২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযুদ্ধের সিনেমা আর হয়নি'

স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’ প্রযোজনা করেন মাসুদ পারভেজ। পরবর্তীতে বাংলাদেশের প্রথম আধুনিক অ্যাকশন সিনেমা ‘মাসুদ রানা’য় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় নায়ক হিসেবে অভিষিক্ত হন। দীর্ঘ চলচ্চিত্র জীবনে উপহার দিয়েছেন ৩০টি সিনেমা। সম্প্রতি গ্লিটজের সঙ্গে আলাপে মেতে উঠেছিলেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই বহুমূখী তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 02:07 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

গ্লিটজ: ‘ওরা ১১ জন’ সিনেমার পর পারভেজ ফিল্মস থেকে আর কোনো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাণ করলেন না কেন?

সোহেল রানা: ‘ওরা ১১ জন’কে আদৌ চলচ্চিত্র বলা চলে না বরং এটা হলো ডকুমেন্টরি ফিল্ম। ‘ওরা ১১ জন’ সিনেমাটি মুক্তির পর মানুষের যথেষ্ট ভালোবাসা ও সাফল্য পেলো। কিন্তু সরকারের কাছ থেকে তেমন একটা ভালোবাসা পেলো না বলে আমার মনে হলো। কারন স্বাধীনতার ৪৪ বছর পরেও বাংলাদেশের প্রথম চলচ্চিত্র নির্মানের জন্য মাসুদ পারভেজ সরকারের কাছ থেকে পুরস্কৃত হয়নি এবং আমাকে একটি চিঠিও লেখা হয়নি। ফলে ধারাবাহিকতা রক্ষার স্পৃহা তো প্রথমেই খুন করে ফেলা হলো। স্বাধীনতা যুদ্ধের উপর সিনেমা নির্মানের ক্ষেত্রে যুদ্ধকালীন প্রেক্ষাপট পর্দায় চিত্রায়িত করার জন্য সরকারের শতভাগ নয় দুইশতভাগ সহযোগিতা প্রয়োজন। সরকার থেকে যদি আমাকে অস্ত্রশস্ত্র, গোলাবারুদসহ অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতা না করে তাহলে কিভাবে এমন ধরনের সিনেমা নির্মান করা সম্ভব। যেখানে আমাকে একটা সামান্য চিঠি লেখার পয়সার অভাব পড়ে গেলো সেখানে তারা কিভাবে স্বাধীনতা যুদ্ধের উপর সিনেমা নির্মাণ করবে। তাছাড়া আজ পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের উপর আর কোনো সিনেমা হয়নি।

গ্লিটজ: তাহলে ‘জয়যাত্রা’,‘গেরিলা’ কি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নয়?

সোহেল রানা: বহুদিন পরে নাসির উদ্দিন ইউসুফের ‘গেরিলা’কে মুক্তিযুদ্ধের সিনেমা বলা যেতে পারে। এই সিনেমায় তিনি গেরিলার মধ্যে গিয়েছেন। সম্মুখ যুদ্ধের ক্ষেত্রে আগের কাটিংগুলোকেই জোড়া লাগিয়েছেন। তাহলে আমি একে কি বলব? ইজ ইট এ কমপ্লিট মুভি? নো।‘ওরা ১১ জন’ সিনেমায় সংরক্ষন করা প্লেনের যেসব দৃশ্যেগুলো আমরা লাগিয়েছি সেই দৃশ্যগুলোই হয়তো তিনি সরকারের কাছ থেকে নিয়ে সিনেমা নির্মান করেছেন। আর যে সিনেমাগুলো নির্মান করা হয়েছে সেগুলো মুক্তিযুদ্ধের দুর্বলতম জিনিসগুলোকে ভিত্তি করে যেখানে পয়সা কম খরচ হবে, আর্মস অ্যামুনেশন কিংবা যুদ্ধের কোনো ব্যাপার নেই এবং যুদ্ধকে ব্যাকগ্রাউন্ডে রেখে যুদ্ধের উপর নির্ভর করে গল্পগুলোকে নিয়ে এসব সিনেমা নির্মান করা হয়েছে। এগুলো মুক্তিযুদ্ধভিত্তিক হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের সিনেমা তো নয়।

গ্লিটজ: ‘মাসুদ রানা’, ‘দস্যূবনহুর’- এর মতো জনপ্রিয় সিরিজের গল্প নিয়ে সিনেমা নির্মান করলেন। শহিদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ সিনেমায় মার্শাল আর্ট নিয়ে এলেন। পরবর্তীতে এ ধরনের সিনেমা আর বানালেন না কেন?

