শেষ হচ্ছে ‘কুবুল হ্যায়’
ভারতীয় মুসলমানদের জীবনযাত্রা তুলে ধরা জিটিভির ‘কুবুল হ্যায়’ টিভি সিরিজটি রাতারাতিই পেয়েছিল জনপ্রিয়তা। ২০১২ সালে শুরু হবার চার বছর পর এ বছরের জানুয়ারিতে এসে সমাপ্তি ঘটতে চলেছে এই টিভি সিরিয়ালটির।
সিরিজটির কাহিনি এখন আবর্তিত হচ্ছিল জমজ বোন যোয়া ও সানামের সঙ্গে আসাদ ও আহিলের সম্পর্ক নিয়ে । ভারতীয় মুসলমানদের ধর্মীয় এবং সাংস্কৃতিকি দৃষ্টিভঙ্গি কালের পরিক্রমায় যেভাবে বিবর্তিত হয়েছে, তারই একটি বিস্তৃত চিত্রপট পর্দায় নিয়ে এসেছে ‘কুবুল হ্যায়’।
শুধু মুসলমানদের সামাজিক মূল্যবোধেই সীমাবদ্ধ থাকেনি ‘কুবুল হ্যায়’র গল্প। দর্শক টানতে ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টিও তুলে ধরা হয়েছে সিরিজটিতে।
বিভিন্ন সময়ে ছোট পর্দার অনেক জনপ্রিয় তারকাদের আবির্ভাব ঘটেছে এই সিরিজটিতে, যাদের মধ্যে রয়েছেন কারান সিং গ্রোভার, ভিকরান্ত মাসায়, কারানভির ভোহরা এবং রাজবির সিং। তবে নারীকেন্দ্রিক সিরিয়ালটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী সুরভি জ্যোতি সব সময়ই ছিলেন আকর্ষণের কেন্দ্রে।
‘কুবুল হ্যায়’ দিয়েই ছোট পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী সিরিজটির বিদায়বেলায় এসে জানালেন, দর্শকরা তাকে এই টিভি সিরিজটির জন্যই বিশেষভাবে স্মরণ করবেন। নিজের অভিনয়ের পারদর্শিতা তিনি দেখিয়েছেন আলাদা পাঁচটি চরিত্রে অভিনয় করে।
দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সিরিজটির জন্য প্রতি ঘরেই আমার নামটি এখন পৌঁছে গেছে। এরকম অকুণ্ঠ ভালোবাসা দেখানোর জন্য আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ।"
২৫ জানুয়ারি থেকে জি টিভিতে 'কুবুল হ্যায়'র জায়গায় প্রচারিত হবে নতুন ড্রামা সিরিয়াল 'মেরি সাসু মা'।
