‘গোয়েন্দা গিন্নি’র সাফল্যের রহস্য ভেদ করলেন ইন্দ্রানী
পাঁচ বছরের বিরতি শেষে ফিরেই চমক দেখালেন ইন্দ্রাণী হালদার। তার নতুন মেগা সিরিয়াল ‘গোয়েন্দা গিন্নি’ এখন জনপ্রিয়তার শীর্ষে। এই তুমুল জনপ্রিয়তার কারণ কি? রহস্য ভেদ করলেন খোদ গোয়েন্দা গিন্নি।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে ইন্দ্রাণী বলেন, “‘গোয়েন্দা গিন্নি' হিট নাও হতে পারতো। আসলে একঘেঁয়ে ফ্যামিলি ড্রামা, রোমান্টিক গল্প, ফ্যান্টাসি বা মাইথোলজি থেকে বেরিয়ে অন্যরকম বিষয়ই জনপ্রিয়তার কারণ।”
আরো বলেন, “আমরা কোনো নেগেটিভিটি দেখাই না। টিপিক্যাল ডেইলি সোপে ননদ মানেই খারাপ, শাশুড়ি মানেই দজ্জাল— আমরা তা দেখাই না। দর্শক এটা খুব পছন্দ করেন। সত্যিই তো বাস্তবে কারো সবটাই খারাপ, বা কারো সবটাই ভাল হতে পারে না।”
সিরিয়ালে ইন্দ্রানী অভিনয় করেছেন গৃহবধূ পরমার চরিত্রে, যিনি এক হাতে সামলান একান্নবর্তী পরিবার। আবার তীক্ষ্ণ বুদ্ধিতে জটিল সব রহস্য ভেদ করতে পটু এই গৃহবধূই গোয়েন্দাগিরিতে জড়িয়ে পড়েন।
ইন্দ্রাণীর মতে, পরমার মতো করেই এই প্রজন্মের বধূরাও পারে শাশুড়িদের সঙ্গে সহজ সম্পর্ক গড়ে তুলতে।
বড় ও ছোট পর্দায় এক সময় সমান তালে অভিনয় করে গেছেন ভারতীয় বাঙালি অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। মাঝে পাঁচ বছর কোনো বাংলা নাটকে দেখা যায়নি তাকে। অবশেষে গোয়েন্দা হয়ে পর্দায় ফেরেন তিনি।
