২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকে আঞ্চলিক ও কথ্য ভাষা: বিকৃতি না সময়ের দাবী?

এক সময় টেলিভিশন নাটকে সংলাপের ক্ষেত্রে 'প্রমিত' বাংলা ভাষার শক্তিশালী অবস্থান থাকলেও এখন চলিত ও আঞ্চলিক ভাষার ব্যবহারই চোখে পড়ে বেশি। এ বিষয়টি নিয়ে অভিনয়শিল্পীদের মধ্যে বেশ বিরোধও চোখে পড়েছে। কেউ বলছেন জাতীয় গণমাধ্যম হিসেবে টেলিভিশনে একটি মান ভাষা বজায় রাখা প্রয়োজন; আবার কেউ বলছেন আঞ্চলিক ও কথ্য ভাষাকে অস্বীকার করার কোনো উপায় নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 10:06 AM

Updated : 11 Oct 2022, 07:48 PM

বর্ষীয়ান অভিনেতা  ড. ইনামুল হক  নাটকে আঞ্চলিক ও কথ্য ভাষার ব্যবহারকে ভাষার বিকৃতি হিসেবেই দেখেন। তিনি বললেন, “নাটকের ভাষা বিকৃতির বিষয়টাকে আমি মোটেও ভালোভাবে দেখছি না। এই বিষয়টিতে আমি মোটেই খুশি না বরং আমি খুবই আহত। আমাদের বাংলা ভাষার একটা প্রমিত রূপ রয়েছে, যা সকলেরই রপ্ত করা দরকার। আঞ্চলিক ভাষায় আমরা নাটক করতেই পারি কিন্তু সেক্ষেত্রে আঞ্চলিক ভাষাটাও সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কিন্তু নাটকের ক্ষেত্রে বিশেষ করে টেলিভিশন নাটকের ক্ষেত্রে যেখানে প্রয়োজন নেই সেখানেও আঞ্চলিক ভাষাকে টেনে আনাটা অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক। বেশিরভাগ ক্ষেত্রেই তা ভাঁড়ামীর পর্যায়ে চলে যাচ্ছে। ফলে নাটক হারাচ্ছে তার দর্শক। গণমাধ্যম আমাদের ওপর যথেষ্ট প্রভাব ফেলে, বিশেষ করে টেলিভিশন মিডিয়া যা আমাদের ভুলে গেলে চলবে না। নাটকে যদি আঞ্চলিক ভাষার আধিক্য বেশি হয়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব নতুন প্রজন্মের উপর পড়বে। তাই এখনই আমাদের জাতির ও নতুন প্রজন্মের স্বার্থে এই দিকে নজর দেওয়া উচিত।” অভিনেত্রী  দীপা খন্দকারের  মতে,“ আসলে আমরা অনেকেই ‘পড়ছি’,‘গেছি’, ‘খাইছি’, ‘করছি’ এমন ধরনের ভাষার নাটক দেখতে পছন্দ করি। এই বিষয়টা আমার কাছে খুবই খেলো মনে হয়...নাটকের শুটিং করতে গেলে শুনতে হয় আপু একটু নরমাল টোনে কথা বলেন। বাসায় কথা বলার মানে যদি হয় ‘পড়ছি’, ‘গেছি’, ‘খাইছি’ তাহলে আর কী বলার আছে? মানুষ কখনোই ঘরে ও বাইরে দুই ধরনের টোনে কথা বলে না। কিন্তু ইদানিং অনেক নাটকেই এমন দেখছি যা আমার কাছে অনেক বেশি হাস্যকর মনে হয়। মানুষের রুচিবোধের পরির্বতন হয়তো হয়ে যাচ্ছে। সেই রুচির সঙ্গে আমরাই খাপ খাইয়ে নিতে পারছি না। হয়তো এটা আমাদেরই সম্যস্যা। এমনটাই এখন আমার মনে হয়। হয়ত ওরাই সঠিক আমরাই ভুল। সত্যি বলতে গেলে আমি খুবই কনফিউজড।” তবে কিছুটা ভিন্নমত দিলেন নাট্যনির্মাতা  আজাদ কালাম । তার মতে, “নাটকে প্রমিত ভাষার ব্যবহার আস্তে আস্তে হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। নাটক তো এই সমাজেরই প্রতিচ্ছবি। নাটকে আঞ্চলিক ভাষার প্রবেশ হবেই কিন্ত সেক্ষেত্রে কোনো অঞ্চলের ভাষা সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে কিনা তাই মুখ্য বিষয়। একজন জেলে নিশ্চয়ই প্রমিত বাংলায় কথা বলবে না। তিনি তো তার ভাষায় কথা বলবেন। টেলিভিশনে আমাদের কোনো অঞ্চলের ভাষার অনুপস্থিতি রেখে সেই অঞ্চলকে তো অস্বীকার করা যাবে না। আমার নির্মিত ‘যমজ’ নাটকে আমি বরিশালের ভাষা ব্যবহার করেছি। সেখানে যথাযথভাবেই আমি বরিশালের ভাষা ব্যবহার করেছি। নাটকের সস্তা জনপ্রিয়তার জন্য আঞ্চলিক ভাষার ব্যবহার যেন বাড়াবাড়ির পর্যায়ে না চলে যায় সেদিকটাও গুরুত্বপূর্ণ। তবে আমাদের জাতীয় গণমাধ্যম হিসেবে টেলিভিশন নাটকের একটি মানভাষা থাকাটা খুবই দরকার।” নাটকে আঞ্চলিক ও কথ্য ভাষার ব্যবহার সমর্থন করলেও উচ্চারণ নিয়ে বেশ শক্ত অবস্থানে এ প্রজন্মের অভিনেত্রী  আশনা হাবিব ভাবনা।  