৫০ কোটি পেরুলো 'নিরজা'র আয়
যত দিন যাচ্ছে বক্স-অফিসে ‘নিরজা'র খুঁটি যেন ততই শক্ত হচ্ছে। অসম সাহসী বিমান কর্মর্কর্তা নিরজা ভানোতের আত্মত্যাগের কাহিনি নিয়ে নির্মিত 'নিরজা' দর্শক-সমালোচকদের তুষ্ট করে এরই মধ্যে ছুঁয়ে ফেলেছে অর্ধ শত কোটির অঙ্ক।
১৯৮৬ সালে পাকিস্তানের করাচিতে প্যান অ্যাম সেভেনটি থ্রির বিমানটি জিম্মি করে সন্ত্রাসীরা। ২৩ বছর বয়সী কর্মকর্তা নিরজার বুদ্ধি ও সাহসিকতার বলে রক্ষা পায় যাত্রীদের প্রাণ। যদিও গুলি করে তাকে হত্যা করে জঙ্গিরা।
১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটি দ্বিতীয় সপ্তাহের প্রথম তিন দিনেই ১৪ কোটি ৮০ লাখ রুপি আয় করে নেয় সিনেমাটি। ফলে মুক্তির ১০ দিনেই ৫০ কোটিতে পৌঁছে গেছে সিনেমাটির আয়।
চিত্রনাট্যের গাঁথুনি এবং অভিনয় নৈপুণ্যের জন্য সিনেমাটি বক্স-অফিসে শক্ত অবস্থান ধরে রাখবে বলেই মনে করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ। তিনি আরো জানান, "যেভাবে ‘নিরজা'র আয়ের হার বেড়ে ৫০ কোটি ছুঁয়েছে, সেভাবে চলতে থাকলে বৃহস্পতিবারের মধ্যেই সিনেমাটি আয় করে ফেলবে ৬০ কোটি রুপি।"
ফক্স স্টার স্টুডিওসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে নিরজা ভানোত চরিত্র রূপায়ন করেছেন সোনাম কাপুর। সিনেমায় আরও অভিনয় করেছেন শাবানা আজমি, শেখার রাভজানি এবং ইয়োগেন্দ্র টিকু।