সোহেল রানা: ব্যাক্তিগতভাবে আমি প্রতিটি সময় নতুন দ্বীপের সন্ধানে যাই।আমি ৩০টি সিনেমা প্রযোজনা করেছি যেগুলো কোনটিই একই ধারার সিনেমা নয়। যার মধ্যে মুক্তিযুদ্ধের সরাসরি সিনেমা থেকে শুরু করে জাদুনির্ভর সিনেমা, ধার্মিক সিনেমা, প্রেমের কাহিনি ও রহস্য গল্পের সিনেমা রয়েছে। ধারাবাহিকতা তো আমি কখনোই রক্ষা করবো না। কাজের ক্ষেত্রে সব সময় আমি নতুন নতুন জায়গা খোঁজার চেষ্টা করি।

গ্লিটজ: ঢাকাই সিনেমায় আজকাল বক্স-অফিসের যেন অস্তিত্বই নেই। এ বিষয়টি আপনি কিভাবে দেখেন?

সোহেল রানা: আজকের দিনের পয়েন্ট অফ ভিউ থেকে বক্স-অফিস হিসাব করা হয় না। কিন্তু এক সময় তো বক্স-অফিস ছাড়া খুব কম সিনেমাই হিসাব করা হতো। সে সময় বেশিরভাগ সিনেমাই সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, ডায়মন্ড জুবিলি হিসাব করা হতো। তখনকার দিনে একটি সিনেমা দশ-পনেরো-বিশ-পঁচিশ সপ্তাহজুড়ে সিনেমা হলে প্রদর্শিত হতো। কিন্তু এখন তো সিনেমাগুলো সিনেমা হলে চলে তিন দিন-দুই দিন-পাঁচ দিন। সেক্ষেত্রে বক্স-অফিস কেমন করে হবে।

গ্লিটজ: আপনাকে পুলিশ কর্মকর্তা কিংবা নিরাপত্তা রক্ষাকারীর চরিত্রে প্রায়ই দেখা গেছে। নিজে পুলিশ কর্মকর্তার সন্তান কিংবা আইনের ছাত্র বলেই কি বেশি দুর্বলতা কাজ করেছে?

সোহেল রানা: যখনই আমি কোনো গল্পে অভিনয় করেছি তখনই ভালো চরিত্রে অভিনয় করার চেষ্টা করেছি, যার মাধ্যমে একটা ভালো বার্তা সকলের কাছে পৌঁছাবে। আমাদের সময় নায়ক মানেই একজন ভালো মানুষকে বুঝানো হতো, যিনি ন্যায়ের পক্ষে যুদ্ধ করবে, সুন্দরী মেয়েদের সঙ্গে গান গাইবে কিন্তু তাদেরকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করবে না। যিনি সমাজের ভালো লোকের প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে। আমি পুলিশ অফিসার হিসেবে যেসব সিনেমায় অভিনয় করেছি সেগুলো ছিলো ভালো পুলিশ অফিসারের চরিত্রে। তাছাড়া একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের জন্য যেমন স্মার্টনেস প্রয়োজন তা আমার ভেতরে ছিলো বিধায় আমাকে এমন চরিত্রে বেশি অভিনয় করানো হতো।

গ্লিটজ: আজকাল নায়কদের গ্যাংস্টার কিংবা পাড়ার মাস্তান ধরনের চরিত্রে বেশ দেখা যাচ্ছে। এ বিষয়টিকে কিভাবে দেখেন?

সোহেল রানা: এখানে আমাদের এ সময়ের নায়কদের দোষের কিছু নেই। এটাতো সমাজের দোষ। সমাজে এখন সব কিছুই বদলে গেছে। আমাদের সমাজের ও মানুষের মনের প্রতিচ্ছবিই তো সিনেমায় উঠে আসবে। নায়করা তো সমাজকে সিনেমায় প্রতিনিধিত্ব করছে। সেক্ষেত্রে তাদের চরিত্র তো এমন হবেই।

