২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরস্কার চান না সালমান

বক্স-অফিসের অঘোষিত রাজা বলা চলে তাকে। কিন্তু পুরস্কারের মঞ্চে বরাবরই অবহেলিতেই থেকে যান অভিনেতা সালমান খান। জানালেন, পুরস্কারের প্রয়োজন নেই তার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 04:21 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

'বাজরাঙ্গি ভাইজান'-এর বদৌলতে এ বছর প্রতিটি অ্যাওয়ার্ড আসরেই শোনা গেছে সালমানের নাম। শেষমেশ একটিও ট্রফি ঘরে তুলতে পারেননি তিনি। অবশ্য তা নিয়ে কোনো আফসোস নেই সালমানের।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, “আমার খুব ভালো লাগে যখন অন্যদের পুরস্কার পেতে দেখি। এছাড়া আমার জীবনে পুরস্কার তেমন গুরুত্বপূর্ণ নয়। আমি পুরস্কার আসরে অংশ নিতে পছন্দ করি, কারণ এখানে পুরো ইন্ডাস্ট্রির সবাইকে এক সঙ্গে দেখা যায়। এমনিতে সবাই যার যার কাজে ব্যস্ত থাকেন, কিন্তু এখানে আসলে সবার সঙ্গে দেখা হয়।”

তিনি আরো বলেন, “আমার পুরস্কারের জন্য মনোনীত হওয়ার ইচ্ছা নেই। আমি বলিউডে ২৫ বছর ধরে আছি, আর এখন নতুন প্রজন্মকে সুযোগ দেয়ার সময় এসেছে। আমি এখানে আসবো, মঞ্চে উঠে নাচবো। তবে আমি চাই পুরস্কারগুলো নতুনরাই পাক। আমাদের উচিত ওদের অনুপ্রেরণা দেয়া।”

চলতি বছরের ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত 'সুলতান', এতে তার বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মাকে।