২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নিষিদ্ধ 'ক্যায়া কুল হ্যায় হাম থ্রি'

ভারতীয় দর্শক মহলেই তেমন একটা গ্রহণযোগ্যতা পায়নি যৌন সুড়সুড়িতে পরিপূর্ণ সিনেমা 'ক্যায়া কুল হ্যায় হাম থ্রি' । বলিউডের প্রথম পর্ন কমেডি হিসেবে দাবী করা এই সিনেমা পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পাওয়ার বিষয়টিই ছিল বিস্ময়। কাজেই যা ঘটার তা ঘটেছে। পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 05:56 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

ভারত ও পাকিস্তানে একই দিনে মুক্তি পায় তুষার কাপুর এবং আফতাব শিভদাসানি অভিনীত 'ক্যায়া কুল হ্যায় হাম থ্রি'। পাকিস্তানের সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটিকে ছাড়পত্র দেয়ায় দুদিন প্রদর্শিত হয় প্রেক্ষাগৃহে। কিন্তু শেষমেষ সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে খুব দ্রুতই।

সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন অফ পাকিস্তানের (সিবিএফসি) প্রধান মুবাশ্বির হাসান বলেন, "সিনেমাটি নগ্নতা, কুরুচিপূর্ণ দৃশ্য এবং সংলাপে পরিপূর্ণ। বোর্ড জনসম্মুক্ষে সিনেমাটি প্রদর্শন নিষিদ্ধ করেছে"।

সেই সঙ্গে সিনেমাটি পাকিস্তানে বিপনণের সঙ্গে যারা জড়িত, তাদেরও শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান সিবিএফসি প্রধান।

ভারতের বক্স-অফিসে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই সিনেমাটি। রবিবার পর্যন্ত সিনেমাটির আয় ছিল মাত্র ১৩ কোটি ৫০ লাখ রুপি।