ঢাকায় আসছেন মোনালি
হিন্দি ও বাংলা গানের জনপ্রিয় শিল্পী মোনালি ঠাকুর ঢাকায় আসছেন। ১৮ মার্চ একটি কনসার্টে যোগ দেবেন তিনি। কনসার্টটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা আবাসিক এলাকার উন্মুক্ত মাঠে।
কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজক ইন্টিগ্রিটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইবনে বাকার, মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান ও ইন্দালো ব্যান্ডের কর্ণধার জন কবির উপস্থিত ছিলেন।
জোবায়ের ইবনে বাকার জানান, কনসার্টের একদিন আগে ১৭ মার্চ ঢাকার মাটিতে পা রাখবেন মোনালি। অনুষ্ঠানে মোনালির সঙ্গে গাইবেন রাফা ও ইন্দালো ব্যান্ড।
পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন। পশ্চিমবঙ্গের বাংলা ছবিতে গাওয়ার পর বলিউডি সিনেমায় প্লেব্যাক করার সুযোগ পান।
তার গাওয়া ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাই’ (আইয়া), ‘তুনে মারি এন্ট্রি' (গুন্ডে) গানগুলো বেশ জনপ্রিয়। ‘লুটেরা' সিনেমার ‘সাওয়ার লু' গানটির জন্য ২০১৩ সালে সেরা গায়িকার ফিল্মফেয়ার হাতে তোলেন। গত বছর ‘দাম লাগাকে হাইশা' সিনেমার জন্য তার গাওয়া ‘মোহ মোহ কি ধাগে' গানটি প্রশংসিত হয়।
ছবি: মোনালির ফেইসবুক অ্যাকাউন্ট থেকে
