'বিগ বস' বিজয়ী প্রিন্স নারুলা
শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসলেন প্রিন্স নারুলা। 'বিগ বস' এর নবম সিজনের চূড়ান্ত পর্বে এসে বিজয়ীর মুকুটটি ছিনিয়ে নিলেন এই রিয়ালিটি টিভি তারকা।
চূড়ান্ত পর্ব পর্যন্ত টিকে ছিলেন টিভি অভিনেতা রিশাভ সিনহা, ইরানী অভিনেত্রী ও মডেল মান্দানা কারিমি এবং মডেল রোশেল রাও। তবে শুরুতেই দর্শকের ভোটের ভিত্তিতে বাদ পড়ে যান রোশেল। পর্যায়ক্রমে দ্বিতীয় এবং প্রথম রানার আপ হিসেবে ঘোষণা করা হয় মান্দানা এবং রিশাভের নাম।
৩৫ লাখেরও বেশি ভোট নিয়ে সেরা নির্বাচিত হন প্রিন্স। তারই ঠিক পেছনে থাকা রিশাভ এবং মান্দানা বাগিয়েছেন যথাক্রমে ৩৪ লাখ এবং ৩২ লাখ ভোট।
২৫ বছর বয়সী প্রিন্স আলোচনায় আসেন এমটিভির জনপ্রিয় রিয়ালিটি শো ‘এমটিভি রোডিস'-এ অংশ নিয়ে। ২০১৫ সালের শুরুতে ‘রোডিস'-এর দ্বাদশ সিজনে অংশ নিয়ে বিজয়ী হন তিনি। এরপর তিনি অংশ নেন এমটিভির আরেক রিয়ালিটি শো 'স্প্লিটসভিলা'য় এবং সেবারও হাসেন বিজয়ীর হাসি। ‘বিগ বস'-এও বিজয়ী হওয়ার পর নিঃসন্দেহে তাকে রিয়ালিটি টিভির রাজকুমারের খেতাব দেয়াই যায়।
