ফিরে আসছেন সঞ্জয় দত্ত
৫ বছর কারাভোগ করার পর ২৫ ফেব্রুয়ারি সকালে মুক্তি পাবেন অভিনেতা সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের মুম্বাই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ৫ বছর জেল খাটেন তিনি।
বৃহস্পতিবার সকাল ৯ টায় মহারাষ্ট্রের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পাবেন সঞ্জয়। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন তার সন্তান, পরিবার-পরিজন এবং স্ত্রী মান্যতা।
এক সূত্র বলছে, তার মুক্তি পাওয়া উপলক্ষে কারাগার প্রাঙ্গণে ছোট করে উৎসবের আয়োজন করতে চেয়েছিলেন তার পরিবার। কিন্তু সেদিন ঐ এলাকায় সঞ্জয় ভক্তদের ব্যাপক ভিড় থাকার সম্ভাবনা থাকায় এর অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ।
গত জুনে সঞ্জয়ের মুখপাত্র আনুষ্ঠানিকভাবে তার মুক্তির তারিখ জানান।
৫ বছরের শাস্তির মধ্যে দুই দফায় ৫০ মাস কারাভোগ করেছেন এই তারকা। এর মধ্যে বিশেষ উপলক্ষ্যে কয়েক ঘণ্টার জন্য বাড়িতেও আসার সুযোগ পেয়েছিলেন তিনি, যা নিয়ে বরাবরই নানা বিতর্কের সৃষ্টি হয়েছে।
১৯৯৩ সালে মুম্বাই হামলায় ব্যবহৃত একে-৪৭ রাইফেল বেআইনিভাবে নিজের কাছে রাখার জন্য দোষী সাব্যস্ত হন সঞ্জয়। বিচার চলাকালীন ১৮ মাস কারাভোগ করেন এই অভিনেতা। এরপর কিছু দিনের জন্য জামিনে ছিলেন তিনি।
২০১৩ সালে সুপ্রিম কোর্টের রায় অনুসারে বাকি শাস্তি ভোগ করতে পুনে শহরের ইয়েরওয়াড়া কারাগারে নেয়া হয় সঞ্জয়কে।
