বাফটা আসরেও সেরা ডিক্যাপ্রিও
এ বছর ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডসের আসরটা নিজের করে নিয়েছে আলেহান্দ্রো গনহালেজ ইনারিতু পরিচালিত সিনেমা 'দ্য রেভনেন্ট'। সেরা নির্মাতা, সিনেমা এবং অভিনেতাসহ সিনেমাটি বাগিয়ে নিয়েছে মোট পাঁচটি বাফটা। এদিকে প্রথমবারের মতো ব্রিটিশ চলচ্চিত্রাঙ্গণের সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি জিতে নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
ইনারিতু সেরা পরিচালকের খেতাব জিতেছেন টানা দ্বিতীয়বারের মতো। এছাড়াও 'দ্য রেভনেন্ট' সেরা হয়েছে চিত্রধারণ এবং শব্দ সংযোজন বিভাগেও।
চারটি বিভাগে বাফটা জিতে ‘দ্য রেভনেন্ট'-এর ঠিক পেছনেই রয়েছে জর্জ মিলার পরিচালিত ডিস্টোপিয়ান থ্রিলার 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড'। মূলত কারিগরি বিভাগগুলোতেই সেরার স্বীকৃতি পেয়েছে সিনেমাটি। চিত্র সম্পাদনা, প্র্রোডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন এবং চুলসজ্জা বিভাগের বাফটাগুলো গিয়েছে 'ম্যাড ম্যাক্স' এর ঝুলিতে।
এদিকে অভিনেত্রীদের মধ্যে সেরার খেতাব জিতে নিয়েছেন 'রুম' সিনেমায় অভিনয় করা ব্রি লার্সন। সেরা অভিনেত্রীর স্বীকৃতির দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ডেইম ম্যাগি স্মিথ, কেট ব্লাঞ্চেট, অ্যালিসিয়া ভিকান্দার এবং সায়োইরস রোনানকে।
পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেতা হিসেবে বাফটা জিতেছেন 'ব্রিজ অফ স্পাইস' এর মার্ক রিল্যান্স। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত কোল্ড ওয়ার ড্রামা 'ব্রিজ অফ স্পাইস' এর ঝুলিতে গেছে এই একটি পুরস্কারই।
'স্টিভ জবস' সিনেমার জন্য পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতে নিয়েছেন কেইট উইন্সলেট। আর সেরা ব্রিটিশ সিনেমার স্বীকৃতি পেয়েছে 'ব্রুকলিন'। প্রয়াত সঙ্গীত তারকা এমি ওয়াইনহাউজকে নিয়ে নির্মিত তথ্যচিত্র 'এমি' সেরা তথ্যচিত্র নির্বাচিত হয়েছে।
