জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪: বিজয়ীদের প্রতিক্রিয়া
‘এক কাপ চা’ সিনেমার জন্য তৃতীয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে পেলেন ফেরদৌস আহমেদ। ১৯৯৯ সালে ‘হঠাৎ বৃষ্টি' সিনেমায় অভিনয় করে প্রথমবারের মতো জাতীয় স্বীকৃতি পেয়েছিলেন তিনি।
এরপর ২০০৯ সালে 'গঙ্গাযাত্রা' সিনেমায় অভিনয় করার জন্য ঘরে তোলেন দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নিজের প্রযোজিত প্রথম সিনেমার জন্য প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বললেন, “আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে কারন এটা আমার প্রযোজিত প্রথম সিনেমা। আর সেই সিনেমায় আমি প্রধান চরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। এটা অনেক বড় প্রাপ্তি। সিনেমার শুটিংয়ের সাথে যারা ছিলেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। যারা বিচার কার্যে ছিলেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ। আমার প্রথম সিনেমায় পুরস্কার প্রাপ্তির ফলে আমার আত্নবিশ্বাস অনেক বেড়ে গেছে। কারণ আমার প্রথম সিনেমাতেই যদি আমি ভালো কিছু করতে পারি তাহলে আমার পরের সিনেমাগুলোতেও আমি ভালো কিছু করতে পারবো।”
‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য যৌথভাবে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বিদ্যা সিনহা মিম। গ্লিটজকে তিনি বলেলেন,“ এই পুরস্কার পাওয়ার কথা প্রথম যখন আমি শুনতে পেয়েছি তখন খুবই এক্সাইটেড ছিলাম। জাতীয় পুরস্কার পাওয়ার মতো আশা আসলেই করিনি। এই সিনেমায় কাজের সময় পরিচালক খালিদ মাহমুদ মিঠু সব সময়ই আমাকে বলতেন তুমি এই সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কার পাবে। সেদিক থেকে খুবই ভালো লাগছে। কেননা সিনেমাটি করার সময় আমি যথেষ্ট কষ্ট করেছি। এই পুরস্কার প্রাপ্তির ফলে আগামীতে আরো ভালো ভালো কাজ করার ইচ্ছা মনে জাগবে। যদিও আমি কখনোই পুরস্কার প্রাপ্তির জন্য কোনো কাজ করি না। কারণ আমি বিশ্বাস করি ভালোমত কাজ করলে কোনো না কোনো সময় সেই কাজের স্বীকৃতি আমি পাবো। সেই দিক থেকে খুবই ভালো লাগছে। আর আমার সকল দর্শক, প্রযোজনা সংস্থা ও সিনেমার পুরো ইউনিটকে ধনব্যাদ। ”
‘মেঘমল্লার’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাওয়া জাহিদুর রহিম অঞ্জন গ্লিটজকে বললেন,“ এই পুরস্কার তো বেশ কয়েকজন মিলেই দিয়েছে সেক্ষেত্রে বলার তেমন কিছুই নাই। তাদের যে কাজ পছন্দ হবে সেটাকেই তারা পুরস্কৃত করবে। এটা খুবই আনন্দের খবর ও আমার জন্য খুবই ভালো ব্যাপার, কারণ তারা আমার কাজটি পছন্দ করেছে। তাই আমি খুবই আনন্দিত। এছাড়াও আগামী দিনগুলোতে আমার কাজের ক্ষেত্রে এই জাতীয় পুরস্কারটি আমাকে যথেষ্ট সাহায্য করবে বলে আমার বিশ্বাস।”
