টিভিতে সবচেয়ে দামী রাভিনা
এক সময়ের ডাকসাইটে নায়িকা হলেও অনেক দিন ধরেই রূপালী পর্দায় অনুপস্থিত রাভিনা ট্যান্ডন। তবে এবার ছোট পর্দায় তাকে দেখা যাবে নিয়মিত। নাচভিত্তিক রিয়ালিটি শো 'শাইন অফ ইন্ডিয়া'য় বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে। আর এর মাধ্যমেই তিনি পরিণত হতে চলেছেন ভারতীয় টিভির সবচেয়ে দামী তারকায়।
এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে কাজ করার জন্য ১ কোটি ২৫ লাখ রুপি পারিশ্রমিক নেবেন রাভিনা। বিচারক হিসেবে রাভিনার সঙ্গে থাকবেন তার এক সময়ের নায়ক গোবিন্দ এবং নৃত্য নির্দেশক সারোজ খান।
ছোট পর্দায় নতুন মুখ নন রাভিনা। এর আগে 'সাহেব বিবি গুলাম', 'ছোটে মিয়া', 'কমেডি কা মহা মুকাবলা' এবং 'সিমপ্লি বাতে উইথ রাভিনা' শো গুলোতে দেখা গেছে ৪১ বছর বয়সী এই অভিনেত্রীকে।
একটি সূত্র বলছে, "টিভির পর্দায় বলিউড তারকাদের উপস্থিতিটা এখন নতুন কিছু নয়। এতে কোনো সন্দেহ নেই মোটা অঙ্কের অর্থে তাদের ছোট পর্দায় উপস্থিতিটা শুধু বিনোদনের মাত্রা দ্বিগুণ করে না, টিভি শোটির প্রতি আকর্ষণও বাড়িয়ে তোলে। এবং এই কারণেই হয়তো রাভিনাকে ১ কোটি ২৫ লাখ রুপির মতো একটা বিশাল অঙ্ক প্রতি পর্বে দেয়া হবে।"
মজার বিষয় হলো, এই একই অনুষ্ঠানের আগের সিজনগুলোতে বিচারকের আসনে বসেছিলেন দুই বলিউড সুন্দরী শিল্পা শেঠি এবং মাধুরী দীক্ষিত। কিন্তু তাদের দুজনকেই প্রতি পর্বে দেয়া হয়েছে এক কোটি রুপি করে।
ফারনাজ শেঠির উপস্থাপনায় চ্যানেল ভিতে প্রচারিত হবে 'শাইন অফ ইন্ডিয়া'।
