২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার ২০১৬: সেরা বচন

৮৮তম অ্যাকডেমি অ্যাওয়ার্ডস নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে। এ আসরেই অবশেষে অস্কার হাতে পেয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, টানা দ্বিতীয়বারের মতো সেরা নির্মাতা নির্বাচিত হয়েছেন আলেহান্দ্রো গনজালেন ইনারিতু। এছাড়াও কয়েক জন অস্কার বিজয়ী তাদের ধন্যবাদ জ্ঞাপনের বক্তব্যে এমন কিছু কথা বলেছেন, যেগুলো অনেক দিন মনে থাকবে দর্শকদের। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 02:39 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

" 'দ্য রেভনেন্ট’ হলো মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কের গল্প। শুটিংয়ের কাজে শুধুমাত্র বরফ খোঁজার জন্য আমাদের পৃথিবীর একেবারে দক্ষিণে যেতে হয়েছে। ২০১৫ ছিল সবচেয়ে উষ্ণতম বছর। বৈশ্বিক উষ্ণতা এখন একটি বাস্তব সত্য, যা আমাদের চোখের সামনে ঘটছে। আসুন আমরা পৃথিবীকে হালকাভাবে না নেই। আমি আজকের সন্ধ্যাকে হালকাভাবে নিচ্ছি না।"

প্রথম মনোনয়ন পাওয়ার ২৩ বছর পর অস্কার জেতার পর লিওনার্দো ডি ক্যাপ্রিওর বক্তব্যে বিশ্ববাসীকে সচেতন করার উদ্যোগই মূখ্য হয়ে ওঠে। 

"পোপ ফ্রান্সিস, এবার সময় এসেছে শিশুদের রক্ষা করার এবং বিশ্বাস ফিরিয়ে আনার।"

ক্যাথলিক চার্চের ধর্মযাজকদের দ্বারা যৌন নিপীড়ণের শিকার হাজার হাজার মার্কিন শিশুর কথা তুলে ধরে ইতিহাস সৃষ্টি করেছিল বোস্টন গ্লোব পত্রিকা, যা সেলুলয়েডের পর্দায় এনেছেন টম ম্যাকার্থি ‘স্পটলাইট’- এর মাধ্যমে। আশ্চর্য হলেও সত্যি, এখন পর্যন্ত এই বিষয়গুলো ধামাচাপা দেওয়ার রেওয়াজ বজায় রয়েছে। ২০১৬ সালের অস্কার আসরে সেরা চলচ্চিত্রের খেতাব পাওয়ার পর ‘স্পটলাইট’ - এর প্রযোজক মাইকেল সুগার মঞ্চে দাঁড়িয়ে সরাসরি পোপের উদ্দেশ্যে এই মন্তব্য করেন।

"গায়ের রঙ আমাদের চুলের দৈর্ঘ্যের মতই অবান্তর একটি বিষয়"

এ বছরের অস্কারকে ঘিরে বর্ণবাদের ইস্যুটি ছিল ব্যাপক চর্চিত। সেরা পরিচালকের ট্রফি হাতে নিজের সিনেমা ‘দ্য রেভনেন্ট' - এর উদ্ধৃতি দিয়েই বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন মেক্সিকোর নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু।

"একজন সমকামী পুরুষ হিসেবে গর্বের সঙ্গে আজ আমি এই মঞ্চে দাঁড়িয়েছি। আমি আশাবাদী, একদিন আমরা সবাই ঠিক এভাবেই সমকক্ষ হয়ে একসঙ্গে দাঁড়াতে পারবো।"

‘স্পেক্টার’এর গান ‘রাইটিং অন দ্য ওয়াল’- এর জন্য সেরা মৌলিক গানের অস্কার হাতে সঙ্গীত পরিচালক স্যাম স্মিথ এ কথা বলেন।

"যদিও আমি কোনো দিন ভাবিনি এমন হবে, কিন্তু আমার বাবা-মা সবসময় আমাকে বলেছেন, ইচ্ছা থাকলে সবই সম্ভব।"

‘দ্য ড্যানিশ গার্ল’- এ অভিনয় করে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর অস্কারটি পাওয়ার পর সবার আগে নিজের সহশিল্পীকে ধন্যবাদ জানান সুইডিশ অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দার। তবে নিজের এই বিশাল অর্জনের পেছনে বাবা-মায়ের অবদান ভোলেননি তিনি।  

"যারা এখন হাইস্কুলে পড়ছ, মানসিক চাপে আছো, তোমাদের অনেক খারাপ সময় পার করতে হবে, তুমি কিছুই করতে পারবে না, কিন্তু তুমি সৃষ্টি করতে পারবে। তুমি চাইলে ফিল্ম বানাতে পারো, ছবি আঁকতে পারো, লিখতে পারো, এগুলো তোমার পুরো দুনিয়াকেই বদলে দেবে।"   ‘ইনসাইড আউট’- এর জন্য সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার হাতে নিয়ে পরিচালক পিট ডক্টর উঠতি বয়সী ছেলেমেয়েদের উদ্দেশ্যে এই অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

"এমি ছিলেন রসিক, বুদ্ধিমতী, পাগলাটে এবং অসাধারণ একটি মেয়ে। এই অস্কারটি তার সেই ভক্তদের জন্য, যারা সময়ে-অসময়ে তার পাশে ছিলেন, ভক্তদের ভালোবাসাই ছিল এমির জন্য সবকিছু।"

প্রয়াত গায়িকা এমি ওয়াইনহাউজের উপর নির্মিত প্রামাণ্যচিত্রের জন্য সেরা তথ্যচিত্রের অস্কার পান ভারতীয় বংশোদ্ভূত পরিচালক আসিফ কাপাডিয়া।