ভারতেও হিট 'ডেডপুল'
শুধু মার্কিন মুল্লুকেই নয়, 'ডেডপুল' -এর সাফল্যের ঘোড়া দুর্বার গতিতে এগিয়ে চলছে বিশ্বজুড়ে। হিন্দি সিনেমাগুলোকে টপকে ভারতের বাজারে দারুণ অবস্থানে রয়েছে গালিবাজ সুপারহিরোর সিনেমা 'ডেডপুল'। মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারত থেকেই সিনেমাটি আয় করেছে প্রায় ২২ কোটি রুপি।
আর রেটেড হওয়ায় ১৭ বছরের কম বয়সীদের সিনেমাটি দেখতে হলে অভিভাবকের সাহচর্য চাই। কিন্তু তাতে ভাটা পড়েনি সিনেমাটির ব্যবসায়। ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত প্রেমের সিনেমা 'ফিতুর'কে পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি।
যুক্তরাষ্ট্রে 'ডেডপুল' - এর আয় প্রথম সপ্তাহেই ছাড়িয়েছে ত্রিশ কোটির মার্কিন ডলার। ভাড়াটে অপরাধী থেকে ওয়েড উইলসনের 'ডেডপুল' হয়ে ওঠার হাস্যরসপূর্ণ গল্পটি পর্দায় দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। নিজের ভালোবাসার মানুষের কাছে ফিরতে ডেডপুলের অভিযানটি আর দশটা সুপারহিরোর মতো নয়।
হিন্দি, তামিল এবং তেলেগু - তিনটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের কাছে দারুণ সাড়া পাচ্ছে। এমনকি প্রেক্ষাগৃহগুলো বাড়িয়ে দিচ্ছে প্রদর্শনীর সংখ্যা।
প্রথম সপ্তাহে ভারতের ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় হলিউডি এই সিনেমাটি। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছে সূত্রটি।
টিম মিলার পরিচালিত 'ডেডপুল' সিনেমায় অভিনয় করেছেন রায়ান রেইনল্ডস, মরেনা বাকারিন, এড স্ক্রেইন, জিনা কারানো, টি.জে মিলার প্রমুখ।
