২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিরনতুন নূতন

নরেন্দ্রনাথ মিত্র যখন ফরিদপুরের পটভূমিতে ‘রস’ গল্পটি লেখেন তখন কি ভাবতে পেরেছিলেন অবাঙালি এক মেয়ে অতি সার্থকভাবে পর্দায় তুলে ধরবে মাজুবির চরিত্র? এই অবাঙালি মেয়ের নাম নূতন। হিন্দি সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 01:26 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

হিন্দি ছবির স্বর্ণ যুগের অভিনেত্রী নূতন ভালোবাসতেন নিত্য নতুন চরিত্রে অভিনয় করতে। গতানুগতিকতার বাইরে ভিন্নধর্মী নারী চরিত্র হলেই নির্মাতাদের পছন্দের তালিকার এক নম্বরে থাকতো তার নাম।

‘বন্দিনী’র কল্যাণী ‘সুজাতা’র সুজাতা,  ‘আনাড়ি’র আরতি, ‘মিলান’-এর রাধা, ‘ছালিয়া’র শান্তি, ‘সওদাগর’-এর মাজুবি প্রতিটি চরিত্রেই তিনি ছিলেন অনবদ্য।

নূতন জন্মেছিলেন ১৯৩৬ সালের ৪ জুন বোম্বেতে। মা শোভনা সমর্থ ছিলেন হিন্দি ছবির নামকরা নায়িকা। বাবা কুমারসেন সমর্থ ছিলেন পরিচালক ও কবি। চার ভাই বোনের মধ্যে বড় ছিলেন নূতন সমর্থ। ছোট বোন তনুজাও পরে নায়িকা হন। তনুজার মেয়ে কাজল স্বনামধন্য। নূতনের ছেলে মনিশ বেহল ছোট ও বড় পর্দায় চরিত্রাভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত।

নূতন যখন ছোট তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। মাত্র ১৪ বছর বয়সে মায়ের হাত ধরে চলচ্চিত্রে আসেন নূতন। ১৯৫০ সালে মুক্তি পাওয়া  ‘হামারি বেটি’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। ছবিটির প্রযোজক ছিলেন শোভনা সমর্থ।

১৯৫২ সালে মিস ইন্ডিয়া খেতাব জয় করেন নূতন। ‘হামারি বেটি’ ছবির পর ‘হামলোগ’, ‘শিশম’, ‘পারবাত’ ইত্যাদি ছবিতে অভিনয় করেন তিনি। ‘লায়লা মজনু’ ছবিতে লায়লার চরিত্রে অভিনয় করেন।

১৯৫৫ সালে মুক্তি পায় ‘সীমা’। অমিয় চক্রবর্তি পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করেন বলরাজ সাহানি। এ ছবিতে অনাথ মেয়ে গৌরীর চরিত্রে অনবদ্য অভিনয় করে ফিল্মফেয়ার আসরে সেরা অভিনেত্রীর খেতাব পান। তিনি হয়ে ওঠেন বলিউডের আকাশে নতুন তারা।

নিঃসন্দেহে সুন্দরী ছিলেন তিনি। কিন্তু রূপের চেয়ে তার অভিনয় এবং ব্যক্তিত্ব তাকে নিয়ে আসে আলোচনার কেন্দ্রে। একের পর এক ছবিতে নায়িকা হন তিনি। অধিকাংশ ছবিতেই তার চরিত্র ছিল গতানুগতিক ধারার বাইরে। রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘পেয়িং গেস্ট’ এ তিনি দেব আনন্দের সঙ্গে জুটি বাঁধেন।  ছবিটি বিপুল জনপ্রিয়তা পায়। দেব-নূতন জুটির ‘বারিস’, ‘মানজিল’ এবং ‘তেরে ঘর কে সামনে’ সুপার হিট হয়। রাজকাপুরের বিপরীতে ‘আনাড়ি’ এবং সুনীল দত্তের বিপরীতে ‘সুজাতা’ও দারুণ সাফল্য পায়। সুবোধ ঘোষের গল্প অবলম্বনে নির্মিত ‘সুজাতা’ ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ফিল্মফেয়ার আসরে।

১৯৬০ সালে মুক্তি পাওয়া ‘ছালিয়া’ ছবিতে রাজ কাপুরের বিপরীতে অভিনয় করেন তিনি। ভাগ্যহত এক নারীর ভূমিকায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয় এবং ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান তিনি।

