২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে ভাঙলো হৃত্বিক-কাঙ্গানার সম্পর্ক

হাটে হাঁড়িটা নিজেই ভেঙেছেন কাঙ্গানা রানাওয়াত। হৃত্বিক রোশানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন যে সত্যি ছিল তা প্রকাশ করেছেন, সঙ্গে এও বুঝিয়ে দিয়েছেন যে সম্পর্ক চুকে গেছে। সম্প্রতি জানা গেল কেন সুজান খানের সঙ্গে হৃত্বিকের বিচ্ছেদের পরও ভেঙে যায় কাঙ্গানার সঙ্গে সম্পর্ক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 05:40 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

বলিউড লাইফকে এক সূত্র জানিয়েছেন নিজের জীবন ও সম্পর্কের বিষয়ে লুকোছাপা করতে পছন্দ করেন না কাঙ্গানা। তাই গণমাধ্যমের সামনে কাঙ্গানার সঙ্গে সম্পর্কের বিষয়টি বার বার অস্বীকার করা এমনকি এ নিয়ে মশকরা করার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি।

"কাঙ্গানা দুঃখ পেয়েছেন এটা দেখে যে, হৃত্বিক তাকে এক উত্যক্তকারী বানিয়ে ফেলেছেন, যেন তিনি হৃত্বিকের পেছনে ছুটেছেন। কিন্তু বাস্তবতা হলো হৃত্বিকও এই সম্পর্কে সমানভাবে জড়িত ছিলেন এবং তা অস্বীকার করার কোনো উপায় নেই। হৃত্বিক যখন এমনভাবে কথা বলতে শুরু করলো যে, তারা কখনোই কোনো সম্পর্কে জড়াননি, তখনই কাঙ্গানা এমন প্রতিক্রিয়া দেখালেন।"

সূত্রটি আরো জানায়, "কাঙ্গানা সব সময় নিজের জীবনের ব্যাপারে সৎ এবং খোলাখুলি কথা বলেন। তিনি কখনোই গোমর ফাঁস করার ব্যাপারে পিছপা হবেন না।"

কদিন আগে শোনা যায়, 'আশিকি থ্রি' সিনেমায় একসঙ্গে অভিনয় করার কথা ছিল হৃত্বিক-কাঙ্গানার। পরবর্তীতে কাঙ্গানাকে সরিয়ে সে জায়গায় নেয়া হয় সোনাম কাপুরকে। শোনা যায় কাঙ্গানার সঙ্গে অভিনয়ে স্বস্তি বোধ করবেন না, এমন কারণ দেখিয়ে সোনামকে নেয়ার জন্য নির্মাতাদের অনুরোধ করেন হৃত্বিক।

এদিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সম্প্রতি কাঙ্গানা জবাব দেন, "বাতাসে অনেক ফালতু কথাই ঘুরে বেড়াচ্ছে। এমনকি একজন নির্বোধও বলতে পারবে এই গুজবগুলো কোত্থেকে ছড়াচ্ছে। আমি জানি না কেন প্রাক্তনরা মনোযোগ পাওয়ার জন্য এমন বোকার মতো কাজ করে বেড়ায়। আমার জন্য সে অধ্যায় সমাপ্ত এবং আমি পুরোনো বিষয় ঘাটতে পছন্দ করি না।"

কাঙ্গানার এমন মন্তব্যরে পরই হৃত্বিক টুইটারে লেখেন, "গণমাধ্যম যেসব নারীর (আমি নিশ্চিত তারা দারুণ) সঙ্গে আমার নাম জুড়ছে তাদের চেয়ে পোপের সঙ্গে আমার প্রেম করার বেশি সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আমার এসবের দরকার নেই।"

গত বছরের শুরুতেই হৃত্বিক-সুজানার ১৪ বছরে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়। সে সময় গুঞ্জন উঠেছিল যে কাঙ্গানার সঙ্গে সম্পর্ক তাদের বিচ্ছেদের একটি প্রধান কারণ। কিন্তু এ বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন হৃত্বিক।

পুরনো খবর:

কাঙ্গানার সঙ্গে প্রেম ছিল হৃত্বিকের?