অস্কারের আগে বক্স-অফিসে 'দ্য রেভনেন্ট'-এর দাপট
মুক্তির তৃতীয় সপ্তাহে এসে অবশেষে বক্স-অফিস শীর্ষ স্থানটি দখল করতে পেরেছে লিওনার্দো ডি ক্যাপ্রিওর সিনেমা 'দ্য রেভনেন্ট'। মনে হচ্ছে অস্কারে ১২ বিভাগে মনোনয়ন পাওয়ার বিষয়টি ভালোই প্রভাব ফেলছে সিনেমাটির আয়ে।
৩,৭১১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি তৃতীয় সপ্তাহে আয় করেছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর ফলে মার্কিন বক্স-অফিসে সিনেমাটির মোট আয় এখন ১১ কোটি ৯২ লাখ মার্কিন ডলার।
অন্য কোনো সিনেমা নয়, 'দ্য রেভনেন্ট' এর জয়রথটা থেমে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্থানে প্রবল তুষারপাতের কারণে। নিউ ইয়র্ক সিটিসহ নর্থ ক্যারোলাইনার তিন থেকে চারশ প্রেক্ষাগৃহ স্থবির হয়ে পড়ে দু ফুট তুষারে ঢাকা পড়ে।
নির্মাতাদের ধারণা, সিনেমাটির আয়ের প্রায় ১২ শতাংশ কমে গিয়েছে এই তুষার ঝড়ের কারণে। এখনও ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর এবং ফিলাডেলফিয়ার প্রেক্ষাগৃহগুলো বন্ধ রাখা হয়েছে নিউ ইয়র্কের প্রেক্ষাগৃহগুলো কবে চালু হবে তা এখনও নিশ্চিত নয়।
শুধু 'দ্য রেভনেন্ট' ই নয়, জানুয়ারিতে মুক্তি পেয়েছে বাঘা বাঘা বেশ কিছু সিনেমা। যার মধ্যে রয়েছে 'রঞ্চি', ডার্ক কমেডি ঘরানার 'ডার্টি গ্র্যান্ডপা', 'রাইড অ্যালং টু', ভৌতিক সিনেমা 'দ্য বয়'।
শ্বাপদসংকুল একটি বনে মৃতপ্রায় অবস্থায় বেঁচে থাকার চেষ্টারত এক শিকারির গল্প নিয়ে এগিয়েছে 'দ্য রেভনেন্ট' এর কাহিনি। ধারণা করা হচ্ছে, এই সিনেমাটির কল্যানে এবার অস্কার ঘরে তুলতে যাচ্ছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। এরই মধ্যে গোল্ডেন গ্লোব জিতে নিয়েছেন অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ।
টানা দু মাস বক্স-অফিসে শীর্ষে থাকা 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওইকেন্স' দ্বিতীয় স্থানে রয়েছে। 'রাইড অ্যালং টু' ১ কোটি ২৯ লাখ মার্কিন ডলার আয় নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। জ্যাক এফ্রন এবং রবার্ট ডি নিরো অভিনীত ডার্ক কমেডি 'ডার্টি গ্র্যান্ডপা' উঠে এসেছে চতুর্থ স্থানে, চলতি সপ্তাহে আয় করেছে ১ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। আর ১ কোটি ১২ লাখ মার্কিন ডলার নিয়ে 'দ্য বয়' আছে পঞ্চম স্থানে।