১৯৬৩ সালে মুক্তি পায় ‘বন্দিনী’। বিমল রায় পরিচালিত ছবিটিতে কেন্দ্রীয় নারী চরিত্র কল্যাণীর ভূমিকায় অনবদ্য অভিনয় করেন নূতন। এ ছবিতে তার সহশিল্পী ছিলেন অশোক কুমার এবং ধর্মেন্দ্র। প্রেমিকের স্ত্রীকে হত্যার অপরাধে সাজাপ্রাপ্ত এক বাঙালি নারী কল্যাণী। কল্যাণী চরিত্রের দ্বন্দ্ব, মানসিক সংঘাত, প্রেম, আবেগ ও বেদনা সার্থকভাবে পর্দায় তুলে ধরেন নূতন। এটি ছিল ব্রিটিশ শাসনামলে বাংলাদেশের প্রেক্ষাপটে গড়ে ওঠা পিরিওডিক ফিল্ম। এ ছবিতে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। ‘বন্দিনী’ আজও হিন্দি ধ্রুপদী সিনেমা হিসেবে গণ্য।

১৯৬৭ সালে মুক্তি পায় নূতন ও সুনীল দত্ত অভিনীত ‘মিলন’। পুনর্জন্মভিত্তিক কাহিনি।গঙ্গার তীরে গড়ে ওঠা কাহিনিতে রাধা নামে এক কলেজ ছাত্রী ও জমিদারকন্যার ভূমিকায় নূতন এবং গোপীনাথ নামে এক তরুণ মাঝির চরিত্রে সুনীল দত্ত অভিনয় করেন। অসম সামাজিক অবস্থান ও প্রেমের দ্বন্দ্ব চিত্রায়িত হয় ছবিতে। এ ছবির সুবাদে আবার সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার জয় করেন নূতন।

ষাটের দশকে নূতন অভিনীত বাণিজ্যিকভাবে সফল ও সমালোচকদের প্রশংসায় সিক্ত অন্যান্য ছবি হলো ‘স্বরসতী চন্দ’, ‘সুরাত আউর সিরাত’, ‘তেরে ঘর কে সামনে’, ‘খানদান’, ‘রিশতে নাতে’, ‘ছোটা ভাই’, ‘ছিলাকা গোরিনকা’(তেলেগু ছবি), ‘দিলনে ফির  ইয়াদ কিয়া’, ‘লাট সাহেব’, ‘দুলহান এক রাত কি’, ‘গৌরি’, ‘ভাইবাহেন’, ‘মা আউর মমতা’, ‘দেবী’ ইত্যাদি।

সত্তরের দশকের প্রথম দিকের কিছু ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করলেও পরে তিনি পার্শ্ব-চরিত্রে সরে যান।‘মহারাজা’ , ‘ইয়াদগার’ ইত্যাদি ছবিতে তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। ১৯৭৩ সালে মুক্তি পায় ‘সওদাগর’। এ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে মাজুবি চরিত্রে তার অভিনয় ছিল অসামান্য। মাজুবি হলেন ফরিদপুরের এক গ্রামীণ নারী যিনি গুড় তৈরিতে পারদর্শী। মাজুবি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান তিনি। ‘অনুরাগ’ এবং ‘ম্যায় তুলসী তেরি আঙ্গান কি’ ছবির জন্যও পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান নূতন। ‘মেরি জং’(১৯৮৫) ছবিতে অভিনয়ের জন্য জয় করেন ফিল্মফেয়ারে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে ৬টি ফিল্মফেয়ার জিতেছেন এটি। এটি ফিল্মফেয়ারে সর্বাধিক পুরস্কার জয়ী অভিনেত্রীর রেকর্ড। নূতন এবং জয়া বচ্চন এই রেকর্ডের অধিকারী।

‘ইয়ুধ’, ‘রিশতা কাগজ কা’, ‘পয়সা ইয়েহ পয়সা’, ‘কার্মা’, ‘নাম’, ‘মুজরিম’ ইত্যাদি সফল বাণিজ্যিক ছবিতে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন তিনি।

১৯৭৪ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন।

১৯৯১ সালের ২১ ফেব্রুয়ারি মাত্র ৫৫ বছর বয়সে মৃত্যু হয় নূতনের। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর পরে তার অভিনীত দুটি ছবি ‘নসিবওয়ালা’ এবং ‘ইনসানিয়াত’ মুক্তি পায়।

হিন্দি ছবির জগতে যে শিল্পীরা চিরস্মরণীয় তাদের অন্যতম হলেন নূতন। তিনি বেঁচে থাকবেন তার অভিনীত অসংখ্য ছবির মধ্যে।