর আগে প্রিতির প্রেম ছিল বোম্বে ডাইয়িংয়ের মালিক নেস ওয়াদিয়ার সঙ্গে। খুব খারাপভাবেই এ সম্পর্কের ইতি ঘটে।