গ্লিটজ: চলচ্চিত্রে ডিজিটালাইজেশন ঘটেছে, এ বিষয়টি নিয়ে কি ভাবেন।

সোহেল রানা: ডিজিটালাইজেশন সম্পর্কে বলতে চাই, এখনও কি আমরা বিএফডিসিতে ডিজিটাল ফরম্যাটে গান রেকডিং করতে পারছি। ডিজিটাল ফরম্যাটে সিনেমা চালানোর জন্য সারা দেশে মাত্র দশ থেকে বারোটি সিনেমা হল আছে। আর বাকি যেসব সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা যে মেশিনে চলছে সেগুলো প্রোজেক্টর মেশিন। এই প্রোজেক্টর মেশিনগুলোকে হোম প্রোজেক্টর মেশিন বলা যেতে পারে। আমাদের সিনেমা ‘অদৃশ্য শত্রু’ ডিজিটাল ফরম্যাটে নির্মাণ করলেও তা অ্যানালগ সিস্টেমেই তো সিনেমা হলে প্রদর্শন করছি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যদি আমি সাউন্ড রেকডিংও করি কিন্তু তা তো অ্যানালগ মেশিনের মাধ্যমেই মানুষের কাছে যাচ্ছে। কারণ সেই মেশিনই তো বসানো হচ্ছে না। বলতে গেলে এখনও বাংলাদেশে কোনো ডিজিটাল সিনেমাই র্নিমাণ হয়নি। যে কয়েকটা হয়েছে সেগুলোর বেশিরভাগ কাজই হয়েছে দেশের বাইরে।

গ্লিটজ: যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণকে আপনি কিভাবে দেখছেন?

সোহেল রানা: এই বিষয়ে কথা বলার সাহস কেউ পাচ্ছে না। কিন্তু বাংলাদেশের সাধারন জনগন ভারতের শিল্পীদের বাংলা যখন শুনে তখনই বলে এই সিনেমা দেখবো না। তারা এমন ধরনের সিনেমাকে প্রত্যাখান করেছে। আসলে বাংলাদেশকে ভারতের বাজার করে তুলতে চাইছে একটা দল। যৌথ প্রযোজনার মাধ্যমে ভারতীয়রা তাদের কিছু শিল্পীকে বাংলাদেশে গ্রহণযোগ্য করে তুলতে চাইছে। তবে তাদের পরিকল্পনা আগামী বিশ বছর পরের আর আমরা এখনকার সময় নিয়ে ব্যস্ত।

গ্লিটজ: ঢাকাই সিনেমায় কোন কোন ক্ষেত্রে ধারা বদল ঘটাতে পেরেছেন বলে মনে করেন।

সোহেল রানা: ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে আমি বাংলাদেশে প্রথমবারের মতো মর্ডান অ্যাকশন সিনেমা উপহার দিয়েছি যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটা টার্নির্ং পয়েন্ট। আমি তো অভিনয়ের পুরো ধারাই বদলে দিয়েছিলাম। যার উপর র্নিভর করে দশ বছর চললো। পরবর্তীতে আমার নির্মিত ‘এপার-ওপার’ সিনেমাটি হলো ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম সিনেমা যেখানে নায়ক ও নায়িকা উভয়েই মারা যায়। এভাবে প্রেমের গল্প শুরু হলো। এরপরে যখন একঘেঁয়েমি চলে আসলো তখন উপহার দিলাম ‘লড়াকু’র মতো মার্শাল আর্টের সিনেমা। এই নতুন ধারনার উপর র্নিভর করে আমাদের সিনেমাশিল্প প্রায় ১৫ বছর চললো, যা ছিলো আরেকটি টার্নির্ং পয়েন্ট। আজীবন সম্মাননা পদক কে পেলো? আজ পর্যন্ত কিন্তু আমাকে দেয়া হলো না। যাদেরকে সম্মাননা দেয়া হচ্ছে তাদের কে কোন ক্রাইটেরিয়ায় দেয়া হলো। তারা আমার ফিল্ম ইন্ডাষ্ট্রির কোন জায়গায় প্লাস করলো, আমিতো দুটো প্লাস দেখিয়ে দিলাম।

গ্লিটজ: অভিনয় নিয়ে ব্যস্ততা কেমন এখন?

সোহেল রানা: অভিনয় নিয়ে কোনো ব্যস্ততা নেই। আমি প্রফেশনাল অভিনয় থেকে অবসরে যাচ্ছি। আগামী ২১ শে ফেব্রুয়ারী আমার জন্মদিনে আমি এই ঘোষনা দিতে যাচ্ছি। কিন্তু অবসরে যাওয়া মানে এই নয় আমি অভিনয় করবো না। আমার ছেলে

যদি তার সিনেমায় আমাকে অভিনয়ের কথা বলে আর সেই চরিত্র যদি আমার পছন্দ হয় তাহলে অবশ্যই সেখানে অভিনয় করবো