তিনি বললেন, “আঞ্চলিক ভাষায় নাটকের চরিত্র কথা বলতেই পারে কিন্তু ‘বাংলিশ’ শব্দে কথা যদি বলে তাহলে সমস্যাটা আসলে সেখানেই। এখনকার সময়ে শুদ্ধভাবে বাংলা বলাটাই সম্ভবত অনেকের কাছে আনস্মার্টনেস। আমি তো এই সময়ের এই প্রজন্মের অভিনেত্রী। আমি তো এভাবে কথা বলি না। অনেকেই দেখি একটু ঢং করে বাংলা বলে আমার কাছে তো সেটাই খুব বেশি আনস্মার্ট, হাস্যকর ও লজ্জাকর মনে হয়।” অন্যদিকে অভিনেতা ড. ইনামুল হকের সুরে কথা বললেন চিত্রনাট্যকার ও পরিচালক  এজাজ মুন্না । তার মতে, “নাট্যভাষা বলে একটি ভাষা আছে। যা সকল শ্রেণির দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে কিন্তু আঞ্চলিকতা থেকে বিচ্যুতি ঘটবে না। অর্থাৎ যাতে আঞ্চলিকতাও বিনষ্ট না হয় আবার সকলের সঙ্গে যোগাযোগও করা যাবে। তবে আমরা একটা নাট্যভাষা তৈরি করতে ব্যর্থ হয়েছি। যার মূল কারণ হলো আমাদের কাজের ক্ষেত্রে সময় স্বল্পতা। আমরা যে ভাষা নিয়ে কাজ করবো যেমন সিরাজগঞ্জের ভাষা নিয়ে কাজ করতে গেলে আমাদের সেই অঞ্চলের ভাষাকে ভালো মতো রপ্ত করেই কাজ করা উচিত। একজন অভিনেতা এই অঞ্চলের না হলে কখনোই অনুশীলন ছাড়া সিরাজগঞ্জের অ্যাকসেন্টে ডায়লগ ডেলিভারি দিতে পারবে না।” চট্টগ্রামের ভাষায় নির্মিত নাটক ‘মেড ইন চিটাগাং’ এর চিত্রনাট্যকার ও নির্মাতা  ইমরাউল রাফাত  বললেন, “নাটকের ভাষা বিকৃতি হয়েছে বিষয়টি আসলে এমন নয়। একজন রিকশাচালক কখনোই শুদ্ধ ভাষায় কথা বলে না। তিনি যেভাবে বাস্তবে কথা বলেন আমাকে সেই ভাষা নাটকে উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে নাটকের চরিত্রটি শুদ্ধ ভাষায় কথা বললে তা একেবারেই বেমানান হবে। তবে এটাও ঠিক অনেকেই চলিত ভাষা ব্যবহার করতে গিয়ে নাটকের ভাষা এমন স্তরে নামিয়ে নিয়ে এসেছেন যা মোটেই কাম্য নয়। নাটকের গল্পের প্রয়োজনে যে কোনো আঞ্চলিক ভাষা ব্যবহার করা যেতেই পারে। কিন্তু সেক্ষেত্রে আঞ্চলিক ভাষার শুদ্ধতাও ঠিক রাখতে হবে।” নির্মাতা  কৌশিক শংকর দাস  বললেন, “বাংলাদেশ টেলিভিশনে প্রমিত ভাষার নাটক ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষার নাটক নির্মিত হয়েছিলো। সেখানে গল্পের চরিত্রের প্রয়োজনে এবং সেই চরিত্রটি যে অঞ্চলের মানুষ সেক্ষেত্রে সেই অঞ্চলের ভাষা ব্যবহার করা হতো। অন্যদিকে ঢাকা শহরের কোনে পরিবারকে নাটকে দেখানো হলে সেই চরিত্রগুলো প্রমিত বাংলা ভাষাতেই কথা বলতো। মুল পয়েন্টটা হলো মানুষ কোন অঞ্চলের এবং তিনি সেই অঞ্চলের ভাষা বলছেন কি না তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেই আর কোনো সমস্যা হয় না। আমরা শহুরে জীবনে সবাই কি প্রমিত ভাষায় কথা বলি? কিছু নির্মাতা বাস্তব জীবনকে পর্দায় উপস্থাপন করতে গিয়ে নতুন একটি স্টাইল তৈরি করেছিলো। অনেক মানুষ আছে যারা আঞ্চলিক ও প্রমিত ভাষাকে মিলিয়ে কথা বলেন। সেই ভাষাটাই কয়েকজন নির্মাতা তাদের নাটকে ব্যবহার করেন, যা ছিলো তাদের একটি এক্সপেরিমেন্ট। তবে এর ব্যবহার সমাজের উপর কতোটুকু ভাল ও খারাপ প্রভাব ফেলেছে সেটাই আসলে প্রশ্ন হতে পারে।”