'হলিউড সত্যিই বর্ণবাদী'
৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পর্দা উঠেছে ‘সাদা অস্কার' হওয়ার বিতর্ককে মাথায় নিয়ে। ভিন্ন বর্ণের বিশেষ করে কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পী ও কলাকুশলীরা একটি বিভাগেও মনোনয়ন না পাওয়ার বিষয়টি চর্চিত ও সমালোচিত হওয়ার কারণেই হয়তো মঞ্চে কালো শিল্পীদের উপস্থিতি একটু বেশিই চোখে পড়েছে। উপস্থাপক ক্রিস রক বার বার টেনে এনেছেন বিষয়টি আর ইঙ্গিতে বুঝিয়ে দেয়ার চেষ্টা করছেন অ্যাকাডেমির আচরণ বৈষম্যমূলক নয়। তবে এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ এই তারকা মুখ ফস্কে বলেই ফেলেন, "হ্যাঁ এটা ঠিক। হলিউড সত্যিই বর্ণবাদী!"
অনুষ্ঠানের শুরুতেই গত বছরের উল্লেখযোগ্য সিনেমাগুলোর একটি সংক্ষিপ্ত মন্তাজ প্রদর্শিত হয়। সেই সঙ্গে মঞ্চে আবির্ভূত হন ক্রিস রক এবং রসিকতার সুরে বলেন, "আমি এই মন্তাজে কম করে হলেও ১৫ জন কৃষ্ণাঙ্গ তারকাকে দেখেছি"।
#অস্কারসোহোয়াইট হ্যাশট্যাগ প্রতিবাদে অংশ নিয়ে নির্মাতা ও প্রযোজক স্পাইক লি, অভিনেত্রী জেডা পিঙ্কেট স্মিথ, অভিনেতা উইল স্মিথের মতো তারকারা আসরটি বয়কট করেছেন। ক্রিস রকের ওপর যখন অস্কার অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব দেয়া হয় তখন অনেকেই বলছিলেন অ্যাকাডেমি ‘বর্ণবাদী' তকমা ঝেড়ে ফেলতেই একজন কৃষ্ণাঙ্গ উপস্থাপককে বেছে নিয়েছে। আর তার প্রমাণ মিললো ক্রিস রকের উপস্থাপনার বিষয়বস্তু ও ঢং-এ।
মনোনয়ন নিয়ে উপহাস করতে গিয়ে তিনি বলেন, "অস্কারে যদি সঞ্চালকদের মনোনয়নের ব্যবস্থা থাকতো,তাহলে হয়তো আপনারা আমাকে দেখতেন না। আমার জায়গায় নিল প্যাট্রিক হ্যারিসই আবার মঞ্চ আলোকিত করতেন।"
এক পর্যায়ে চতুর্থ দেয়াল ভেঙে নিজের ওপর চাপের কথাও স্বীকার করেন ক্রিস। জানান, অস্কার আসরটি বয়কট করার কথা অনেকেই তাকে বলেছেন আর এটা নিয়েও মানসিক চাপ বোধ করছিলেন তিনি। কিন্তু শেষমেশ তার কাঁধেই উঠলো অস্কার সঞ্চালনার দায়িত্ব।
অস্কারে যেমন নারী-পুরুষের জন্য আলাদা বিভাগ রয়েছে, তেমনি কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা বিভাগের প্রয়োজন আছে বলেই দাবী করেন রক, "অস্কারে অভিনেতাদের পুরস্কৃত করা হয়, অভিনেত্রীদের পুরস্কৃত করা হয়। যদি আপনারা অস্কারে কৃষ্ণাঙ্গদের দেখতে চান তবে কৃষ্ণাঙ্গ বিভাগও চালু করুন।"
সাদা-কালো বিতর্ক স্তিমিত করার প্রয়াসে ক্রিস রকের উপস্থাপনাতেই শুধু নয়, আসরজুড়ে চেষ্টা চালানো হয়েছে কৃষ্ণাঙ্গদের অবদান স্মরণ করার, তবে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে। সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর কেন্দ্রীয় চরিত্রে যদি কৃষ্ণাঙ্গরা অভিনয় করতেন তবে কেমন হতো, সেটাও দেখানো হয়েছে বড় পর্দায়।
এবারের অস্কার আসরে অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী হতে পারতেন 'ক্রিড' সিনেমার মাইকেল বি. জর্ডান। কিন্তু কোনো মনোনয়নই পাননি তিনি। রেচেল ম্যাকঅ্যাডামসের সঙ্গে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার প্রদান করতে আসা জর্ডানকে নিয়ে উপহাস করতে ছাড়েননি ক্রিস রক। বলেন, "স্বাগত জানান এবারের অস্কারে মনোনয়নপ্রাপ্ত রেচেল ম্যাকঅ্যাডামস এবং সম্ভাব্য মনোনয়নপ্রাপ্ত কিন্তু মনোনয়ন না পাওয়া, মাইকেল বি. জর্ডানকে।"
এছাড়াও মঞ্চে পুরস্কার প্রদান ও পারফর্ম্যান্সের ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ তারকাদের আধিক্য চোখে পড়েছে, যা অ্যাকাডেমি উদ্দেশ্যমূলকভাবে করেছে বলেই মনে হয়েছে।
