জাতীয় সংগীতের কথা বলবে 'আমার সোনার বাংলা'
বাংলাদেশের জাতীয় সংগীত বিভিন্ন সময়ে ব্যবহৃত হয়েছে বিভিন্ন প্রামাণ্যচিত্র, চলচ্চিত্র এবং গানে। তবে এই প্রথম বাংলাদেশের জাতীয় সংগীতের উপর নির্মিত হতে যাচ্ছে একটি প্রামাণ্যচিত্র।
সরকারি অনুদানে 'আমার সোনার বাংলা' নামে এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করছেন মৃদুল মামুন।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হবে প্রামাণ্যচিত্রটির চিত্র ধারণের কাজ। নির্মাতা সংস্থা দৃশ্যকর ফিল্মস জানিয়েছে, "বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ঘোষণার দীর্ঘ ৪৪ বছর পর প্রথমবারের মতো নির্মিত হচ্ছে গানটি নিয়ে একক কোনো চলচ্চিত্র। আরো সঠিক করে বলতে গেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি প্রকাশের প্রায় ১১৫ বছর পর নির্মিত হচ্ছে ইতিহাসনির্ভর এই প্রামাণ্যচিত্র।"
'কবুতরবাজ' এবং 'সবাই একজাত' নামের দুটো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় এসেছেন এই চলচ্চিত্র নির্মাতা। বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে মিলেছে স্বীকৃতি এবং সম্মাননাও।
